এমিরেটসের ভরসায় আর্সেনাল

১২ ম্যাচের সবগুলোতেই জয়। পরশুর আগ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে শতভাগ জয়ের রেকর্ডই ছিল আর্সেন ওয়েঙ্গারের। সেটা আর থাকল না ইস্তাম্বুলে বেসিকতাসের সঙ্গে গোলশূন্য ড্র করে। মূল পর্বে খেলতে হলে এখন এমিরেটস স্টেডিয়ামে ফিরতি লেগটা জিততেই হবে আর্সেনালকে।
৮০ মিনিটে অ্যারন রামসে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনের দল হয়ে গিয়েছিল আর্সেনাল। তার পরও বেসিকতাসের মাঠে ম্যাচ ড্র রাখতে পেরে সন্তুষ্টই ওয়েঙ্গার। তবে রেফারিং নিয়ে নিজের অসন্তুষ্টিটা জানিয়েছেন সরাসরিই, ‘দ্বিতীয়ার্ধে রেফারিং খুবই বাজে হয়েছে। রামসের প্রথম হলুদ কার্ড, দ্বিতীয় হলুদ কার্ড কোনোটাই হয় না।’
প্রতিপক্ষ কোচের এসব অভিযোগ নিয়ে কথাই বলেননি বেসিকতাস কোচ স্লাভেন বিলিচ। তাঁর চোখে ফিরতি লেগ জিতে চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে খেলার স্বপ্ন, ‘আমরা হ্যারডসে কেনাকাটা করার জন্য লন্ডন যাচ্ছি না। আমরা যা পূরণ করার উদ্দেশ্যে যাচ্ছি সেটাকে অনেকে বলবে আমাদের স্বপ্ন, আমি বলব আমাদের পরিকল্পনা।’
ড্র হয়েছে নেপলসে নাপোলি-অ্যাথলেটিক বিলবাও প্লে-অফের প্রথম লেগটাও। ৪১ মিনিটে বিলবাওয়ের উইঙ্গার ইকার মুনিয়াইনের গোলের পর ৬৮ মিনিটে সমতা ফেরান নাপোলির আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। এএফপি, রয়টার্স।