এমেকা, আবদুল্লাহ আর লাল কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসবক্সের সামনে বসে এক ষাটোর্ধ্ব দম্পতি ম্যাচটা উপভোগ করলেন জমিয়ে। স্টেডিয়ামে আসা কয়েক হাজার দর্শকের কাছেও খেলাটা ভালোই লাগার কথা। প্রথম দিনে অন্তত চার-পাঁচ হাজার দর্শক উপস্থিতি আয়োজকদের আশান্বিতও করতে পারে। আজ সন্ধ্যায় দুই আবাহনীর লড়াই। স্বাভাবিকভাবেই স্থানীয় দলের সঙ্গে চারবারের লিগ চ্যাম্পিয়নদের লড়াই আশার সলতেটাকে আরেকটু উসকে দেয়।
শিরোপাপ্রত্যাশীদের পথে কাঁটা বিছিয়ে দিতে পারার আশাও তো করতে পারে আরামবাগ। হ্যাটট্রিক শিরোপার মিশনে নামা শেখ জামালের সঙ্গে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে প্রায় একতরফা খেলা দলটির সামর্থ্যেরও প্রমাণ। কিন্তু গোল পেতে পেতেও তারা বঞ্চিত হচ্ছিল বারবার। একবার বাধা হয়েছে পোস্ট। কিন্তু শেষ পর্যন্ত সাহসীদের সঙ্গেই থাকল ভাগ্য।
যোগ করা সময়ে স্কোরলাইন ১-১। আরামবাগের লড়াকু মানসিকতার আরেকটি বিজ্ঞাপন হয়ে থাকল এই সন্ধ্যা।
কোনো এক জাদুমন্ত্রে মাঝারি সারির এই দলের সময়টা দারুণ যাচ্ছে। কদিন আগে এই শেখ জামালকেই হারিয়েছে তারা। ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে পিছিয়ে পড়েছিল দুই গোলে। সেই ম্যাচটি টাইব্রেকারে জিতেই ক্ষান্ত হয়নি, টুর্নামেন্টে থেমেছে রানার্সআপ হয়েই। লিগেও সেই রোমাঞ্চের ভেলায় চড়ে কাল শুরুটা করলেন একদল তরুণ।
২০১২ লিগে এলিটা কিংসলের হ্যাটট্রিকে শেখ জামালকে গুঁড়িয়ে দেওয়া এক জয় আছে আরামবাগের স্মৃতিভান্ডারে। কালও জয়ের রাস্তা প্রায় খুলে গিয়েছিল দ্বিতীয়ার্ধে ট্যাকটিকসে কিছুটা পরিবর্তন আনায়। পেছনে খেলোয়াড় কমিয়ে ওপরে বাড়িয়ে দেন কোচ সাইফুল বারী টিটু। তৃতীয় বদলিটা করেছেন লেফটব্যাককে বসিয়ে। ওপরে আনেন ইয়োকোকে। তাঁর উপস্থিতিতে আরেকটু নড়বড়ে হয় শেখ জামালের রক্ষণ। যোগ করা সময়ে মনসুরের ক্রস থেকে গোল। জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া চটপটে নবীন আবদুল্লাহর দারুণ প্লেসিংয়ে লক্ষ্যভেদ।
একটি পয়েন্ট পাওয়া গেছে, তবে কোচ সাইফুল তৃপ্ত নন, ‘শুরুটা খারাপ হয়নি। আরেকটু চেষ্টা করলে হয়তো জেতাও যেত।’
দ্বিতীয়ার্ধে যেভাবে রক্ষণাত্মক খোলসে ঢুকে যায় শেখ জামাল, আরামবাগ জিতলেও অবাক হওয়ার ছিল না। স্ট্রাইকার শিহাবকে তুলে রক্ষণে লোক বাড়ানো হয়েছে দ্বিতীয়ার্ধে। মাঝমাঠ থেকে শরিফকে তুলে রক্ষণে লিংকন। কিন্তু জয়ের জন্য তো চাই শক্তিশালী মাঝমাঠ। শেখ জামালের মাঝমাঠটা খুঁজেই পাওয়া যায়নি দ্বিতীয়ার্ধে।
হঠাৎই কোচ শফিকুল ইসলাম মানিককে ছাঁটাই করেও জয় আসেনি প্রথম ম্যাচে। ‘কোচশূন্য’ দলটির খেলোয়াড় তালিকায় কাল কোচের নামও ছিল না। ডাগআউটে দাঁড়ালেন গোলরক্ষক কোচ মোশাররফ বাদল। ছিলেন ১৯৭৭ সালে আবাহনীকে প্রথম অপরাজিত চ্যাম্পিয়ন করা অধিনায়ক শেখ আশরাফ আলী। মূল কোচ যোসেফ আপুসিকে এই চট্টগ্রাম পর্বের তৃতীয় ম্যাচে পাওয়ার আশা টিম ম্যানেজমেন্টের। গত দুটি লিগের সর্বোচ্চ গোলদাতা ও দলটির প্রাণভোমরা ওয়েডসন আনসালমেরও আপুসির সঙ্গে আসার কথা। তাঁদের জন্যই এখন যত অপেক্ষা ক্ষয়িষ্ণু শেখ জামালের।
শেখ জামালের পাঁচ-ছয়জন খেলোয়াড় আবার ফ্লুতে আক্রান্ত। তাঁরা সেরাটা দিতে পারেননি মাঠে। কোচ বাদলও বললেন, ‘লিংকনকে জ্বর নিয়ে নামাতে বাধ্য হয়েছি। এনামুল, গোলরক্ষক হিমেল ফিট নয়।’
শেখ জামালের নায়ক ও খলনায়ক দুইই ছিলেন কাল এমেকা। ১৫ মিনিটে বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে দৃষ্টিনন্দন গোল করেছেন, ম্যাচের অন্তিম সময়ে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কনুইয়ের গুঁতো মেরে দেখেছেন লাল কার্ড। ওই সময় রেফারি জালাল উদ্দিনের সঙ্গে অশোভন আচরণ করে লাল কার্ড দেখেন আরামবাগের ডিফেন্ডার ইসাও।
দুই লাল কার্ড, শেখ জামালের ড্র, প্রথম ম্যাচটা জমল ভালোই!