এমবাপ্পের জন্য চূড়ান্ত প্রস্তাব দিয়ে দিল রিয়াল
এবারের দলবদলকে ইতিহাসের শ্রেষ্ঠতম দলবদল বললেও ভুল কিছু বলা হবে না। কে ভেবেছিল, লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে অন্য কোথাও পাড়ি জমাবেন! কিংবা সের্হিও রামোস ছাড়বেন রিয়াল!
এই দলবদলের কল্যাণে সেটাও দেখা হয়ে গেছে। মেসি পিএসজিতে গিয়েছেন, সতীর্থ হিসেবে পেয়েছেন রামোসকে। ওদিকে ক্রিস্টিয়ানো রোনালদো, হ্যারি কেইন, রবার্ট লেভানডফস্কি—প্রত্যেকেই আকারে-ইঙ্গিতে জানিয়েছেন, ক্লাব ছাড়বেন তাঁরাও। রোমেলু লুকাকু, জেডন সানচো, জ্যাক গ্রিলিশ—বিশাল অঙ্কের বিনিময়ে ক্লাব বদলেছেন তাঁরা।
পিএসজিতে যাওয়ার পর যে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে মেসি-রামোসের খেলার কথা, সেই এমবাপ্পে এবার পিএসজি ছেড়ে রিয়ালে যাওয়ার জন্য রীতিমতো ব্যাকুল হয়ে গেছেন। রিয়ালও দলবদলের শেষ দিকে এসে এমবাপ্পের জন্য একের পর এক আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাচ্ছে পিএসজির কাছে।
দুই দিন আগে ১৬ কোটি ইউরোর প্রস্তাব পাঠিয়ে ব্যর্থ হয়েছে রিয়াল। কিন্তু এমবাপ্পেকে নিয়ে নতুন ‘গ্যালাকটিকো’ বানানোর স্বপ্নে বুঁদ রিয়াল পিছু হটবে কেন? এই ফরাসি স্ট্রাইকারের জন্য দ্বিতীয় প্রস্তাব পাঠিয়েছে রিয়াল।
বলা হচ্ছে, এমবাপ্পের জন্য এটাই চূড়ান্ত প্রস্তাব। আগের প্রস্তাবের চেয়ে দুই কোটি ইউরো আরও বেশি দিতে রাজি হয়েছ রিয়াল, অর্থাৎ ১৮ কোটি ইউরো। এর ১৭ কোটি পিএসজিকে সরাসরি দেওয়া হবে, বাকি ১ কোটি বিভিন্ন শর্ত সাপেক্ষে পরিশোধ করবে লস ব্লাঙ্কোসরা। ওদিকে এমবাপ্পেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই গ্রীষ্মে হোক বা সামনের গ্রীষ্মে, ক্লাব বদলালে রিয়ালেই যাবেন। আর অন্য কোথাও নয়।
রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপ্পেকে কেনার জন্য যখন প্রথম প্রস্তাব পাঠাল, সে প্রস্তাবকে ‘অনৈতিক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে পিএসজি প্রত্যাখ্যান করলেও বিভিন্ন ফরাসি সংবাদমাধ্যমে বক্তব্য দিয়ে দলটার ক্রীড়া পরিচালক ঠারেঠোরে জানিয়ে দিয়েছিলেন, দরটা একটু বাড়িয়ে দিলেই তাদের বিক্রি করতে আপত্তি নেই। কারণ, এমবাপ্পে নিজেই থাকতে চাইছেন না পিএসজিতে। অসুখী খেলোয়াড় যত ভালোই হোক না কেন, কে রাখতে চায়
এমবাপ্পেকে পেতে হলে দরটা যে আরেকটু বাড়াতে হবে, ইঙ্গিতটা রিয়ালও বুঝেছিল। চুক্তিতে আর মাত্র এক বছর বাকি থাকা খেলোয়াড়ের জন্য তাই ১৮ কোটি ইউরো খরচ করতেও সমস্যা হচ্ছে না তাঁদের।
এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, এমবাপ্পের জন্য ১৮ কোটি ইউরোর প্রস্তাবে পিএসজি তো রাজি হবেই; বরং আজ শুক্রবারের মধ্যেই এমবাপ্পেকে রিয়ালের জার্সি গায়ে পোজ দিতে দেখা যেতে পারে!