এমবাপ্পের মন উড়ুউড়ু কী কারণে?
দেশের সবচেয়ে বড় ফুটবল তারকাকে ধরে রাখার চেষ্টায় কমতি রাখছে না ফরাসি ক্লাব পিএসজি। কিন্তু কিলিয়ান এমবাপ্পে থাকলে তো!
ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ত জানিয়েছে, পিএসজি ছাড়তে নাকি ব্যাকুল হয়ে উঠেছেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা।
এদিকে পিএসজি সিদ্ধান্ত নিয়েছে আগামী বছর চুক্তির মেয়াদ শেষে এমবাপ্পেকে ফ্রি-তে না বেচে এই সপ্তাহের মধ্যে পছন্দমতো প্রস্তাব পেলে তাঁকে ছেড়ে দেওয়া হবে।
এমবাপ্পেকে পেতে চায় রিয়াল মাদ্রিদ, সেটা সবাই জানে। এমবাপ্পেও রিয়ালে যেতেই সবচেয়ে বেশি আগ্রহী, তা-ও অজানা নয়। কিন্তু করোনার কারণে এমবাপ্পের পেছনে আকাশছোঁয়া খরচ করতে রিয়াল রাজি কি না, সেটাই কথা।
আরও একটি ইংলিশ ক্লাব নাকি তাঁর প্রতি আগ্রহী, জানিয়েছে আরএমসি স্পোর্ত। এদিকে ফরাসি সাময়িকী ‘এসকয়ার’কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পেও লিগ আঁ ছাড়ার ইঙ্গিত দিয়ে রাখলেন। তাঁর ভাষায়, বিশ্বের সেরা লিগ ফ্রান্সে হয় না।
বিশ্বকাপজয়ী এই তারকাকে সেরাদের কাতারে বিবেচনা করা হয়। আর তাই এমবাপ্পের বিশ্বের সেরা লিগগুলোর একটিতে খেলার ইচ্ছা থাকাই স্বাভাবিক। এমবাপ্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, তারকা ইমেজ বিচারে ফ্রান্সের শীর্ষ লিগ (লিগ আঁ) তাঁর সঙ্গে মানানসই কি না?
এমবাপ্পের উত্তর, ‘ফ্রান্সে বিশ্বের সেরা লিগ হয় না। তবে নিজের দায়িত্বটা আমি বুঝি। (ফ্রান্সের) একজন প্রতীকী খেলোয়াড় হিসেবে লিগের বেড়ে ওঠায় সাহায্য করি।’
পিএসজিতে আগে থেকেই ছিলেন নেইমার, ভেরাত্তি, ইকার্দি, নাভাসের মতো তারকারা। এবার যোগ দিয়েছেন মেসি, রামোস, ভাইনালডম, হাকিমি, দোন্নারুম্মারাও।
স্বাভাবিকভাবেই এমন তারকাবহুল দল নিয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পিছু ছুটবে পিএসজি। কিন্তু এমবাপ্পে মেসি-নেইমারদের ছেড়ে যেতে চান। নিজেকে তারকা মনে করেন কি না, এ প্রশ্নের উত্তরে এমবাপ্পে বলেন, ‘আমার তাই মনে হয়। শহরের সব জায়গা থেকে গোটা বিশ্বে যদি আপনার ছবি ছড়িয়ে পড়ে, তাহলে তো সেটাই। তারকা হওয়াটা একটা মর্যাদা, কিন্তু তা বাকিদের তুলনায় বেশি ভালো মানুষ হতে সাহায্য করে না।’
মেসি-রোনালদোর শ্রেষ্ঠত্ব নিয়েও কথা বলেন এমবাপ্পে। মেসি এখন তাঁর ক্লাব সতীর্থ। দুই কিংবদন্তিকে নিয়ে এমবাপ্পের ভাবনা, ‘সবাই তাদের সম্বন্ধে জানে। যদি মনে করেন তাদের ছাপিয়ে যাবেন, তাহলে সেটি ব্যক্তিত্ব কিংবা ইচ্ছাশক্তির সমস্যা। তারা অতুলনীয় খেলোয়াড়। খেলার সব নিয়মকানুন ও সাধারণ ধারণা ভেঙে ফেলেছে। পরিসংখ্যানও। ১০ থেকে ১৫ বছর অসাধারণ কাটিয়েছে। আমার মনে হয় তাদের দেখে সবাই আরও ভালো হতে চায়, ঠিক যেভাবে মেসিকে দেখে রোনালদো প্রেরণা পান, আবার রোনালদোকে দেখে মেসি প্রেরণা পেয়ে থাকেন।’