এমিলিকে ফিকরুর ঘুষি, ড্রেসিংরুমে রক্তারক্তি
ম্যাচ শেষে তাঁর চেহারা দেখেই বোঝা যাচ্ছিল কতটা বিরক্ত সতীর্থদের ওপর। ফিকরু তেফেরাকে বলের জোগানই দিতে পারেননি সতীর্থরা। দলের হারের পর নিজের ওপর নিয়ন্ত্রণই ধরে রাখতে পারলেন না শেখ রাসেলের ইথিওপিয়ান ফরোয়ার্ড। আবাহনীর কাছে হারের পর ড্রেসিংরুমে গিয়েই তর্ক জুড়ে দেন দলের ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড পল এমিলির সঙ্গে। একপর্যায়ে এমিলির মুখে ঘুষিই মেরে বসেন ফিকরু। আঘাতে ঠোঁট ফেটে যায় এমিলির, দরদর করে ঝরতে থাকে রক্ত।
আহত এমিলি রাগে-ক্ষোভে স্টেডিয়াম ছেড়েই চলে যেতে চাইছিলেন। আর কখনোই শেখ রাসেলে খেলবেন না, এমন কথাও বলেন। কিন্তু দলের কর্মকর্তারা তাঁকে বুঝিয়ে-সুঝিয়ে শান্ত করেন। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, পরে প্রাথমিক চিকিৎসা শেষে ক্লাবে।
ঘটনার সূত্রপাত ম্যাচের ৮৮ মিনিটে। পল এমিলি গোলের সহজ একটি সুযোগ হাতছাড়া করেন। নিজে তো গোল দিতে পারেনইনি, আবার পাশে দাঁড়ানো ফিকরুকেও বলটা দেননি। এ নিয়েই ড্রেসিংরুমে এমিলির সঙ্গে বাদানুবাদ হয় ফিকরুর। ক্ষুব্ধ ইথিওপিয়ান স্ট্রাইকার শেষ পর্যন্ত ঘুষি বসিয়ে দেন।
শেখ রাসেলের ম্যানেজার হাবিবুর রহমান খান অবশ্য এ ঘটনাকে খুব বড় করে দেখছেন না, ‘তেমন কিছু হয়নি। এমিলির আঘাত গুরুতর নয়। ওকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ক্লাবে নিয়ে যাওয়া হয়েছে।’ ফিকরুর শাস্তি হবে কি না, এই প্রশ্নে হাবিবুর রহমান বললেন, ‘আমি মারামারিটা দেখিনি, তাই এখনই কিছু বলতে পারছি না। তবে এটিকে ভুল-বোঝাবুঝি বলাই ভালো। মনে হয় না তাঁকে কোনো শাস্তি দেওয়া হবে।’আবাহনী ১: ০ শেখ রাসেল