এরা পেল অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলাকাবাসীর আফসোস, কেন মেয়ের আসার খবরটা আগে জানাননি বাসুদেব সরকার! তাহলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবল দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকারকে সংবর্ধনা দিত টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উত্তর পাথালিয়াবাসী। তবে সংবর্ধনা পায়নি বলে আফসোস নেই কৃষ্ণার। ৬ সেপ্টেম্বর ঢাকা থেকে টাঙ্গাইল ফেরার পরই জেলা প্রশাসক তাঁকে সংবর্ধনা জানিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও পেয়েছে সংবর্ধনা। টাঙ্গাইলের সূতি ভিএম পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরাও প্রিয় ছাত্রীকে অভিনন্দিত করেছেন।

সেদিক দিয়ে দুর্ভাগাই বলতে হবে ময়মনসিংহের কলসিন্দুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মেয়েদের। সানজিদা-তাসলিমাদের লোকাল বাসে করে কলসিন্দুরে যাওয়ার পথে বিড়ম্বনার শিকার হতে হয়েছে। তার ওপর এই স্কুলের ক্রীড়াশিক্ষক জুবেদ আলী তালুকদার তাদের তিরস্কার করেছে, তাসলিমার বাবাকে লাঞ্ছিত করেছেন।

তাসলিমারা যখন মনঃকষ্টে ভুগছে তখন তাদের আরেক সতীর্থ মিসরাত জাহান রংপুরে খেলতে গিয়ে সংবর্ধিত হয়েছে। মিসরাতের বাড়ি রংপুরে হলেও মা-বাবার সঙ্গে সে সাভারে থাকে। ঢাকা থেকে যাতায়াতে কোনো সমস্যা হয়নি তার। রংপুরের অন্য তিন ফুটবলার সিরাত জাহান, সুলতানা আক্তার, ইশরাত জাহানও বাড়ি ফিরেছে ভালোভাবেই। এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাইপর্ব শেষ হওয়ার পরদিনই রাঙামাটি ফিরেছে মনিকা চাকমা, আনুচিং মগিনি ও আনাই মগিনি। সগৌরবে ও সানন্দে। একইভাবে সাতক্ষীরায় পৌঁছানো মাসুরা পারভীনও কোনো সমস্যার কথা বলেনি।

রাজশাহীর বাগমারার নার্গিস খাতুন, কুষ্টিয়ার নীলুফার ইয়াসমিনও বাড়িতে গেছে ৬ সেপ্টেম্বর।