এল ক্লাসিকো আজ ন্যু ক্যাম্পে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে জর্জো কিয়েল্লিনিকে কামড়ানোর দায়ে নিষিদ্ধ লুইস সুয়ারেজের মাঠে নামতে দেরি হয়েছিল তিন মাস। বার্সেলোনার জার্সি গায়ে নামলেন গত অক্টোবরের এল ক্লাসিকোতে। কী দুঃস্বপ্নেরই না ছিল সেই অভিষেক! সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হার। সপ্তাহ না ঘুরতেই ঘরের মাঠে সেল্টা ভিগোর কাছে পরের ম্যাচেও হারল বার্সা। ওদিকে লিওনেল মেসি আর নেইমাররাও তখন খুঁজে ফিরছেন নিজেদের। তখন প্রশ্ন উঠেছিল, বার্সেলোনায় মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ীর মেলবন্ধন কি আদৌ হবে? পারবেন তাঁরা আক্রমণের ভয়ংকর ত্রিফলা হয়ে উঠতে?
প্রায় পাঁচ মাস পর সেই প্রশ্নটা একেবারেই উধাও। ‘এমএনএস’ত্রয়ী রীতিমতো উড়ছেন, সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ ১৮ ম্যাচে ১৭ জয় নিয়ে উড়ছে বার্সেলোনাও। অন্যদিকে মৌসুমের শুরুতে উড়তে থাকা রিয়াল মাদ্রিদ এখন একটু বিবর্ণ। সর্বশেষ ১৬ ম্যাচে ৫ হার, দুটি ড্র। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছে কোপা ডেল রের দ্বিতীয় রাউন্ড থেকে। লা লিগার শীর্ষস্থানও হারিয়েছে বার্সেলোনার কাছে। ন্যু ক্যাম্পের এল ক্লাসিকোতে তাই আজ বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে রিয়াল মাদ্রিদের সামনে।
এল ক্লাসিকো মানেই আবার মেসি-রোনালদোর দ্বৈরথও। মৌসুমের শুরুতে দুর্দান্ত ফর্মে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর সেই খুনে ভাবটাও যেন আর নেই। অন্যদিকে শুরুর দিকে তাঁর তুলনায় কিছুটা ম্লান মেসি এখন একেবারে চেনা ছন্দে। ফলাফল, পয়েন্ট তালিকায় বার্সেলোনা যেমন রিয়ালের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে, লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসিও (৩২) রোনালদোকে (৩০) ছাড়িয়ে গেছেন। মেসি অবশ্য কয়েক দিন আগে নিজেই বলেছেন, এটা সাময়িক। রোনালদো যেকোনো দিন সব হিসাব উল্টে দিতে পারেন। প্রায় একই কথা কিংবদন্তি পেলেরও। নিজের দলে কাকে রাখবেন, এমন প্রশ্নে মেসিকে বেছে নিলেও বলেছেন, ‘মেসিকে রাখব, কারণ মেসি খেলা বানিয়েও দেয়। তবে রোনালদো অনেকটা ব্রাজিলের রোনালদোর মতো, সে গোল করতে পারে অনেক বেশি।’
সেই রোনালদো কি আজ পারবেন আবারও মেসিকে গোলসংখ্যায় পেছনে ফেলতে? রিয়াল কি পারবে শীর্ষস্থানটা আবার নিজেদের দখলে নিতে? জবাবটাও পাওয়া যাবে আজ ন্যু ক্যাম্পের মহারণ শেষে। এএফপি।