প্রিমিয়ার লিগের সূচিটা দেখে নিজেকে হয়তো সবচেয়ে হতভাগাই ভেবেছিলেন ব্রেন্ডন রজার্স। প্রতিপক্ষের মাঠে লিভারপুলের প্রথম সাত ম্যাচের পাঁচটিই যে শিরোপার সম্ভাব্য দাবিদার দলগুলোর বিপক্ষে! কঠিন পরীক্ষার প্রথমটিতে আজ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের মুখোমুখি হচ্ছে ‘অল রেড’রা।
দুটি দলেরই লিগ শিরোপা জয়ের স্মৃতিতে ধুলো জমে গেছে। আর্সেনালের সর্বশেষ শিরোপা জয় ১১ বছর আগে। আর প্রিমিয়ার লিগ নাম হওয়ার পর থেকেই লিগ শিরোপা যেন মরীচিকা হয়ে উঠেছে লিভারপুলের কাছে। তারপরও এটি বড় ম্যাচ। দুটি ক্লাবের ইতিহাস, খেলার ধরন, দ্বৈরথ, যুগে যুগে মাঠ রাঙিয়ে যাওয়া অসাধারণ কিছু খেলোয়াড় ম্যাচটিকে ঘিরে সেই পুরোনো উত্তেজনা ধরে রেখেছে।
সাম্প্রতিক ইতিহাস অবশ্য আর্সেনালকে বেশ অনুপ্রেরণা জোগাবে—দুই দলের শেষ আট সাক্ষাতে মাত্র একটি পরাজয় গানারদের। শুধু এমিরেটস স্টেডিয়ামের পরিসংখ্যান তো আরও আশা-জাগানিয়া—১৮ ম্যাচে পরাজয় মাত্র একটি। গত এপ্রিলের ৪-১ গোলে জয়ের স্মৃতি তো এখনো তরতাজাই।
তবে ফর্মের বিচারে কিছুটা এগিয়ে লিভারপুল। মৌসুমের প্রথম দুই ম্যাচে পুরো ৬ পয়েন্টই পেয়েছে তারা। আর ঘরের মাঠে প্রথম ম্যাচে ওয়েস্ট হামের কাছে পরাজিত নির্বিষ আর্সেনাল স্বরূপে ফিরেছে দ্বিতীয় ম্যাচে।
বলের দখল রেখে নিচে থেকে আক্রমণে ওঠা—বরাবরের মতো এই দর্শনেই খেলতে পারে দুই দল। যদিও আক্রমণে বেনটেকে যোগ হওয়ার পর থেকে লম্বা বলে সরাসরি আক্রমণে ওঠার চেষ্টা দেখা যাচ্ছে লিভারপুলের খেলায়। অল রেডদের কোচ ব্রেন্ডন রজার্স এই ম্যাচে বল দখলের ক্ষেত্রে সংখ্যার চেয়ে মানকেই বেশি গুরুত্ব দিচ্ছেন, ‘আর্সেনাল নিজের মাঠে হেরেছে এমন শেষ ১০টি ম্যাচ যদি লক্ষ করেন, দেখবেন যারা জিতেছে তারা বিপজ্জনক জায়গাগুলোয় বলের দখল রেখেছে। দলগুলোর বলে দখল ছিল গড়ে ৪৩ ভাগ, গোলে শট চারটি।’
প্রিমিয়ার লিগে সোমবারে খেলা শেষ চারটি ম্যাচের ভাগ্য ছিল লিভারপুলের পাশেই। এমিরেটসে আজও হয়তো ওড়ার আশা করবেন রজার্স।
আক্রমণ প্রতিআক্রমণের সম্মোহনী ফুটবল, শেষ মুহূর্তের গোলের উত্তেজনা—সাম্প্রতিক ম্যাচগুলোয় ঘাটতি ছিল না কোনোটিরই। আজকের রাত আরেকটি অসাধারণ ম্যাচ উপহার দিতেই পারে। এএফপি।
প্রিমিয়ার লিগ যুগে আর্সেনাল-লিভারপুল ম্যাচে ৯০ মিনিট ও তার পরে গোল হয়েছে ৯টি। এসব গোল যে ম্যাচের ফলাফল পাল্টে দিয়েছে এমন নয়। গত মৌসুমের দুটি ম্যাচই ৯০ মিনিটের পর যোগ করা সময়ে গোল দেখেছে। এপ্রিলে এমিরেটসে আর্সেনালের ৪-১ ব্যবধানে জয়ে অলিভিয়ের জিরু দলের চতুর্থ ও ম্যাচের শেষ গোলটি করেন ৯১ মিনিটে। এর আগে ডিসেম্বরে অ্যানফিল্ডে ২-২ ড্র ম্যাচটিতে লিভারপুলকে সমতায় আনেন মার্টিন স্কার্টেল, ৯৭ মিনিটে।
প্রিমিয়ার লিগে আর্সেনালের মাঠে দ্বিতীয় সর্বোচ্চ জয় লিভারপুলের (৬টি), ৭ জয়ে সবার ওপরে ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রিমিয়ার লিগের সূচিতে সবচেয়ে বেশি হ্যাটট্রিক দেখেছে লিভারপুল-আর্সেনাল ম্যাচগুলো (৫টি)। লিভারপুলের পক্ষে তিনটি হ্যাটট্রিক করেছেন দুজন—রবি ফাওলার (দুটি) ও পিটার ক্রাউচ। আর্সেনালের পক্ষে হ্যাটট্রিক করেছেন থিয়েরি অঁরি ও আন্দ্রেই আরশাভিন।