এমবাপ্পের দাম ১২০ মিলিয়ন ইউরো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিলিয়ান এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পে

ব্যাপারটা এখন এমন দাঁড়িয়েছে, মোনাকো শুধু বলবে কিলিয়ান এমবাপ্পের জন্য কত দিতে হবে, সেটাই সই। আগ্রহী ক্লাবগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে চেক নিয়ে। এবার ফ্রান্স ও ইউরোপে আলো ছড়ানো ১৮ বছর বয়সী ফ্রেঞ্চ স্ট্রাইকারকে পেতে এতটাই উদ্গ্রীব ইউরোপে সেরা ক্লাবগুলো!
দলবদলের গুঞ্জনে এমবাপ্পে এখন নিয়মিত একটা নাম। আজ শোনা যায় ম্যানচেস্টার ইউনাইটেড ৮৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে, তো কাল শোনা যায় ম্যানচেস্টার সিটি তাঁর জন্য ট্রান্সফার ফির রেকর্ড ভাঙতেও প্রস্তুত। তবে এত গুঞ্জনের মধ্যেও আলাদা করে নজর কাড়ছে দ্য টেলিগ্রাফ-এর একটা খবর। ইংলিশ পত্রিকাটি লিখেছে, এমবাপ্পের জন্য এরই মধ্যে ১০৩ মিলিয়ন পাউন্ড (১২০ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৮০ কোটিরও বেশি) প্রস্তাব করেছে রিয়াল মাদ্রিদ, কিন্তু এতেও রাজি হয়নি মোনাকো!
অবিশ্বাস্য! গত মৌসুমেই দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে (১০৫ মিলিয়ন ইউরো) পল পগবাকে জুভেন্টাস থেকে এনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এমবাপ্পের জন্য প্রস্তাব সেটিকেও ছাড়িয়ে যায়। মোনাকোর মন তাতেও গলছে না! তরুণ স্ট্রাইকারকে এখনই ছাড়ার কোনো ইচ্ছেই নেই তাদের। ক্লাবটির প্রধান নির্বাহী ভাদিম ভাসিলিয়েভও বলেছেন, ‘আমাদের পরিকল্পনা ওর সঙ্গে চুক্তিটা বাড়াতে সম্ভাব্য সবকিছুই করা, ওর অন্তত আরও এক বছর থাকাটা নিশ্চিত করা।’ এমন অমূল্য রতন কেই-বা হারাতে চায়! ফ্রেঞ্চ লিগে এবার ১৫ গোল করেছেন এমবাপ্পে, তাতে ভর করেই ১৭ বছর পর প্রথম লিগ শিরোপা জিতল মোনাকো। চ্যাম্পিয়নস লিগেও ৯ ম্যাচে তাঁর গোল ৬টি!
আরেকটি বছর মানে, ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর এমবাপ্পেকে বিক্রি করার ইচ্ছা মোনাকোর। বিশ্বকাপে এমবাপ্পে ভালো করলে তাঁর ট্রান্সফার ফি আরও বাড়বে। তাহলে এমবাপ্পের জন্য এখন সব প্রস্তাবই ফিরিয়ে দেবে মোনাকো? ভাসিলিয়েভ বলেছেন, ‘হ্যাঁ, তবে সেটা অবশ্যই খেলোয়াড়ের নিজের ওপরও নির্ভর করে।’ ধারণা করা হচ্ছে, এমবাপ্পে নিজেও বিশ্বকাপের আগের বছরে নতুন কোনো ক্লাবে যেতে রাজি নন।
তবে এমবাপ্পেকে ভবিষ্যতে বিশ্বের অন্যতম সেরাই দেখেন মোনাকোর প্রধান নির্বাহী, ‘ও নিশ্চিতভাবেই বিশ্বের সেরাদের একজন হবে। সবকিছুই আছে ওর—দক্ষতা, টেকনিক, গতি, মানসিকতা, প্রতিদ্বন্দ্বিতার মনোভাব...ওকে সব সময় ঘিরে রাখার জন্য একটা অসাধারণ পরিবারও আছে। বৈশ্বিক সাফল্য পাওয়ার সব উপাদানই ওর কাছে আছে।’ টেলিগ্রাফ।