এল ক্লাসিকোর আগে এক সঙ্গে থাকবেন মেসি-রামোসরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারে শেষ হাসি কে হাসবেন? এএফপি ফাইল ছবি
এবারে শেষ হাসি কে হাসবেন? এএফপি ফাইল ছবি
>

আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এ ম্যাচ দিয়ে লিগের শীর্ষস্থান নিশ্চিত করার সুযোগ দুই দলের সামনে

এ মৌসুমের এল ক্লাসিকো বেশ অপেক্ষায় রাখল সবাইকে। প্রায় চার মাস পেরিয়ে যাওয়ার পরও স্প্যানিশ ফুটবলের সবচেয়ে বড় ম্যাচটির দেখা মিলছিল না রাজনৈতিক কারণে। কাতালান স্বাধীনতা নিয়ে চলমান অস্থিরতার প্রভাবে অক্টোবরের এল ক্লাসিকো পিছিয়ে এসেছে ১৮ ডিসেম্বরে। আগামীকাল ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। অবশ্য ম্যাচের আগেই দুই দলের দেখা হয়ে যাবে কাল।

এল ক্লাসিকো নিয়ে এর মাঝেই সবাইকে সতর্ক করে দিয়েছে স্প্যানিশ সরকার। স্বাধীনতা নিয়ে যেখানে পুরো কাতালুনিয়া খেপে আছে, এ অবস্থায় চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ আয়োজনকে স্বাভাবিকভাবে নিতে পারছেন না অনেকেই। এর মাঝেই কাতালান চরমপন্থীরা হুমকি দিয়ে রেখেছে অপ্রীতিকর কিছু করার। ন্যু ক্যাম্পে সর্বশেষ ম্যাচে ম্যাচের সময়ে ড্রোন ঢোকার দৃশ্য নিরাপত্তা শঙ্কা বাড়িয়ে দিয়েছে। এমন অবস্থায় মাঠের একদম নিকটতম আবাসিক হোটেলে রিয়াল মাদ্রিদ দলকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঠ থেকে মাত্র ৫০০ মিটার দূরে অবস্থিত প্রিন্সেস সোফিয়া হোটেলে থাকবে জিনেদিন জিদানের দল।

এটা অবশ্য পুরোনো খবর। নতুন খবর হলো, ম্যাচ উপলক্ষে বার্সেলোনার খেলোয়াড়দেরও এ হোটেলে রাখা হবে। সাধারণত ঘরের মাঠের খেলায় খেলোয়াড়রা নিজেদের ব্যবস্থায় মাঠে হাজির হন। কিন্তু কোনো দুর্ঘটনা বা মানুষের ভিড়ে যেন কোনো খেলোয়াড় আটকা না পড়েন সেটা নিশ্চিত করতে নিরাপত্তা দলের পরামর্শে বার্সেলোনার স্কোয়াডের সবাইকে দুপুর সাড়ে ১২টার মধ্যে হোটেল সোফিয়ায় আসতে বলা হয়েছে। স্থানীয় সময় রাত আটটায় অনুষ্ঠিত এই ম্যাচের জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত হোটেলেই থাকার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা।

প্রতিবছরই এল ক্লাসিকো কোনো না কোনো নতুন বিষয়ে উত্তেজনা ছড়ায়। তবে এবার রাজনৈতিক কারণ ছাড়াও মাঠের খেলাও আগ্রহ বাড়াচ্ছে। নয় বছর পর এই প্রথম কোনো এল ক্লাসিকোয় দুই দলই সমান পয়েন্ট নিয়ে খেলতে নামছে। লিগের অন্য প্রতিপক্ষের চেয়ে এক ম্যাচ কম খেলেও ৩৫ পয়েন্ট নিয়ে তিনে থাকে সেভিয়ার চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।