এমিলিদের শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালটা শেষ হয়েছে হতাশা দিয়ে। কিন্তু নতুন বছরে ভালো কিছু করতে চান ফুটবলাররা। মাঠে তো বটেই, মাঠের বাইরেও ভালো কিছু করার আশা নিয়ে বছরের প্রথম দিনটা শুরু করলেন জাতীয় দলের জাহিদ হাসান এমিলিসহ কয়েকজন ফুটবলার। ‘সাপোর্টার্স অব বাংলাদেশ ফুটবল’—এই সংগঠনের উদ্যোগে পরশু রাতে কারওয়ান বাজারের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ফুটবলার এমিলি, ওয়াহেদ, রেজাউল, কোমল, শাহেদ জুনিয়র ও গোলরক্ষক সোহেল।
প্রতিবছরই গ্রামের বাড়ি পিরোজপুরের দরিদ্রদের জন্য শীতের কাপড় পাঠিয়ে দেন এমিলি। এবার নিজের হাতে ঢাকায় শীতের কাপড় দিতে পেরে খুবই উচ্ছ্বসিত জাতীয় দলের এই স্ট্রাইকার, ‘শীতের রাতে আমরা যখন কম্বলের নিচে ঘুমাই তখন এর তীব্রতাটা টের পাই না। কিন্তু বাইরে বেরোলে বুঝতে পারি যারা শীতের কাপড় কিনতে পারে না তাদের কত কষ্ট। এই উপলব্ধি থেকেই আসলে গরম কাপড় দেওয়ার উদ্যোগ নিয়েছি। পরিমাণে হয়তো কম, তারপরও দিতে পেরে আমাদের খুবই ভালো লেগেছে। এবার থেকে প্রতিবছর নিয়মিত শীতের কাপড় দিতে চাই আমরা।’