এমিলি-মিঠুনসহ তিনজন যোগ
সাফ ফুটবলের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলটার ওপরই বঙ্গবন্ধু কাপে আস্থা রাখছেন মারুফুল হক। ৮ জানুয়ারি শুরু হতে যাওয়া আন্তর্জাতিক এই টুর্নামেন্টে অবশ্য নতুন যোগ করেছেন তিনজনকে—জাহিদ হাসান এমিলি, মিঠুন চৌধুরী, আলমগীর রানা। ২৩ জনের চূড়ান্ত দল নিয়ে আগামীকাল সকালে একটা সেশন হবে ঢাকায়। বিকেলেই দল যাবে যশোর।
সাফে দল ব্যর্থ হলেও কাঁচি চালাননি মারুফুল। এতে মনে হতে পারে সবার পারফরম্যান্সেই কোচ হয়তো খুশি। কিন্তু আসলে তা নয়। মারুফুলের কথায় তা বোঝা যাচ্ছে, ‘আসলে এ মুহূর্তে দল নিয়ে ভাঙাগড়ার সময় নেই। এ কারণেই ওই পথে আমি যাইনি।’ একই সঙ্গে কোচ দলটাকে আরেকটু দেখতে চান। সাফে ব্যর্থ হয়েছে বলে এই দল দিয়ে কিছুই হবে না এমন মতবাদে বিশ্বাসী নন বাংলাদেশ কোচ, ‘আমি আসলে বঙ্গবন্ধু কাপেও একটা সুযোগ দিতে চাই ছেলেদের। দেখি তারা কী করে। এ কারণেই গোটা দলটাই রেখে দিয়েছি।’
ঢাকায় জর্ডানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের পর থেকে বাইরে আছেন এমিলি। সাফের প্রাথমিক দলে থাকলেও হাঁটুর চোটের শেষ পর্যন্ত ছিটকে যান। মাঝখানে জাতীয় দল খেলে ফেলেছে নয়টি ম্যাচ। সেই এমিলি এখন ম্যাচ খেলার তৈরিই আছেন বলে কোচকে জানিয়েছেন। তাই তাঁকে নেওয়া হয়েছে।
মিঠুন চৌধুরী এক বছর আগের বঙ্গবন্ধু কাপে খেলেছেন। এরপর ডি ক্রুইফের দলে আর তাঁর জায়গা মেলেনি। ফাবিও লোপেজ এসে তো দেখেনইনি মিঠুনকে। বছর খানেক অপেক্ষার পর ২৩ জনের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেলেন ফরোয়ার্ড মিঠুন। আলমগীর রানা জাতীয় দলে সর্বশেষ খেলেছেন বছর দুয়েক আগে।
২৩ জনের দল: সোহেল, আশরাফুল রানা, লিটন, ওয়ালি, রায়হান, ইয়াসিন, ইয়ামিন, তপু বর্মণ, মিশু, নাসির উদ্দিন, নাসির, জামাল ভূঁইয়া, রাজু, মামুনুল, সোহেল রানা, হেমন্ত, আলমগীর রানা, জাহিদ, জুয়েল রানা, মিঠুন, জীবন, শাখাওয়াত রনি, এমিলি।