এমিরেটসে আজ আর্সেনাল-ইউনাইটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরো বাছাই, প্রীতি ম্যাচ, আফ্রিকান নেশনস কাপ বাছাইপর্ব—আন্তর্জাতিক ঠাসা সূচির ভিড়ে ক্লাব ফুটবল একটু হলেও যেন হরিয়ে গিয়েছিল! সপ্তাহ দুয়েক বিরতির পর আজ থেকে আবারও পাওয়া যাবে ইউরোপের লিগগুলোর রোমাঞ্চ ।
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল। নামে-ভারে ওজনদার দল দুটি পয়েন্ট তালিকায় রয়েছে ছয় ও সাত নম্বরে। এমিরেটসের এই ম্যাচে তিন পয়েন্ট মানেই শীর্ষ দল চেলসির সঙ্গে পয়েন্ট তালিকার ব্যবধান কমিয়ে আনা। হোসে মরিনহোর দলও আজ মাঠে নামছে, প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল ওয়েস্টব্রম। ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ সোয়ানসি সিটিকে এবার দুর্বল বলা যাচ্ছে না, পয়েন্ট তালিকায় তারা যে রয়েছে ৫ নম্বরে।
স্প্যানিশ লিগে আজ মাঠে নামছে তিন পরাশক্তিই—রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ খেলবে এইবারের সঙ্গে। ৫০০ মিলিয়ন ইউরোর বাজেটের দলের বিপক্ষে ৩০ গুণ কম বাজেটের এইবার কেমন করে, সেই কৌতূহল থাকছেই। ঘরের মাঠে বার্সেলোনা মুখোমুখি হবে সেভিয়া, যারা বার্সার চেয়ে পিছিয়ে রয়েছে মাত্র ২ পয়েন্টে। বার্সার মেসি কি আজ তেলমো জারার ২৫১ গোলের রেকর্ড ভাঙতে পারবেন? তাঁর দরকার মাত্র দুই গোল। ওদিকে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ নিজেদের মাঠে মুখোমুখি হবে মালাগার।
বুন্দেসলিগায় আজ বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ হফেনহেইম। এএফপি।