এমিরেটসে 'একটু'র আফসোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাক উইলশেয়ারের সমতা ফেরানো গোল। এর পরও আরও দুটি গোল হয়েছে, তবে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল-সিটি ম্যাচটা কাল শেষ পর্যন্ত ড্র-ই হয়েছে l এএফপি
জ্যাক উইলশেয়ারের সমতা ফেরানো গোল। এর পরও আরও দুটি গোল হয়েছে, তবে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল-সিটি ম্যাচটা কাল শেষ পর্যন্ত ড্র-ই হয়েছে l এএফপি

ম্যাচ শেষে মনে মনে আফসোসই হয়তো করেছেন ম্যানুয়েল পেলেগ্রিনি। ইশ্‌, শেষ মুহূর্তে এডিন জেকোর ওই শট যদি পোস্টে না লাগত! একটু পরেই সামির নাসরি অফসাইডে না থাকলে ওটাও তো গোল হয়ে যায়। আক্ষেপ হয়তো করেছেন আর্সেন ওয়েঙ্গারও। এগিয়ে থেকেও তো শেষের দিকে এসে একটা গোল হজম করতে হলো। তার আগে ড্যানি ওয়েলবেকের শট পোস্টে না লাগলে ১১ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল! এমিরেটসে কাল আর্সেনাল-ম্যানচেস্টার সিটির কেউই কাউকে হারাতে পারেনি, ম্যাচ ড্র হয়েছে ২-২ গোলে। তবে পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে জিততে পারত যে কেউ। ওদিকে লা লিগায় অ্যাথলেটিক বিলবাওকে ২–০ গোলে হারিয়েছে বার্সেলোনা। দুটি গোলই করেছেন নেইমার।

জয় পেলে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড বা ড্যানি ওয়েলবেকের কাছে সেটি হতো অন্য রকম এক অনুভূতি। চেলসির ঘরের ছেলে হিসেবেই ক্যারিয়ারের প্রায় পুরোটা কাটিয়ে দিয়েছেন ল্যাম্পার্ড। গোধূলিবেলায় ধারে এলেন সিটিতে, কালই প্রথম আকাশি-নীল জার্সি গায়ে চড়ল অভিজ্ঞ ইংলিশ মিডফিল্ডারের। ওয়েলবেকও ক্যারিয়ার শুরু করে ৬ মৌসুম খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এবারই ২ কোটি ইউরো দিয়ে এই স্ট্রাইকারকে নিয়ে এসেছে আর্সেনাল। কাল শটটা বারে না লাগলে গোল পেয়ে যান অভিষেকেই। ওয়েলবেক তাও ভালোই খেলেছেন, ল্যাম্পার্ড নিজেকে হারিয়ে খুঁজেছেন অভিষেকে। প্রথমার্ধ শেষেই তাঁকে মাঠ থেকে তুলে নিয়েছেন পেলেগ্রিনি।

শুরুতে অবশ্য খেলার ধারার বিপরীতে এগিয়ে গিয়েছিল সিটিই। ২৮ মিনিটে স্প্যানিশ উইঙ্গার হেসুস নাভাসের ক্রস থেকে সার্জিও আগুয়েরো গোল করে এগিয়ে দেন সিটিকে। তবে আর্সেনাল বিরতির পর ফিরে আসে দারুণভাবেই। ৬৪ মিনিটে অ্যারন রামসের পাস থেকে জ্যাক উইলশেয়ারের দুর্দান্ত ফিনিশিংয়ে সমতা আনে স্বাগতিকেরা। খেলার লাগাম তখন তাদের হাতেই। ১০ মিনিট পরই আবার এগিয়ে যায় আর্সেনাল। এবারও উইলশেয়ারের অবদান, ইংলিশ মিডফিল্ডারের হেড থেকে ডান পায়ের ভলিতে আর্সেনালকে এগিয়ে দেন চিলিয়ান ফরোয়ার্ড আলেক্সিস সানচেজ। কিন্তু শেষ রক্ষা হয়নি গানারদের, ৮৩ মিনিটে অরক্ষিত মার্টিন ডেমিচেলিস কর্নার থেকে হেড করে সমতায় ফেরান সিটিকে। তথ্যসূত্র: স্টার স্পোর্টস।