এরই নাম ইতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের শেষ দিকের এই শটেই গোল করে সুইডেনের বিপক্ষে ইতালিকে জিতিয়ে দিলেন এডার মার্টিনস। রয়টার্স
ম্যাচের শেষ দিকের এই শটেই গোল করে সুইডেনের বিপক্ষে ইতালিকে জিতিয়ে দিলেন এডার মার্টিনস। রয়টার্স

ফেবারিট তকমায় তাদের খুব আপত্তি। গায়ের সঙ্গে যেটি সেঁটে না থাকলেই ম্যাচের ফল ভালো হয়। প্রায় ‘প্রবাদের’ মতো হয়ে যাওয়া কথাগুলোকেই এই ইউরোতে আরও একবার সত্যি প্রমাণ করে চলেছে ইতালি। টুর্নামেন্টের আগে অনেক সংশয় ছিল আন্তোনিও কন্তের দলকে ঘিরে। সেই তারাই কাল সুইডেনকে ১-০ গোলে হারিয়ে উঠে গেল শেষ ষোলোতে।
সর্বশেষ দুটি বিশ্বকাপের গ্রুপ পর্বে বিদায়, বড় অনেক তারকা নেই...ইউরোর আগে ইতালিকে নিয়ে বাজি ধরার লোক খুব বেশি ছিল না। তার ওপর গ্রুপে বেলজিয়াম, সুইডেনের মতো দল! ইতালি সমর্থকেরা হয়তো প্রমাদ গুনছিলেন, গ্রুপ পর্বেই না-জানি তাঁদের টুর্নামেন্ট শেষ হয়ে যায়! কিন্তু টুর্নামেন্ট শুরু হতেই সব সংশয় উড়িয়ে দিল ইতালিয়ানরা। শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে টুর্নামেন্ট শুরু, কাল ইব্রাহিমোভিচের সুইডেনকেও হারিয়ে শেষ ষোলোয় নাম লেখালেন বুফন-এডাররা।

ম্যাচের শেষ দিকের এই শটেই গোল করে সুইডেনের বিপক্ষে ইতালিকে জিতিয়ে দিলেন এডার মার্টিনস। ইতালিয়ান স্ট্রাইকারের উদ্‌যাপন l রয়টার্স
ম্যাচের শেষ দিকের এই শটেই গোল করে সুইডেনের বিপক্ষে ইতালিকে জিতিয়ে দিলেন এডার মার্টিনস। ইতালিয়ান স্ট্রাইকারের উদ্‌যাপন l রয়টার্স

৮৮ মিনিট পর্যন্তও মনে হচ্ছিল, ড্র-ই ম্যাচটার নিয়তি। ম্যাচটাকে রাঙিয়ে দেওয়া কোনো মুহূর্তই ছিল না। এমন সব ম্যাচে সাধারণত একমুহূর্তের ব্যক্তিগত ঝলকই ব্যবধান গড়ে দেয়। ইতালি-সুইডেনের ম্যাচেও কাল ঝলকটা দিল এডারের পা। ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে সুইডেনের অর্ধে থ্রো-ইন থেকে বল পেয়েছিলেন। দুর্দান্ত ক্ষিপ্রতায় চার-পাঁচজন সুইডিশ ডিফেন্ডারের ফাঁক গলেও বেরিয়ে গেলেন এডার। এরপর ১৮ গজ দূর থেকে ডান পায়ের বাঁকানো শট। সুইডিশ গোলকিপার তখন শুধু গোলের দর্শক!
এ মুহূর্তটিই ম্যাচের হাইলাইটস। ম্যাচটিকে বলা হচ্ছিল, ইব্রাহিমোভিচ বনাম টিম ইতালি। পুরো ম্যাচেই অনেকটা নিষ্ক্রিয় ছিলেন ইব্রা। দ্বিতীয়ার্ধে তো সহজ একটা সুযোগ নষ্ট করলেন অফসাইডের ফাঁদে আটকে। ইতালিও বেলজিয়ামের সঙ্গে প্রথম ম্যাচের মতো দল হয়ে খেলতে পারেনি।
ম্যাচের আগের দিন ইতালি অধিনায়ক জিয়ানলুইজি বুফন বলেছিলেন, ‘আমরা আমাদের সীমাবদ্ধতা জানি।’ কাল ম্যাচের প্রথমার্ধে ইতালির সেই সীমাবদ্ধতাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সুইডেন। বেলজিয়ামের মতো আক্রমণে অত বেশি খেলোয়াড় উঠিয়ে নেয়নি সুইডেন, ইতালির প্রতি-আক্রমণের কৌশলও কাল তাতে একটু কম কার্যকর হয়ে গেল। শেষ পর্যন্ত এডারেই উদ্ধার বলে রক্ষা!
এই হারে দুই ম্যাচে ১ পয়েন্ট পাওয়া সুইডেনের শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা বড় ধাক্কা খেল। আরও একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে হয়তো শূন্যতা সঙ্গে নিয়েই বিদায় নিতে হবে ইব্রাহিমোভিচকে।
দিনের অন্য ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও চেক প্রজাতন্ত্র ২-২ গোলে ড্র করেছে ক্রোয়েশিয়ার সঙ্গে। ৩৭ মিনিটে পেরিসিচ এগিয়ে দেন ক্রোয়েশিয়াকে। রাকিটিচ ৫৯ মিনিটে ব্যবধান বাড়িয়ে করেন ২-০। ৭৬ মিনিটে স্কোডা একটি গোল পরিশোধ করেন। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে নেসিদ সমতায় ফেরান চেকদের। ক্রোয়াট সমর্থকেরা মাঠে আতশবাজি ছুড়ে মারায় দ্বিতীয়ার্ধের শেষ দিকে কয়েক মিনিট বন্ধ থাকে খেলা। সনি সিক্স।