এরা শুধু জিতত আর জিতত
>ক্রিস্টাল প্যালেসে হোঁচট খেয়ে থেমে গেছে ম্যানচেস্টার সিটির টানা ১৮ ম্যাচের জয়রথ। ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের মধ্যে এক মৌসুমে টানা সবচেয়ে বেশি জয় বায়ার্ন মিউনিখের, সিটির এখনকার কোচ পেপ গার্দিওলার অধীনেই। তবে শীর্ষ লিগগুলো ছাড়িয়ে পুরো ইউরোপ দেখলে লিগে টানা সবচেয়ে বেশি জয়ের রেকর্ডটা পর্তুগিজ ক্লাব বেনফিকার। তাদের সেই ইতিহাস গড়া অপ্রতিরোধ্য যাত্রার পাশাপাশি ইউরোপিয়ান ক্লাব ফুটবলে টানা অপরাজিত থাকার আরও কিছু গল্প

২৯ ম্যাচ
বেনফিকা (পর্তুগাল)
১৯৭১-৭৩
ইউসেবিওদের সেই অপ্রতিরোধ্য পথচলা অবশ্য দুই মৌসুম মিলিয়ে। ১৯৭১-৭২ মৌসুমের শেষ দিকে শুরু হয়েছিল, ওই মৌসুমে লিগ জেতার পর পরের মৌসুমেও শুরু থেকেই জয়ের ধারা অব্যাহত রাখে বেনফিকা। টানা ২৩ ম্যাচ জিতে ১৯৭২-৭৩ মৌসুমের লিগও নিশ্চিত হয়ে যাওয়ার পর পোর্তোর সঙ্গে ২-২ ড্র করে ইংলিশ কোচ জিমি হ্যাগানের দল। তবে ওই মৌসুমেও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বেনফিকা।
২৮ ম্যাচ
ডায়নামো জাগরেব (ক্রোয়েশিয়া)
২০০৬-০৭
শুরু হয়েছিল ইসত্রার বিপক্ষে ৫-১ গোলের জয় দিয়ে। টানা ২৮ ম্যাচ জয়ের পর জাগরেব যখন বেনফিকার ইউরোপিয়ান রেকর্ড ছোঁয়ার অপেক্ষায়, তাদের কোচ ব্রাঙ্কো ইভাঙ্কোভিচ গর্ব করে বললেন, ‘আমরা বেনফিকাকে অবশ্যই ছোঁব এবং জাগরেবের এই প্রজন্মের খেলোয়াড়দের নাম ফুটবল ইতিহাসে আলাদা করে লেখা থাকবে।’ কী কপাল! ভারাজদিনের বিপক্ষে ২৯ তম ম্যাচটায় ৪-৩ গোলে হেরে গেল জাগরেব! ইতিহাস গড়া হলো না।
২৫ ম্যাচ
সেল্টিক (স্কটল্যান্ড)
২০০৩-০৪
ইউরোপিয়ান রেকর্ড সেল্টিকেরও ছোঁয়া হয়নি, তবে ব্রিটিশ রেকর্ড তারা ঠিকই গড়েছিল, যা অক্ষুণ্ন আছে এখন পর্যন্ত। সুইডিশ স্ট্রাইকার হেনরিক লারসেনের সেল্টিকে ওটাই ছিল শেষ মৌসুম। ৩০ গোল করে হয়েছিলেন লিগের সর্বোচ্চ গোলদাতা। মার্টিন ও নিলের দল ওই মৌসুমে জিতেছিল ঘরোয়া ডাবল। আগস্ট ২০০৩ থেকে ফেব্রুয়ারি ২০০৪-টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকার এই সময়টা সেল্টিক প্রতিপক্ষের জালে দিয়েছিল ৮৬ গোল!
২৫ ম্যাচ
ডায়নামো তিরানা (আলবেনিয়া)
১৯৫১-৫২
১৮ এপ্রিল ১৯৫১ পুনার বিপক্ষে জয় দিয়ে শুরু হয়েছিল পথচলা, একই দলের বিপক্ষে লিগে ফিরতি ম্যাচে ড্র করে থামে ডায়নামো তিরানার জয়রথ। ওই সময়টায় আলবেনিয়ান লিগে দুর্দান্ত সময় কাটিয়েছে তিরানা, ১০৯৫ থেকে শুরু করে টানা চার মৌসুম জিতেছে ঘরোয়া লিগ। ১৮টি লিগ শিরোপা নিয়ে এখনো তিরানা আলবেনিয়ার দ্বিতীয় সফল ক্লাব। তবে ২০১১-১২ মৌসুমে অবনমিত হয়ে দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার পর আর উঠতে পারেনি শীর্ষ লিগে।
২৪ ম্যাচ
রেড স্টার বেলগ্রেড (সার্বিয়া)
২০১৫-১৬
২১ জুলাই ২০১৫ রাদনিচির বিপক্ষে ১-১ ড্রয়ের পর ২ এপ্রিল ২০১৬ ভোভোদিনার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের মাঝে টানা ২৪ ম্যাচ জিতেছে বেলগ্রেড। লিগে ওই মৌসুমে ৩০ ম্যাচের ২৬টি জিতেছিল মিয়োদ্রাগ বোজোভিচের দল, হারেনি একটিও। স্বপ্নের মতো এই চলা এই জয়রথ থেমে যাওয়ার পর বোজোভিচ হেসে বলেছিলেন, ‘সবকিছুরই তো শেষ আছে। সবাইকেই থামতে হয়।’ উয়েফাডটকম।