এমিলি-কোমল দেবাশিস শরণে
শেষ মুহূর্তের প্রস্তুতিতে চোটের হানায় কিছুটা হলেও চিন্তিত কোচ মারুফুল হক। তাঁর অন্যতম সৈনিক জামাল ভূঁইয়া চার দিন ধরে হাসপাতালে আছেন জ্বর নিয়ে। এমিলি ও কোমল কাল রাতে বিকেএসপি থেকে ঢাকায় এসেছেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীকে দেখাতে। ডিফেন্ডার কেষ্ট অবশ্য সব সংশয়ের ঊর্ধ্বে—চোট নিয়ে এরই মধ্যে ক্যাম্প ছেড়ে গেছেন।
সাফের দলটা ২৮ থেকে নেমে হবে ২০ জনের। কোচের জন্য এই ২০ জনকে বেছে নেওয়া এক দিক থেকে কঠিনই। কারণ সবার মধ্যেই দলে থাকার বাড়তি একটা তাড়না দেখছেন। কিন্তু দলের অপরিহার্য সদস্য হিসেবে জামালের অসুস্থতা দলের জন্য ভালো খবর নয়। যদিও কোচ মারুফ জামালকে পাবেন বলেই আশাবাদী, ‘ওর একটা সুবিধা হলো দ্রুত রিকভারি করতে পারে। অন্যদের চেয়ে ওর এই ক্ষমতাটা বেশি বলেই আমি আশাবাদী জামালকে পুরো ফিটই পাওয়া যাবে।’
কিন্তু এমিলি ও কোমলের ব্যাপারটা নির্ভর করছে এখন ডা. দেবাশিসের ওপর। মারুফের জন্য এটা একটা সমস্যাই বটে। অভিজ্ঞতার কথা ভাবলে দলে এমিলির প্রয়োজনীয়তা দেখেন। পাঁচটি সাফ খেলা এই স্ট্রাইকার এখন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। তাঁকে পাওয়া যাবে কি যাবে না এই সংশয় নিয়ে দলটা চূড়ান্ত করতে পারছেন না বাংলাদেশ দলের নতুন কোচ। অপেক্ষা করা ছাড়া উপায়ও দেখছেন না, ‘ডা. দেবাশিস ওদের আগে দেখুন। উনি কী পরামর্শ দেন সেটা দেখি।’ এমিলিও আছেন সেই আশায়, ‘অনুশীলনের সময় হাঁটুতে ব্যথা থাকে না। তবে অন্য সময় ব্যথাটা অনুভব করি। দেখা গেল ভোরে ঘুম থেকে ওঠার পর হালকা ব্যথা করছে হাঁটুতে। তাই দেবাশিস স্যারের কাছে যাচ্ছি।’
কোমল ব্যথা পেয়েছেন অনুশীলনে জুয়েলের সঙ্গে সংষর্ষে। দলের ফিজিওর পরামর্শে গত চার দিন ছিলেন অনুশীলনে বাইরে। আগের কোচ ফাবিও লোপেজ তাঁকে ফরোয়ার্ড থেকে বানিয়েছিলেন ডিফেন্ডার। অনভ্যস্ত জায়গায় খেলে আবার যখন স্বাভাবিক ছন্দে ফিরবেন, তখনই চোট। কাল রাত ৮টার দিকে বিকেএসপি থেকে ঢাকায় আসার পথে ফোনে বলছিলেন, ‘চোট কোন দিকে এখনো বুঝতে পারছি না। সাফে খেলার স্বপ্ন দেখি, তবে শেষ পর্যন্ত কী হবে বলা কঠিন। দেবাশিস স্যার কী বলেন দেখি।’
মারুফ চোট ছাড়া দলে আর কোনো সমস্যা দেখছেন না। এমনকি সাফে যাওয়ার আগে কার্যকর কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে না পারাও তাঁর কাছে বড় সমস্যা নয়। আগেই বলেছিলেন প্রয়োজন হলে দেশের কোনো দলের সঙ্গে দু-একটা ম্যাচ খেলে নেবেন। সেই পরিকল্পনা নিয়েই এগোচ্ছেন কোচ, ‘এখন ম্যাচ খেলতে পারলে ভালোই হয়। তাই বাফুফেকে বলব একটা ম্যাচ আয়োজনের উদ্যোগ নিতে।’