এরিকসেনই বলেছিলেন ম্যাচটা খেলতে

ম্যাচ শেষে এরিকসেনকে নিয়ে উদ্বেগ আর হারের কষ্ট মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল ডেনমার্কের খেলোয়াড়দের।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ান এরিকসেন তখনো হাসপাতালে, লড়াই করছিলেন মৃত্যুর সঙ্গে। ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ডেনমার্কের প্লেমেকার হঠাৎ মাঠে পড়ে যাওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি এমন ছিল যে উয়েফা ম্যাচটি সাময়িকভাবে স্থগিত করে। ডেনমার্ককে তারা বিকল্প দেয় ‘বি’ গ্রুপের এ ম্যাচ পরের দিন খেলার জন্য। কিন্তু এরিকসেনকে হাসপাতালে শঙ্কার মধ্যে রেখে ম্যাচটি কালই আবার খেলতে নামে ডেনমার্ক। ওই পরিস্থিতিতে কেন তারা ম্যাচটি আবার খেলতে নেমেছে, সেই ব্যাখা পরে দিয়েছেন ডেনমার্কের কোচ ক্যাসপার হিউলমান্দ।

ম্যাচ শেষে হতাশ ডেনমার্কের খেলোয়াড়েরা।
ছবি: রয়টার্স

এরিকসেনকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে ম্যাচটি খেলতে নেমে ১-০ গোলে হেরে গেছে ডেনমার্ক। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে হিউলমান্দ বলেছেন, ‘আমাদের দুটি বিকল্প ছিল। প্রথমটি ম্যাচটি আজ (গতকাল রাত) খেলা আর দ্বিতীয়টি আগামীকাল দুপুর ১২টায় (স্থানীয় সময় আজ দুপুর ১২টা) খেলা। সবাই আজকেই (গতকাল রাত) ম্যাচটি খেলতে রাজি হয়ে যায়।’

ম্যাচটি কাল খেলতে কেন সবাই রাজি হয়েছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন হিউলমান্দ। সেই ব্যাখ্যায় উঠে এসেছে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে একটি রাত কাটানো খেলোয়াড়েরা পরের দিন নিজেদের ম্যাচ খেলার জন্য প্রস্তুত করতে পারতেন না বলেই মনে করছিলেন সবাই। হিউলমান্দ বলেন, ‘এটা ঠিক যে এমন মানসিক অবস্থা নিয়ে আপনি একটি ম্যাচ খেলতে পারেন না। কিন্তু ম্যাচ না খেললেও (এরিকসেনের এমন অবস্থায়) কোনো খেলোয়াড়ই বাড়িতে যেতে পারত না। তারা ঘুমাতেও পারত না। এমন অবস্থায় আগামীকাল (আজ) আবার ঘুম থেকে ওঠাই কঠিন হতো।’

এরিকসেনকে নিয়ে উদ্বেগ আর হারের হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন ডেনমার্কের খেলোয়াড়েরা।
ছবি: রয়টার্স

মানসিক অবস্থা যেমনই থাকুক, আবার মাঠে নেমে ম্যাচটি জয়েরই চেষ্টা করেছিল ডেনমার্ক। হিউলমান্দ বলেছেন, ‘আমরা জিততে চেষ্টা করেছি। এমন অবস্থায় দ্বিতীয়ার্ধে খেলতে যাওয়াটা ছিল অন্য রকম একটা ব্যাপার। সত্যি বলতে কী, আমাদের খেলোয়াড়েরা একদম ভেঙে পড়েছিল। আবেগের দিক থেকে ভেঙে পড়েছিল সবাই।’ ডেনমার্কের খেলোয়াড়দের মধ্যে বন্ধনটা যে কতটা দৃঢ়, সেটাও এরিকসেনের এ ঘটনায় প্রমাণ হয়েছে বলে মনে করেন হিউলমান্দ, ‘আমাদের খেলোয়াড়েরা এত ভালো যে আমি প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছি না। এরা একে অপরের প্রতি এতটা যত্নশীল যে আমি গর্ব না করে পারছি না।’

এরিকসেনের বান্ধবীকে সান্ত্বনা দিচ্ছেন ডেনমার্কের গোলকিপার স্মাইকেল ও অধিনায়ক কায়ের।
ছবি: রয়টার্স

এরিকসেনকে নিয়ে খেলোয়াড়দের আবেগ দেখে মুগ্ধ হিউলমান্দ, ‘ড্রেসিংরুমে খেলোয়াড়েরা যেভাবে কথা বলেছে, সেটা আমার কাছে ভালো লেগেছে। ক্রিস্টিয়ানের বিষয়ে ভালো খবর না পেয়ে কোনো সিদ্ধান্ত নিতে চায়নি তারা। কঠিন এক মুহূর্ত ছিল সেটি। আমরা সবাই নিজেদের আরও একবার মনে করিয়ে দিয়েছি, ফুটবলের চেয়েও জীবন অনেক বড় ব্যাপার। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সম্পর্ক, আমাদের পরিবার ও বন্ধু। ক্রিস্টিয়ান আর তার পরিবারের প্রতি শুভকামনা রইল।’

হিউলমান্দ কথা বলার আগেই জার্মান সম্প্রচারক সংস্থা স্পোর্টস্টুডিও জানিয়েছিল, হাসপাতাল থেকে এরিকসেন ফেসটাইমে (সরাসরি ভিডিও বার্তায় কথা বলার অ্যাপ) সতীর্থদের সঙ্গে কথা বলেছেন, তাঁদের ম্যাচ চালিয়ে যেতে অনুরোধ করেছেন।