এল ক্লাসিকোয় রোনালদোর 'ক্লান্তি-তত্ত্ব'

ঘোর প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে আজ রাতে বার্নাব্যুতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে এই ম্যাচ নিশ্চয়ই আর দশটি ম্যাচের মতো নয়। ‘এল ক্লাসিকো’ শব্দ-যুগলের মধ্যেই তো পরতে পরতে মিশে আছে উত্তেজনা আর উত্তুঙ্গ লড়াইয়ের ছোঁয়া। এটি রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার মধ্যকার লড়াই তো বটেই, এই ম্যাচ মুখোমুখি দাঁড় করিয়ে দেবে হালের দুই মহাতারকাকেও। ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিও এই ম্যাচে মরণপণ লড়াইয়ে নামবেন। একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার সেই লড়াইও যে উত্তেজনার বারুদ ছড়াবে চারদিকে। তবে মৌসুমের প্রথম এই এল ক্লাসিকোর আগমুহূর্তে এক ‘ক্লান্তি-তত্ত্ব’ সামনে নিয়ে এসেছেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। ক্লান্তি-তত্ত্বের কারণ, গত বুধবারই অ্যানফিল্ডে চ্যাম্পিয়নস লিগের খেলা সারতে হয়েছে তাঁর দলকে। তিনি প্রশ্ন রেখেছেন, চ্যাম্পিয়নস লিগের সময়সূচি যেহেতু আগে থেকেই ঠিক করা, তাই স্প্যানিশ লিগ কর্তৃপক্ষও তো শনিবারের স্থলে অন্যদিন ফেলতে পারত খেলাটা। দুই দিন বিরতি দিয়ে আর যা-ই হোক এল ক্লাসিকোয় মাঠে নামাটা বেশ কষ্টকরই বটে।
অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচটা রিয়াল মাদ্রিদ সহজে জিতলেও ওটাকে কোনোমতেই ‘ছোট ম্যাচ’ হিসেবে চিহ্নিত করা যাবে না। বিদেশের মাটিতে এমন একটি ম্যাচ খেলে মাদ্রিদে ফেরার দুই দিনের মাথায় তাঁদের এমন একটি ম্যাচে মাঠে নামতে হচ্ছে, যে ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফলই প্রত্যাশিত নয় সমর্থকদের কাছে।
তবে কি এই ম্যাচে বার্সেলোনা একটু বাড়তি সুবিধাই পেতে যাচ্ছে? রোনালদো অবশ্য তাই মনে করেন। বার্সেলোনাও চ্যাম্পিয়নস লিগে মাঠে নেমেছিল রিয়ালের এক দিন আগে। আর সেটা যে বার্সেলোনার সুবিধা, সেটা সরাসরি না বললেও আকারে-ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন তিনি, ‘এই পর্যায়ের ফুটবলে ২৪ ঘণ্টার অতিরিক্ত বিশ্রামও অনেক কিছু। এল ক্লাসিকোর সূচি তৈরির আগে কর্তৃপক্ষের এই বিষয়টায় মনোযোগ দেওয়া উচিত ছিল।’ সূত্র: মার্কা।