এমবাপ্পের জায়গায় মেসি-নেইমারের সতীর্থ কে হবেন?

পিএসজির অনুশীলনে মেসির সঙ্গে এমবাপ্পেছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিএসজি সমর্থকদের বড় আশা ছিল, মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ীকে দেখবেন নিজেদের আক্রমণভাগে। কিন্তু সেটা আর হলো কোথায়?


মেসির পিএসজিতে আসার পরে হয়তো এমবাপ্পের মনে হয়েছে, নেইমার-মেসির আলোকচ্ছটার পাশে বড্ড ম্লান লাগবে তাঁকে। যে কারণে রিয়াল মাদ্রিদে যাওয়ার জন্য অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি তড়িঘড়ি করা শুরু করে দিয়েছেন এমবাপ্পে। রিয়ালও বুঝেছে, গত কয়েক বছর ধরে যে খেলোয়াড়টিকে চোখে চোখে রাখা হয়েছে, তাঁকে দলে আনার এটাই উপযুক্ত সময়। এর মধ্যেই পিএসজির কাছে এমবাপ্পের জন্য ১৮ কোটি ইউরোর একটা প্রস্তাব পাঠিয়েছে রিয়াল। মনে করা হচ্ছে, দলবদলের বাকি কয়েক দিনের মধ্যেই এই নাটকের পরিসমাপ্তি ঘটবে।

এভারটনের এই স্ট্রাইকারের দিকে হাত বাড়াতে পারে পিএসজি
ছবি: রয়টার্স

কিন্তু এক নাটক শেষ হলে আরেক নাটকও যে শুরু হবে! দলবদলের মজাটা এখানেই। একজন ক্লাব ছাড়লে তাঁর বিকল্প হিসেবে আরেকজনকে আনা হয়। পিএসজি-এমবাপ্পের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। এমবাপ্পের মতো একজন পিএসজি ছাড়লে তাঁর বিকল্প হিসেবে অবশ্যই আরেকজনের দিকে হাত বাড়াবে ফরাসি ক্লাবটা। কিন্তু এই বিকল্প হিসেবে কাকে দলে আনবে তারা? দেখে নেওয়া যাক সম্ভাব্য কিছু নাম—

রিচার্লিসন (ফরোয়ার্ড, এভারটন, ব্রাজিল)
যেদিন এমবাপ্পের জন্য রিয়াল প্রথম প্রস্তাব পাঠাল, সেদিনই এই ফরাসি স্ট্রাইকারের সম্ভাব্য বিকল্প হিসেবে সবার আগে শোনা গিয়েছিল এভারটনের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নাম। আরএমসি স্পোর্ত জানিয়েছে, এমবাপ্পেকে যে ক্লাব ছাড়বে, এর মধ্যেই সে প্রস্তুতি নেওয়া শুরু করেছে পিএসজি। নেইমার বলে এমবাপ্পের বিকল্প হিসেবে স্বদেশি রিচার্লিসনকে কেনার কথা বলেছেন পিএসজিকে, এটাই জানিয়েছে আরএমসি স্পোর্ত। রিচার্লিসন এখন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটনে খেলেন। ব্রাজিল একাদশের অন্যতম মুখ এই রিচার্লিসন। ইএসপিএন ব্রাজিলও জানিয়েছে, রিচার্লিসনকে দলে নেওয়ার ব্যাপারে এর মধ্যেই তাঁর এজেন্ট গিলিয়ানো বেরতালুচ্চির সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে পিএসজি। একই কথা জানিয়েছেন স্কাই স্পোর্টসের নির্ভরযোগ্য সাংবাদিক ম্যাক্স বিলেফিল্ডও।

বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কি।
ছবি: টুইটার

রবার্ট লেভানডফস্কি (স্ট্রাইকার, বায়ার্ন মিউনিখ, পোল্যান্ড)
লেভানডফস্কির কপাল খারাপ, না হয় কয়েক দিন আগে যে খবর দিয়েছিলেন, তাতে এই দলবদলের সময়টায় তাঁকে নিয়েই মেতে থাকার কথা ছিল সবার। কিন্তু যে দলবদলের বাজারে মেসি, রোনালদো, এমবাপ্পে, কেইন, রামোস, দোন্নারুম্মা, গ্রিলিশ, সানচো, লুকাকু সবাই দল ছাড়তে চাইছেন বা ছেড়েছেন, সেখানে লেভানডফস্কি কী বললেন না বললেন, তার ওপর মানুষের আগ্রহ কতটুকুই–বা থাকে? কয়েক দিন আগেই এই পোলিশ তারকা জানিয়েছিলেন, বায়ার্ন ছাড়তে চান। অন্য লিগে খেলার স্বাদ উপভোগ করতে চান। বায়ার্ন সাফ জানিয়ে দিয়েছিল, অন্তত এই মৌসুমে লেফানডফস্কিকে ছাড়ার কোনো ইচ্ছাই নেই তাদের। কিন্তু যেখানে এমবাপ্পে পিএসজি ছেড়ে চলে যাচ্ছেন, সেখানে ক্লাব ছাড়তে চাওয়া লেভার দিকে ফরাসি ক্লাবটা যে হাত বাড়াবে না, তার গ্যারান্টি কোথায়?

আরএমসি স্পোর্ত সম্প্রতি জানিয়েছে, লেভানডফস্কির এজেন্ট পিনি জাহাভির সঙ্গে এর মধ্যেই কথাবার্তা শুরু করে দিয়েছে পিএসজি। এর মধ্যে জাহাভি প্যারিসে গিয়ে পিএসজির কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলে এসেছেন বলে খবর এসেছে। কিন্তু জার্মান দৈনিক বিল্ড জানিয়েছে, জাহাভির প্যারিস-যাত্রার কারণ লেভানডফস্কি নন, বরং নেইমার। নেইমারেরও এজেন্ট এই ইসরায়েলি। নেইমারের চুক্তির টাকাপয়সা নিয়ে আলাপ-আলোচনা করার জন্য জাহাভি পিএসজির কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন এমনটা বলা হলেও, গুঞ্জন কি আর তাতে থেমে থাকে!

কিংসলে কোমান।
ছবি: এএফপি

কিংসলে কোমান (উইঙ্গার, বায়ার্ন মিউনিখ, ফ্রান্স)
আরএমসি স্পোর্ত জানিয়েছে, শুধু লেভানডফস্কিই নয়, বায়ার্নের আরেক ফরোয়ার্ডের দিকেও চোখ পড়েছে পিএসজির। তিনি ফরাসি উইঙ্গার কিংসলে কোমান। মজার ব্যাপার, এই কোমান পিএসজিতে সুযোগ না পেয়েই যোগ দিয়েছিলেন বায়ার্নে।

ক্রিস্টিয়ানো রোনালদো (ফরোয়ার্ড, জুভেন্টাস, পর্তুগাল)
এক দলে মেসি-রোনালদো! এ যেন স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার!


একই সময়ে এমবাপ্পের পিএসজি ও রোনালদোর জুভেন্টাস ছাড়ার ইচ্ছার কারণে এই সম্ভাবনা হয়তো সত্যি হতেও পারে। রোনালদো জুভেন্টাস ছাড়তে চান, এ নতুন কথা নয়। রোনালদো নিজেই যে দুই ক্লাবে যাওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন, তার মধ্যে পিএসজি একটা। দুদিন আগে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির এক আত্মীয় খলিফা বিন হামাদ আল থানির এক টুইটার পোস্ট বেশ আলোড়ন তুলেছে। সেখানে পিএসজির জার্সিতে মেসির পাশে দেখা গেছে রোনালদোকে। এ নিয়ে শুরু হয়েছে তোলপাড়। এবারের দলবদলের মেসির পিএসজিতে আসার পেছনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই হামাদ আল থানি। এই পোস্ট দেখে অনেকে বলছেন, হয়তো মেসির পাশাপাশি এবারই রোনালদোকেও দলে টানবে পিএসজি।

ক্রিস্টিয়ানো রোনালদো
ছবি: রয়টার্স

কিন্তু এমবাপ্পে চলে গেলেও রোনালদোর দিকে পিএসজি হাত বাড়াবে না বলে জানিয়েছিলেন দলবদলবিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক জিয়ানলুকা দি মারজিও। গতকাল চ্যাম্পিয়নস লিগের ড্রয়ে হাজির ছিলেন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি। তিনিও একই কথা জানিয়েছেন সংবাদমাধ্যমগুলোকে, ‘রোনালদো? তাঁর সঙ্গে আমাদের কোনো কথাবার্তা চলছে না।’

মোহাম্মদ সালাহ
ছবি: এএফপি

মোহাম্মদ সালাহ (ফরোয়ার্ড, লিভারপুল, মিসর)
একে একে আলিসন বেকার, ফাবিনিও, ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আরনল্ড, ভার্জিল ফন ডাইক ও অ্যান্ডি রবার্টসনের চুক্তি নবায়ন করা হলেও মোহাম্মদ সালাহর চুক্তি নবায়ন নিয়ে আপাতদৃষ্টে লিভারপুলের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। লিভারপুলের সঙ্গে সালাহর বর্তমান চুক্তি শেষ হবে ২০২৩ সালে। সালাহর এজেন্ট রামি আব্বাস ঈসা এর মধ্যেই প্রকাশ্যে-অপ্রকাশ্যে চুক্তি নবায়নের জন্য লিভারপুলকে চাপ দিচ্ছেন। আর এই সুযোগটাই নিতে পারে পিএসজি। এমবাপ্পে, সালাহ—দুজনই রাইট উইংয়ে খেলেন, এমবাপ্পের আদর্শ বিকল্প হতে পারেন ২৯ বছর বয়সী এই মিসরীয় ফরোয়ার্ড।

আর্লিং হরলান্ড
ছবি : রয়টার্স

আর্লিং হরলান্ড (স্ট্রাইকার, বরুসিয়া ডর্টমুন্ড, নরওয়ে)

তরুণ ফরোয়ার্ডদের মধ্যে এমবাপ্পের পাশাপাশি যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়, তিনি বরুসিয়া ডর্টমুন্ডের নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং ব্রট হরলান্ড। এমবাপ্পে চলে গেলে স্বাভাবিকভাবেই তাঁর বিকল্প হিসেবে মিডিয়ায় হরলান্ডের নাম এটাই স্বাভাবিক। হয়েছেও তাই। ফরাসি সংবাদ মাধ্যম লেকিপ জানিয়েছে, নতুন স্ট্রাইকার হিসেবে ডর্টমুন্ডের এই স্ট্রাইকারের দিকে হাত বাড়াতে পারে পিএসজি।