এল ক্লাসিকোর উত্তেজনা ছুঁয়ে যাচ্ছে ক্যানাভারোকেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্যাবিও ক্যানাভারোর কাছেও এল ক্লাসিকো শুধুই একটা ফুটবল ম্যাচের চেয়েও বেশি
ফ্যাবিও ক্যানাভারোর কাছেও এল ক্লাসিকো শুধুই একটা ফুটবল ম্যাচের চেয়েও বেশি

একটা ফুটবল ম্যাচ। দুটি দল খেলবে। জিতলে ৩ পয়েন্ট পাবে। হারলে ০, আর ড্র করলে ১। এই তো হিসাবটা?
একদমই ভুল। উপরেরটি তো শুধুই অঙ্কের হিসাব। ম্যাচটি যদি হয় এল ক্লাসিকো, মুখোমুখি দুটি দলের নাম যদি হয় রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা, ‘৩-০-১’—এই অঙ্কগুলোর সাধ্য কী ম্যাচের ফলের প্রভাব ব্যাখ্যা করে! সাবেক রিয়াল ডিফেন্ডার ফ্যাবিও ক্যানাভারোর কাছেও মনে হচ্ছে, ম্যাচের গুরুত্ব তিন পয়েন্টের চেয়েও বেশি কিছু।
ইতিহাস, ঐতিহ্য, অহমের বিষয়গুলো তো আছেই। একটু ঝুঁকি নিয়ে বলে দেওয়া যায়, ক্লাব ফুটবলের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ এল ক্লাসিকো। ম্যাচটির আবেদন বিশ্বব্যাপী। এই তো, গত মৌসুমের বার্নাব্যুর এল ক্লাসিকো টিভি ও ইন্টারনেটে সরাসরি দেখেছিলেন প্রায় ৫০০ মিলিয়ন মানুষ। এই দিকটি বিবেচনা করেই ক্যানাভারো বললেন, ‘চার বছর ধরে দুবাইতে আছি। এই ম্যাচটির জন্য লোকজনকে পাগল হতে দেখেছি। সবাই বলে, ম্যাচটি শুধুই তিন পয়েন্টের। তবে এটি এর চেয়েও বেশি কিছু।’
২০০৬ বিশ্বকাপজয়ী ইতালি অধিনায়ক ক্যানাভারো তিন মৌসুম খেলেছেন রিয়ালের জার্সিতে (২০০৬-০৯)। দুবার স্প্যানিশ লিগের শিরোপাও জিতেছেন। তাঁর শেষ মৌসুমেই দেখেছেন বার্সার উত্থান। পেপ গার্দিওলার প্রথম মৌসুমে সেবার ‘ট্রেবল’ জিতেছিল কাতালানরা। ‘ট্রেবল’ জিতেছে তারা গত মৌসুমেও। রিয়াল ছিল অনেকটা দর্শক হয়েই। এ মৌসুমেও নতুন কোচের অধীনে এখনো পুরো গুছিয়ে উঠতে পারেনি। তার পরও এল ক্লাসিকোতে রিয়ালকে একটুও পিছিয়ে রাখছেন না ক্যানাভারো, সেটি ক্লাবের নামটা ‘রিয়াল মাদ্রিদ’ বলেই। স্প্যানিশ সংবাদমাধ্যম এফেকে ২০০৬ বিশ্বকাপজয়ী ইতালিয়ান বললেন, ‘রিয়ালকে তো আমার কাছে ভালোই মনে হচ্ছে। খেলোয়াড় বা কোচ বদল করলেও সমস্যার কিছু নেই। রিয়াল মাদ্রিদ সব সময়ই রিয়াল মাদ্রিদ।’
এ ম্যাচে জয়ের ‘টোটকা’ও দিয়ে দিলেন রিয়ালকে, ‘ভিন্ন ধরণের একটা ম্যাচ হবে এটি, যেখানে বুদ্ধির লড়াইয়ে বার্সাকে হারাতে হবে রিয়ালের।’ মার্কা।