১৯৯২ সালে এই দিনেই রূপকথা লিখেছিল ডেনমার্ক। হান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসনের দেশ সেদিন লিখেছিল ফুটবল রূপকথা। সুইডেনের গোথেনবার্গে ইউরোর ফাইনালে ফুটবল পরাশক্তি জার্মানিকে হারিয়ে ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলেছিল ডেনিশরা। ২৯ বছর পর আরেকটি ২৬ জুনে সেই ডেনমার্ক উঠে গেল আরেকটি ইউরোর কোয়ার্টার ফাইনালে। আমস্টারডামে শেষ ষোলোর ম্যাচে গ্যারেথ বেলের ওয়েলসকে ৪–০ গোলে হারিয়েছে ডেনিশরা।
এবার ডেনিশরা আরেকবার রূপকথা লিখতে পারবে কি না কে জানে! তবে আজকের ম্যাচটি দলটির ফরোয়ার্ড কাসপার ডোলবার্গের জন্য তো রূপকথাই ছিল। গ্রুপ পর্বে মাত্র ৩১ মিনিট খেলার সুযোগ পাওয়া নিস ফরোয়ার্ড যে আজ প্রথমবার প্রথম একাদশে সুযোগ পেয়েই জয়ের নায়ক। ডেনমার্কের দুটি গোলই ২৩ বছর বয়সী ডোলবার্গের। ২৭ মিনিটে ও ৪৮ মিনিটে গোল দুটি করেছেন ইউসুফ পুলসেনের চোটে প্রথম একাদশে সুযোগ পাওয়া ডোলবার্গ।
৮৮ মিনিটে ডেনমার্কের তৃতীয় গোলটি করেন ইওয়াকিম ম্যালে। যোগ করা সময়ে চতুর্থ গোলটি আসে মার্টিন ব্র্যাথওয়েটের কাছ থেকে
কোয়ার্টার ফাইনালে ডোলবার্গের ডেনমার্ক খেলবে নেদারল্যান্ডস কিংবা চেক প্রজাতন্ত্রের বিপক্ষে।
ম্যাচের শুরুতে অবশ্য বোঝা যায়নি ওয়েলস শেষ পর্যন্ত এভাবে হারবে। প্রথম ১৮ মিনিট ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বেলদেরই। ১০–১২, এই তিন মিনিটের মধ্যে তো দুটি গোলের সুযোগ নষ্ট করেন বেল। তাঁর দুটি শটের একটি পোস্টের বাঁ পাশ দিয়ে, অন্যটি চলে যায় ডান পাশ দিয়ে বাইরে।
এরপরই ঘুরে দাঁড়ায় ডেনমার্ক। ওয়েলসকে চেপে ধরে ৪ মিনিটের মধ্যে চার–চারটি কর্নার আদায় করে নেয় দলটি। ৪ মিনিটে ইয়ানিক ভেস্তেগার্ড সুযোগও নষ্ট করেন। তবে চাপ ধরে রাখার ফল ২৭ মিনিটে পেয়ে যায় ডেনিশরা।
মিকেল ডামসগার্ডের কাছ থেকে বল পেয়ে একটু এগিয়ে গিয়ে পেনাল্টি বক্সের বাইরে থেকে কাসপার ডোলবার্গ ডান পায়ে দারুণ এক গোল পেয়ে যান। ২৩ বছর বয়সী ডোলবার্গর ডেনমার্কের জার্সি গায়ে অষ্টম গোল ছিল এটি।
নবম গোলটি করার সুযোগ ৫ মিনিট পরেই পেয়ে গিয়েছিলেন ডোলবার্গ। ডামসগার্ডের কাছে থেকে আবারও বল পেয়ে গোলে শট নেন ডেনিশ ফরোয়ার্ড। ওয়েলস গোলরক্ষক ওয়েইন হেনেসি প্রথম পা দিয়ে আটকে দেন বল। ৪৫ মিনিটেও অল্পের জন্য গোল পায়নি ডেনমার্ক। কঠিন কোণ থেকে নেওয়া ইওয়াকিম ম্যালের শট সাইড বারে জড়ায়।
ডোলবার্গ দলকে দ্বিতীয় গোল এনে দেন ৪৮ মিনিটে। গোলের বেশিরভাগ কৃতিত্ব (!) অবশ্য ওয়েলসের ডিফেন্ডার নিকো উইলিয়ামসের। মার্টিন ব্র্যাথওয়েটের নিরীহ ক্রসটিকে ফাকায় দাঁড়ানো ডোলবার্গের পায়ে তুলে দেন উইলিয়ামস। ডোলবার্গের গোল করা ছাড়া আর কোনো উপায় ছিল না!