এমিলিকে ছাড়াই সাফের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকজন খেলোয়াড়ের চোট আর অসুস্থতায় শেষ ক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছেন। কিন্তু তারপরও সাফের জন্য মনের মতো দল গড়তে পারলেন না মারুফুল হক।

জ্বর থেকে সেরে ওঠা জামাল ভূঁইয়াকে দলে রাখতে পারলেও চোটগ্রস্ত জাহিদ হাসান এমিলিকে পাওয়া যাচ্ছে না। তাঁকে বাইরে রেখেই কাল ২০ জনের দল গড়েছেন মারুফ। সন্ধ্যায় বাফুফে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে।
চার গোলরক্ষকের মধ্যে একজন এমনিতেই বাদ পড়তেন। সেই বাদ পড়ার কোপটা গেছে মাজহারুল ইসলামের ওপর দিয়ে। এ ছাড়া কোচের বিবেচনায় আসেননি আরও চারজন—ডিফেন্ডার রেজাউল, মিডফিল্ডার মাসুক মিয়া জনি, উইঙ্গার ফয়সাল মাহমুদ ও স্ট্রাইকার আমিনুর রহমান সজীব।
প্রাথমিক দলের ২৮ জন থেকে আগেই ছিটকে যান ডিফেন্ডার কেষ্ট কুমার। এমিলি আর কোমল চোট নিয়ে বিসিবির ডাক্তার দেবাশিস চৌধুরীর শরণাপন্ন হলেও আশার খবর পাননি। সপ্তাহ খানেক আগেই মোটামুটি নিশ্চিত হয়ে যায় এই দুজন থাকছেন না সাফের দলে। তবে কোমল বাসায় ফিরে গেলেও এমিলিকে বিকেএসপিতে রেখে কোচ দেখতে চেয়েছিলেন শেষ পর্যন্ত।
পরশু বঙ্গবন্ধু স্টেডিয়ামের বাংলাদেশ-নেপাল ম্যাচের পর এমিলিকে কোচ শেষবার জিজ্ঞাসা করেছিলেন, ‘কী অবস্থা তোমার, পারবে দলে থাকতে?’ তখনই এমিলি জানালেন চূড়ান্ত কথাটা, ‘মনে হয় আর সম্ভব নয়।’ পরপরই একবুক হতাশা নিয়ে তিনি বাসায় চলে যান বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকেই।

>শহিদুল আলম সোহেল, আশরাফুল রানা, রাসেল মাহমুদ লিটন, ওয়ালি ফয়সাল, আতিকুর রহমান মিশু, নাসির উদ্দিন, নাসিরুল ইসলাম, ইয়ামিন মুন্না, ইয়াসিন খান, রায়হান হাসান, তপু বর্মণ, জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মোনায়েম খান রাজু, সোহেল রানা, মামুনুল ইসলাম, জাহিদ হোসেন, জুয়েল রানা, নাবিব নেওয়াজ জীবন, শাখাওয়াত রনি।

এমিলি না থাকা দলের জন্য বড় ক্ষতিই। সাফের মতো মঞ্চে তাঁর অভিজ্ঞতা প্রয়োজন ছিল। ২০ জনের দলে এখন স্ট্রাইকার মাত্র দুজন শাখাওয়াত রনি ও নাবিব নেওয়াজ জীবন। ডিফেন্ডার আট এবং সাতজন মিডফিল্ডার। মারুফ আগেই বলেছেন, মাঝমাঠনির্ভর ফুটবলই খেলবে তাঁর দল। যেখানে একজন স্ট্রাইকারকে ওপরে রেখে খেলাটা তৈরি করবে মাঝমাঠ এবং মিডফিল্ডারদের কাছেও তিনি গোল চান।
দেশে অনেক দিন ধরেই জাতীয় দলের চাপ নেওয়ার মতো স্ট্রাইকার তৈরি হচ্ছে না। এমিলি-নির্ভরতাই কয়েক বছর ধরে দেখে আসছে সবাই, এবার আলোটা পড়ছে নেপালের সঙ্গে প্রীতি ম্যাচে একমাত্র গোলটি করা শাখাওয়াত ও জীবনের ওপরই। ফাবিও লোপেজ এসে শাখাওয়াতকে উইংয়ে ব্যবহার করায় এতে তাঁর আত্মবিশ্বাসে বড় ধাক্কা লেগেছিল। মারুফ আবার ফিরিয়ে আনলেন স্ট্রাইকিংয়ে। সাফে নিজের আসল জায়গায় খেলে দলকে কিছু দিতে পারবেন বলে আশাবাদী শাখাওয়াত। গত সাফে চোট নিয়ে যান এবং একটি মাত্র ম্যাচে খেলেছেন অল্প কয়েক মিনিট। সেই শাখাওয়াতই এবার সম্ভবত এক নম্বর স্ট্রাইকারের ভূমিকায় থাকবেন।
জাতীয় দলের মানচিত্রে জীবনের আগমন হঠাৎই। লোপেজ এসেই তাঁর মধ্যে সম্ভাবনার বীজ আবিষ্কার করেন। বিজেএমসিতে গত মৌসুম কাটানো সেই জীবনের কাঁধে এবার সাফের বৈতরণি পার করার বড় দায়িত্ব। এই নবীন নিজের সর্বোচ্চ ঢেলে দিয়ে দলকে এগিয়ে নিতে চান সামনে।
মারুফের ভরসা এখন এই সৈন্যরাই। হাতে সময় না থাকায় পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটবেন না বলে দিয়েছিলেন আগেই। কিন্তু তাঁর দলের ১১ জনই গত সাফে ছিলেন না। তিন গোলরক্ষকের দুজন—আশরাফুল রানা ও লিটনের এটি প্রথম সাফ। এই প্রথম সাফ খেলছেন তপু, হেমন্ত, জুয়েল রানা, জীবন।
অতৃপ্তি আর আক্ষেপ আছে। তবে বরাবরের মতোই মারুফ আশাবাদী মানুষ। যদিও নেপালের সঙ্গে প্রীতি ম্যাচটা জিতলেও দলের পারফরম্যান্স আশাবাদী হওয়ার মতো ছিল না। কোচ অবশ্য নিরাশ নন। এই সৈনিকদের নিয়েই সাফ নামের যুদ্ধের ময়দানে ওড়াতে চান জয়ের পতাকা।
২০ জনের দল
শহিদুল আলম সোহেল, আশরাফুল রানা, রাসেল মাহমুদ লিটন, ওয়ালি ফয়সাল, আতিকুর রহমান মিশু, নাসির উদ্দিন, নাসিরুল ইসলাম, ইয়ামিন মুন্না, ইয়াসিন খান, রায়হান হাসান, তপু বর্মণ, জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মোনায়েম খান রাজু, সোহেল রানা, মামুনুল ইসলাম, জাহিদ হোসেন, জুয়েল রানা, নাবিব নেওয়াজ জীবন, শাখাওয়াত রনি।