এমবাপ্পের জন্য ১২২৫ কোটি টাকা!
মাত্রই ‘দুয়োদেসিমা’ জিতেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবের ১২তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এই মৌসুমে জিতেছে স্প্যানিশ লিগও। কিন্তু জিনেদিন জিদান এতটুকুতেই সন্তুষ্ট নন। এই দলটাই তর্ক সাপেক্ষে বিশ্বের সেরা, কিন্তু এখানেও আরও উন্নতির জায়গা দেখছেন রিয়ালের ফরাসি কোচ। কিলিয়ান এমবাপ্পেকে তাঁর চাই-ই চাই। মোনাকোর ১৮ বছর বয়সী ফ্রেঞ্চ স্ট্রাইকারের জন্য ১৩৫ মিলিয়ন ইউরো, বা বাংলাদেশি মুদ্রায় ১২২৫ কোটি টাকা খরচ করতেও তাঁর আপত্তি নেই!
ইউরোপে এ মুহূর্তে সবচেয়ে প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলার এমবাপ্পে। গত মৌসুমে মোনাকোকে ফ্রেঞ্চ লিগ জেতানোর পথে করেছেন ১৫ গোল, চ্যাম্পিয়নস লিগেও দলকে নিয়ে গেছেন সেমিফাইনালে। তাঁকে নিয়ে কাড়াকাড়ি তো হবেই। আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস...এমবাপ্পের জন্য আগ্রহী ক্লাবের তালিকাটা লম্বাই!
এমবাপ্পেকে পেতে এর আগে মোনাকোকে ১০০ মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছিল রিয়াল, মোনাকো রাজি হয়নি। দ্বিতীয় দফায় অঙ্কটা আরও ১৫ মিলিয়ন বাড়িয়েও গলানো যায়নি মোনাকোর কর্তাদের মন। স্প্যানিশ পত্রিকা এএস বলছে, এবার ১৩৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেবে রিয়াল। এই ট্রান্সফার ফিতে রিয়ালে গেলে ফ্রান্সেরই পল পগবাকে (১০৫ মিলিয়ন ইউরো) টপকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হবেন এমবাপ্পে।
অথচ মাত্র এক মৌসুম আগেই পেশাদার ফুটবলে পথচলা শুরু হয়েছে এমবাপ্পের। এএস।