ভয় এখনো পুরোপুরি কাটেনি। তবে ক্রিস্টিয়ান এরিকসেনকে ঘিরে যে ধরনের সুখবরের অপেক্ষায় ছিল ফুটবলবিশ্ব, তেমন খবর মিলেছে উয়েফার কাছ থেকে।
ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির টুইটার একাউন্টে জানানো হয়েছে, ইউরোতে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে কিছুক্ষণ আগে মাঠে মুখ থুবড়ে পড়ে যাওয়া ডেনমার্কের প্লেমেকারের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ডেনমার্কের কোপেনহেগেনে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৪০ মিনিটে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান এরিকসেন। এরপর প্রায় ১৫ মিনিট মাঠে তাঁর চিকিৎসা চলে। উয়েফা এরপর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে।
এই ম্যাচ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত বাংলাদেশ সময় ১১টা ৪৫ মিনিটে জানা যাবে বলে জানিয়েছে উয়েফা।
পরিত্যক্ত হওয়ার আগে ম্যাচ গোলশূন্য সমতায় ছিল।
‘ডেনমার্কের খেলোয়াড় ক্রিস্টিয়ান এরিকসেনকে ঘিরে চিকিৎসাবিষয়ক জরুরি অবস্থার পর দুই দল ও ম্যাচের অফিসিয়ালদের মধ্যে জরুরি বৈঠক হয়েছে। সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম (বাংলাদেশের চেয়ে ৪ ঘন্টা পিছিয়ে) ১৯ টা ৪৫ মিনিটে আরও তথ্য জানানো হবে। সংশ্লিষ্ট খেলোয়াড়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাঁর অবস্থা স্থিতিশীল করা হয়েছে’ – লেখা উয়েফার বিবৃতিতে।
৪০ মিনিটে ফিনল্যান্ড বক্সের কাছাকাছি গিয়েছিলেন এরিকসেন, যাতে থ্রো-ইন থেকে বলটা পেতে পারেন। কিন্তু বল তাঁর কাছে আসার আগেই হঠাৎ মাঠে পড়ে যান এরিকসন। পড়ার সময় মুখ ছিল মাটির দিকে।
সঙ্গে সঙ্গেই সতীর্থ-ডাক্তাররা ছুটে আসেন তাঁর দিকে। তাঁদের উদ্বিগ্ন মুখই বলে দিচ্ছিল, অবস্থা ভীষণ গুরুতর। এক পর্যায়ে এরিকসেনের বুকে হাত দিয়ে চেপে (সিপিআর) তাঁর শ্বাস-প্রশ্বাস ফেরানোর চেষ্টা করা হচ্ছিল।
গত কয়েক মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অসমর্থিত কিছু একাউন্টে একটি ছবি ছড়িয়ে পড়েছিল, যেখানে দেখা যায় এরিকসেনের হুঁশ ফিরেছে। পরে অবশ্য সংবাদ সংস্থা এএফপিও সেই ছবি ছাপিয়েছে। ছবিতে দেখা যায়, এরিকসেনের মুখে অক্সিজেনের মাস্ক লাগানো। তিনি মাথায় হাত দিয়ে তাকিয়ে আছেন।
সংবাদমাধ্যম বিইন স্পোর্টস জানিয়েছে, এরিকসেনের অবস্থা এখন স্থিতিশীল। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে এরিকসেনের সঙ্গে থাকা এক ডাক্তার ক্যামেরার দিকে ‘থাম্বস আপ’ দেখিয়েছেন বলেও জানাচ্ছে ইউরোপের কিছু সংবাদমাধ্যম।