এরিকসেনের জন্যই সেমিফাইনালে ডেনমার্ক

মিফাইনালে ওঠার পর ডেনমার্কের খেলোয়াড়দের ক্রিস্টিয়ান এরিকসেনের জন্য ভালোবাসা প্রকাশ।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেনমার্কের খেলোয়াড় থেকে শুরু কোচ-আগেই সবাই একটা কথা বলেছিলেন, এবারের ইউরোতে তাদের যে অগ্রযাত্রা তা ওই ক্রিস্টিয়ান এরিকসেনের জন্যই।

এবারের ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে এরিকসেন হার্ট অ্যাটাক করে হঠাৎই মাঠে লুটিয়ে পড়েন। এরপর হাসপাতালে যেতে হয়ে তাঁকে। সেই রাতেই পরে শুরু হওয়া সেই ম্যাচে ডেনিশরা হেরে গেলেও এখন তাঁরা শেষ আটের ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে উঠে গেছে সেমিফাইনালে। দলটির অধিনায়ক সিমোন কায়ের বলেছেন তাঁদের এই অগ্রযাত্রা এরিকসেনের জন্যই!

ডেনমার্কের খেলোয়াড়দের শেষ চারে ওঠার আনন্দ।
ছবি: রয়টার্স

এরিকসেনের অসুস্থ হওয়ার ম্যাচে ফিনল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে শুরু হয়েছিল ডেনিশদের এবারের ইউরো। গ্রুপ পর্বের পরের ম্যাচে বেলজিয়ামের কাছেও হেরে যায় তারা। কিন্তু শেষ ম্যাচে রাশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলোতে ওঠে ডেনমার্ক। শেষ ষোলোতে তারা ওয়েলসকে উড়িয়ে দেয় ৪-০ গোলে। আর এখন শেষ ষোলোতে চেকদের বিপক্ষে ২-১ গোলের জয়ে ডেনিশরা উঠে গেছে শেষ চারে।

এবারের ইউরোত ডেনিশরা এতটা ভালো খেলবে বলে ধারনা করতে পারেননি অনেকেই। হঠাৎ করে তাদের এত ভালো ফুটবল উপহার দেওয়ার রহস্য কী সেটা চেকদের হারিয়ে সেমিফাইনালে ওঠার পর জানিয়েছেন দলটির অধিনায়ক সিমোন কায়ের। তাঁর কথা, এরিকসেনের হঠাৎই অসুস্থ হওয়ার বিষয়টি তাদের জন্য বিশেষ প্রেরণা হয়ে ধরা দিয়েছে। এরিকসেনের জন্যই তারা নিজেদের সর্বস্ব দিয়ে খেলেছেন বলেও জানিয়েছেন তিনি।

ম্যাচ শেষে সিমোন কায়ের বলেছেন, 'এরিকসেনের অসুস্থতা দলটিকে বিশেষ কী যেন দিয়েছে। এই ঘটনার পর আমরা বুঝতে পেরেছি যে আমাদের মধ্যে কেউ যদি বিপদে পড়ে পরে তাহলে তার জন্য কেউ না কেউ আছে। এটা আমাদের নিরাপত্তা দিয়েছে এবং অবশ্যই ক্রিস্টিয়ানকেও একটা ভালো অনুভূতি দিয়েছে।'

কোনোভাবেই এবারের ইউরো জয়ের জন্য ফেবারটি নয় ডেনমার্ক। সেটা খুব ভালো করেই জানেন কায়ের। কিন্তু স্বপ্ন দেখতে দোষ কী! এ কারণেই হয়তো সেমিফাইনালে ওঠার পর এখন ফাইনালেরও স্বপ্ন দেখছেন তিনি, 'এটা ঠিক যে ফাইনালে জায়গা করে নেওয়াটা বিরাট ব্যাপার। কিন্তু আমরা ওয়েম্বলিতে ফাইনালের স্বপ্ন দেখছি। তবে এটা বলাও মিথ্যা হবে যে আমরা এর যোগ্য।'

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে এবারের ইউরোর শেষ চারে উঠে গেছে ডেনমার্ক।
ছবি: রয়টার্স

ফাইনাল আরও পরের ব্যাপার। সেমিফাইনালে ওঠাটাকেই স্বপ্ন মনে হচ্ছে ডেনমার্কের গোলকিপার কাসপার স্মাইকেলের কাছে, 'এটা ভাষায় প্রকাশ করা কঠিন...চেক প্রজাতন্ত্র শক্তিশালী এক দল। তবে আমরা প্রথমার্ধে ভালো খেলেছি। কিন্তু দ্বিতীয়ার্ধ আমাদের জন্য খুব কঠিন ছিল।' তবে একটা বিশ্বাস স্মাইকেলের ঠিকই আছে। সেই বিশ্বাসের কথা তিনি বলেছেন এভাবে, ‌আমরা লড়াই করতে পারি। রেফারি যখন শেষ বাঁশি বাজালেন, খুব স্বস্তি পেয়েছি। এখন আমরা এটা উদ্্যাপন করব।'