এল ক্লাসিকোতেই ফিরবেন মেসি?

লা পালমাসের বিপক্ষে ২-১ গোলে জয়ের পরও গোমড়া মুখেই মাঠ ছেড়েছিলেন বার্সেলোনা কোচ। দলের সেরা অস্ত্র লিওনেল মেসি যে চোটাক্রান্ত হয়ে খেলার দশ মিনিটের মাথায় মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন। মেসি দুই মাসের জন্য মাঠের বাইরে চলে যাওয়ায় এখন নতুন করে রণ পরিকল্পনা সাজাতে হবে লুইস এনরিকেকে। তবে মেডিকেল টিমের দেওয়া তথ্যে একটু হলে স্বস্তি পাবেন এনরিকে। সবকিছু ঠিক থাকলে ‘এল ক্লাসিকো’র আগেই সুস্থ হয়ে উঠবেন মেসি।
গত শনিবার ন্যু ক্যাম্পে লিগের খেলার তৃতীয় মিনিটেই আহত হন মেসি। দশ মিনিটের মাথায় একেবারে মাঠ ছেড়েই উঠে যান এই আর্জেন্টাইন তারকা। পায়ের লিগামেন্টে ছিড়ে যাওয়ায় ভাবা হচ্ছিল আট সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাচ্ছেন মেসি। সেই হিসেব অনুযায়ী বছরের প্রথম ‘এল ক্লাসিকো’তে মেসিকে না দেখার সম্ভাবনাই ছিল বেশি। নভেম্বরের ২১ তারিখ সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমে প্রথমবারের মতো মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। মেসিকে ছাড়াই ‘এল ক্লাসিকো’ ভাবতেই মন খারাপ হয়ে যাচ্ছিল ফুটবল ভক্তদের। মহারণ হবে। কিন্তু বার্সেলোনার মেডিকেল টিম আশা প্রকাশ করেছেন আট সপ্তাহ নয়, সাত সপ্তাহের মধ্যেই সেরে উঠবেন মেসি। আর তাহলেই বার্নাব্যুতে দেখা যাবে মেসিকে। খবরটি শুনে একটু হলেও স্বস্তি পাবেন এনরিকে। সময়মতোই দলের সেরা অস্ত্রকে ফিরে পাচ্ছেন তিনি।
এল ক্লাসিকোর আগে অবশ্য স্প্যানিশ লিগ এবং চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে আটটি ম্যাচ মেসিকে ছাড়াই খেলতে হবে বার্সেলোনাকে। অনেক দিন পর লা লিগা জমে ওঠায় সামনে বেশ কঠিন সময়ই অপেক্ষা করছে মেসি-বিহীন বার্সেলোনার সামনে। সূত্র: মার্কা ডট কম