এল ক্লাসিকোর বিতর্কগুলো ঠিক কি বেঠিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী হয়নি কাল রাতে? পাদটীকা যোগ করেও যদি বলতে হয়, তবু স্মরণকালের সেরা ‘এল ক্লাসিকো’টা হয়ে গেল কাল। ৯৩ মিনিটের দুর্দান্ত এই ম্যাচে ফুটবল যেমন ছিল, তেমনি বিতর্কিত কিছু সিদ্ধান্তও ছিল। অবশ্য ধ্রুপদি কোনো ম্যাচ মানেই তো বিতর্ক নামক বাড়তি মসলা! গতকালের রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচের ‘মসলা’গুলো নতুন করে একটু পরখ করে দেখা যাক—কোনটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে আর কোনটা ম্যাচটা রাঙিয়েছে

রোনালদো-উমতিতি (২ মিনিট)
ম্যাচের দুই মিনিট না যেতেই প্রথম বিতর্ক। বার্সেলোনা ডি-বক্সে ক্রিস্টিয়ানো রোনালদোকে ফাউল করেছেন স্যামুয়েল উমতিতি। প্রথমে কোনো ফাউল হয়নি মনে হলেও পরে দেখা গেছে, বলের আগে রোনালদোর পা ছুঁয়েছিলেন উমতিতি। তবে পেনাল্টি পাওয়ার মতো জোরালো কোনো ফাউল নয় বলেই বেঁচে গেছেন ফ্রেঞ্চ ডিফেন্ডার।

রক্তাক্ত ঠোঁট নিয়ে মাঠের পাশে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। ছবি: রয়টার্স
রক্তাক্ত ঠোঁট নিয়ে মাঠের পাশে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। ছবি: রয়টার্স

মার্সেলোর কনুই (২১ মিনিট)
২১ মিনিটে পাল্টা আক্রমণে উঠেছিল রিয়াল। মাঠের বাম প্রান্ত থেকে মার্সেলোর ক্রস হয়ে গোলে শট ছিল রোনালদোর। কিন্তু ক্রস দেওয়ার মুহূর্তে মার্সেলোর কনুই লাগে লিওনেল মেসির মুখে। রক্তাক্ত অবস্থায় কিছুক্ষণের জন্য মাঠ ছাড়তে হয় মেসিকে। ভিডিও রিপ্লেতে দেখা গেছে, শট নেওয়ার সময়ে মার্সেলোর কনুইটা একটু বেশিই ওপরে উঠে গিয়েছিল। সেটা কী ইচ্ছাকৃত না দুর্ঘটনা, সে মীমাংসা হয়নি। ইচ্ছাকৃত কনুইয়ের শাস্তি সরাসরি লাল কার্ড।

কাসেমিরোর গোল (২৮ মিনিট)
২৮ মিনিটে কাসেমিরোর গোলটা নিয়েও প্রশ্ন জেগেছিল। মার্সেলোর ক্রস থেকে শট নিয়েছিলেন সার্জিও রামোস। সেটা ডান পোস্টে লেগে বাঁ পোস্টের দিকে চলে যাওয়ার পর গোল করেন কাসেমিরো। প্রথমে মনে হয়েছিল মার্সেলোর ক্রসের সময় অফসাইডে ছিলেন রামোস। পরে দেখা গেছে, পাকো আলকাসারের জন্য অনসাইডেই ছিলেন রামোস। অফসাইডে ছিলেন রিয়ালের অন্য এক খেলোয়াড়। কিন্তু সে গোলে তাঁর কোনো অবদান না থাকায়, গোলের সিদ্ধান্তটা সঠিক ছিল।

এই ট্যাকলেই লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন সার্জিও রামোস। ছবি: রয়টার্স
এই ট্যাকলেই লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন সার্জিও রামোস। ছবি: রয়টার্স

কাসেমিরোর বেঁচে যাওয়া (৪৫ মিনিট)
১২ মিনিটে মেসিকে ট্যাকল করে প্রথম হলুদ কার্ডে দেখেছিলেন কাসেমিরো। সেটা ৪৫ মিনিটেই সেটা লাল কার্ড হয়ে যেতে পারত। আবারও মেসির পা মাড়িয়ে দিয়েছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। কিন্তু রেফারি হার্নান্দেজ হার্নান্দেজের চোখ এড়িয়ে যাওয়ায় বেঁচে যান কাসেমিরো।

রামোসের লাল কার্ড (৭৭ মিনিট)
মেসিকে আটকাতে অযথা দুই পায়ে ট্যাকল করতে গিয়ে সরাসরি লাল কার্ড দেখেছেন সার্জিও রামোস। সিদ্ধান্ত নিয়ে কোনো বিতর্ক নেই, তবে লাল কার্ড দেখার পর জেরার্ড পিকের সঙ্গে যেভাবে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন, সেটাই জন্ম দিয়েছে আলোচনার। সূত্র: মার্কা।