এমিলির পাশে এমিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের পর পল এমিলির উচ্ছ্বাস। তাঁর গোলেই প্রিমিয়ার লিগে ব্রাদার্সের বিপক্ষে জিতেছে শেখ রাসেল। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো
গোলের পর পল এমিলির উচ্ছ্বাস। তাঁর গোলেই প্রিমিয়ার লিগে ব্রাদার্সের বিপক্ষে জিতেছে শেখ রাসেল। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো

জাহিদ হাসান এমিলি ও পল এমিলি।
প্রথমজনকে চেনা গেল। দ্বিতীয়জন? ক্যামেরুনিয়ান স্ট্রাইকার। এবার শেখ রাসেল ক্রীড়া চক্রের দুই স্ট্রাইকারের নামই কাকতালীয়ভাবে এমিলি। কাল দুজনই গোল করে পিছিয়ে পড়া শেখ রাসেলকে জেতালেন তাঁদের প্রথম ম্যাচে।
গোল করেন নায়ক দুই এমিলি। তবে আসল নায়ক হলেন জাহিদ হোসেন। শেষ ১০ মিনিটে হঠাৎ জাহিদের ঘুম ভাঙল। জেগে উঠে ভাবলেন এবার তো দলকে জেতাতে হয়! তিন মিনিটে দুটি মাপা ক্রস তুলে দলের জয়ে রাখলেন বড় অবদান।
মাঠের বাইরে নানা বিতর্ক তাঁর পিছু ছাড়ে না। সেসবের প্রভাবেই কিনা অনেকটা সময় খুঁজেই পাওয়া যাচ্ছিল না উইঙ্গার জাহিদকে। ৮০ মিনিটে সেই জাহিদের ক্রসে এমিলির হেডে ১-০। দুই মিনিট পরই আবার জাহিদ-ঝলক, তাঁর ক্রসে পল এমিলির শটে ২-১।
তবে শেষ মুহূর্তে ২-২ না করতে পারাটা ব্রাদার্সের জন্য নিতান্তই দুর্ভাগ্যের। শরিফুলের ক্রসে নাইজেরিয়ান মিডফিল্ডার সিয়নের হেড লাগে শেখ রাসেলের ক্রসবারে। অগাস্টিনের ফিরতি শটটাও বাইরে যায় পোস্টে বাতাস লাগিয়ে। ঠিক যেন কানের পাশ দিয়ে গুলি গেল শেখ রাসেলের! তবে শেষ মুহূর্তে বেঁচে গেলেও ১৬ মিনিটে নিজেদের ভুলেই তারা গোল খেয়েছে। ডান প্রান্ত থেকে হাইতিয়ান ফরোয়ার্ড অগাস্টিনের চিপ গোটা ম্যাচেই নড়বড়ে রাসেলের গোলরক্ষক মামুন খান বলের ফ্লাইটই বুঝতে পারেননি। সহজ বল ক্লিয়ার করতে তাঁর ব্যর্থতা ছিল দৃষ্টিকটু। সুযোগটা নেন ব্রাদার্স মিডফিল্ডার কাওসার আলী রাব্বি। গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠাতে ভুল করেননি এই তরুণ।
গোলের জন্য মরিয়া তখন রাসেল, আক্রমণাত্মক মেজাজে থাকা ব্রাদার্সের রক্ষণ অনেকটা ওপরে। অভিজ্ঞ গোলরক্ষক বিপ্লবের ওপর চাপ বাড়ছিল। শেখ রাসেল ফাঁকা জমি পেয়ে গেছে অনায়াসে।
শেখ রাসেল দলটা এবার যেন তারকাপুঞ্জ। রক্ষণে ওয়ালি, মিশু, রেজাউল, বসনিয়ার বোজান পেতরিচ। মাঝখানে জাহিদ, হেমন্তর সঙ্গে অধিনায়ক মিঠুন। আক্রমণভাগে জায়গা না দিতে পেরেই আসলে মিঠুনকে মাঝমাঠে ব্যবহার করছেন কোচ দ্রাগান দুকানোভিচ। দুই এমিলি ও ঢাকার মাঠে পরিচিত নাইজেরিয়ান কিংসলে চিবুজাকে নিয়ে আক্রমণভাগ।
এই আক্রমণভাগ শেখ জামালের আক্রমণভাগের চেয়ে হয়তো একটু পিছিয়ে থাকে। ল্যান্ডিং, ওয়েডসন ও এমেকা ডার্লিংটন বেশ ক্ষুরধার। তবে শেখ রাসেলের বড় শক্তি জাহিদ। যিনি একাই পারেন ম্যাচ জেতাতে। সেই প্রমাণ রাখলেন লিগের শুরুতেই।
কিন্তু এই দলে মামুনুলের মতো একজন প্লেমেকার নেই। খেলাটা যিনি একটু পেছন থেকে তৈরি করবেন ঠান্ডা মাথায়। কোচ দুকানোভিচ অবশ্য এটিকে বড় করে দেখতে নারাজ। তবে রসিকতা করে বললেন, ‘মামুনুল থাকলেও তো আট-নয় পয়েন্ট হাতে নিয়েই আমরা লিগ শুরু করতে পারতাম।’
এমিলিও সেই অভাবটা জানেন। তিনিও কোচের মতো দল নিয়ে আশাবাদী, ‘প্রথম ম্যাচেই আগে গোল খেয়ে চাপে ছিলাম আমরা। তবে আস্তে আস্তে দলের গাঁথুনিটা আরও মজবুত হবে আশা করছি। চিন্তার কিছু দেখছি না।’
দ্রাগানের স্টেডিয়াম ছাড়ার সময় বিড় বিড় করে বললেন, ‘ব্রাদার্স কিন্তু অন্যদের ভোগাবে।’ এই কথার সঙ্গে একমত না হওয়ার কারণ নেই। বিদেশি খেলোয়াড় কম হওয়ায় দলগুলোর ব্যবধান কমে গেছে। প্রথম কয়েক দিনেই তা স্পষ্ট।