এমবাপ্পের জন্য ১৬ কোটি ইউরোর প্রস্তাব পাঠাল রিয়াল

পিএসজির প্রকল্পে আর আস্থা পাচ্ছেন না এমবাপ্পে।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসির বার্সেলোনা থেকে পিএসজি যাওয়ার পরপরই এবারের দলবদলের উত্তেজনা শেষ হয়ে গেছে বলে যদি মনে করেন - ভুল!


দৃশ্যপটে এসে গেছেন কিলিয়ান এমবাপ্পে। এতদিন ‘পিএসজি ছাড়ছি, ছাড়ব’ করে মিডিয়ায় একের পর এক খবরের জন্ম দেওয়া কিলিয়ান এমবাপ্পে এবার সত্যি সত্যিই পিএসজি ছেড়ে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যাওয়ার সুযোগ পেয়ে গেছেন।

ফরাসি সংবাদমাধ্যম টিএফওয়ানের নির্ভরযোগ্য সাংবাদিক ইউলিয়ান মেইনার্দ জানিয়েছেন, এমবাপ্পের জন্য পিএসজির কাছে ১৬ কোটি ইউরোর এক আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে রিয়াল মাদ্রিদ। একই খবর দিয়েছে স্পেনের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম মার্কা এবং দলবদল বিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফাব্রিজিও রোমানো-ও।

রোমানো আরও জানিয়েছেন, কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যাওয়ার জন্য মুখিয়ে আছেন। অন্য কোনো ক্লাবে যাওয়ার কথা মাথাতেই আনছেন না। আগের দিন এক অজানা ইংলিশ ক্লাব এমবাপ্পের প্রতি আগ্রহী, এমনটা শোনা গেলেও, রোমানো জানিয়েছেন, কোনো ইংলিশ ক্লাবই আনুষ্ঠানিকভাবে এমবাপ্পের জন্য কোনো প্রস্তাব পাঠায়নি। এমবাপ্পে রিয়ালে যোগ দেওয়ার মাধ্যমে নিজের শৈশবের স্বপ্ন পূরণ করতে চান। রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যক্তিগত বেতনাদি নিয়েও ঐক্যমত্যে পৌঁছেছেন এমবাপ্পে, এমনটাই জানিয়েছে আরেক সংবাদমাধ্যম লা পারিসিয়েন।

পিএসজির জার্সিতে আর দেখা যাবে এমবাপ্পেকে?
ছবি : রয়টার্স

যদিও রিয়ালের সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে পিএসজি বলে জানিয়েছে আরেক ফরাসি সংবাদমাধ্যম লেকিপ। এমবাপ্পেকে রিয়ালে পাঠানোর ব্যাপারটা যে শুধুই টাকার খেলা নয়, এ যে বড় ক্লাবগুলোর মধ্যকার অনেক বড় মনস্তাত্ত্বিক লড়াইও! পিএসজি সেই লড়াইয়ের প্রথম অঙ্কে এভাবে সরাসরি হেরে বসবেই বা কেন?

ব্যাপারটা রিয়ালও বোঝে। বোঝে দেখেই দলবদলের বাকি এক সপ্তাহে এমবাপ্পের জন্য পিএসজির কাছে আরও বড় অঙ্কের প্রস্তাব পাঠাবে বলে জানিয়েছে নির্ভরযোগ্য ফরাসি সংবাদমাধ্যমগুলো। ওদিকে মার্কার সাংবাদিক হোসে ফেলিক্স দিয়াজ নিশ্চিত, শেষমেশ রিয়ালের কাছে পিএসজিকে হার মানতেই হবে, বিক্রি করে দিতে হবে এমবাপ্পেকে। এএসের সাংবাদিক আন্দি ওরুবিও জানিয়েছেন, এমবাপ্পের জন্য ২০ কোটি ইউরোর কাছাকাছি খরচ করতেও সমস্যা হবে না রিয়ালের।

লেকিপের মতামতও তেমনই। আগামী এক সপ্তাহের মধ্যে রিয়ালের কাছ থেকে ২০ কোটি ইউরোর প্রস্তাব পেলেই এমবাপ্পেকে ছেড়ে দেবে পিএসজি, এমনটাই জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ। আগামী এক সপ্তাহে এই কাহিনির আরও অনেক অঙ্ক যে প্রকাশিত হবে, সেটা না বলে দিলেও চলছে!