এমবাপ্পের তখন জন্মই হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়ানলুইজি বুফন,কিলিয়ান এমবাপ্পে
জিয়ানলুইজি বুফন,কিলিয়ান এমবাপ্পে

জিয়ানলুইজি বুফন যখন ইতালির হয়ে ১৯৯৮ বিশ্বকাপ খেলছেন, তারও মাস ছয়েক পরে কিলিয়ান এমবাপ্পের জন্ম। অথচ জুভেন্টাস গোলরক্ষকের নামের পাশে এখন উচ্চারিত হচ্ছে মোনাকোর এই স্ট্রাইকারের নাম। শুধু জুভেন্টাস বা ইতালির নয়, ফুটবল ইতিহাসেরই সেরা গোলরক্ষকদের একজন বুফন। আর এমবাপ্পের ক্যারিয়ারই বছর দুয়েকের। তবে বুফন যদি জুভেন্টাসের রক্ষণদুর্গের শেষ দেয়াল হন, এমবাপ্পে মোনাকোর আক্রমণভাগের সবচেয়ে ধারালো অস্ত্র। এই অস্ত্রেই আজ জুভেন্টাসের দেয়াল ভাঙতে চাইবে মোনাকো।
দুজন মুখোমুখি হয়েছেন প্রথম লেগেই। ওই ম্যাচে বুফনকে হারাতে পারেননি এমবাপ্পে। আসলে এবারের চ্যাম্পিয়নস লিগে বুফনকে ফাঁকি দিয়ে জুভেন্টাসের জালে বল গেছে মাত্র দুবার। অন্যদিকে মোনাকোর হয়ে সব ধরনের টুর্নামেন্টে সর্বশেষ ২০ ম্যাচে ১৮ গোল করেছেন এমবাপ্পে। তবে এই পারফরম্যান্সের মিলটুকু বাদ দিলে দুজনের ক্যারিয়ারে আকাশ-পাতাল ব্যবধান। বুফন এটাই তুলে ধরেছেন তাঁর কথায়, ‘ওর যখন জন্ম, তারও কিছুদিন আগে আমি ফ্রান্সে বিশ্বকাপ খেলেছি। ক্যারিয়ার অনেক দিন হয়ে যাওয়ার পর যেসব ছেলেপেলের জন্ম, তাদের মুখোমুখি হতে ভালো লাগে। প্রায় তিনটি প্রজন্মের খেলোয়াড়দের সঙ্গে খেলার অভিজ্ঞতা হয়েছে আমার। আমি যখন খেলা শুরু করি, তখনো পঞ্চাশ ও ষাটের দশকের খেলোয়াড়েরা খেলছিলেন। ক্যারিয়ারের শেষটা হচ্ছে ২০০০ সালে জন্ম নেওয়া খেলোয়াড়দের সঙ্গে খেলে। ভাবতে ভালো লাগে, আমি ভবিষ্যতের মেসি-রোনালদোদের সঙ্গে খেলছি। কারণ ১০ বছর পর এরাই মহাতারকা হবে।’
দীর্ঘ ক্যারিয়ারে দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন, ক্লাবের হয়ে লিগ, কাপ সবই। শুধু চ্যাম্পিয়নস লিগটাই এখনো বুফনের জন্য আক্ষেপ। জুভেন্টাসের জার্সিতেই আগে দুবার ফাইনাল খেলে হেরেছেন। মিলানের কাছে হেরেছেন ২০০২-০৩ মৌসুমে, বার্সেলোনার কাছে ২০১৪-১৫ মৌসুমে। এবার আরেকটি ফাইনালের খুব কাছে জুভেন্টাস। ক্যারিয়ারের সবচেয়ে বড় আক্ষেপটা ঘোচানোরই স্বপ্ন দেখছেন বুফন, ‘এটা (চ্যাম্পিয়নস লিগের ট্রফি) হবে আমার জন্য বিশাল প্রাপ্তি। ২০০৬ বিশ্বকাপের পাশাপাশি এটা আমার ক্যারিয়ারের মধুরতম সময় হবে। আমি সব সময় এটা জিততে চেয়েছি। দেখা যাক, স্বপ্নটা সত্যি হয় কি না!’ উয়েফা।