এল পিপিতারও বলার আছে

নাপোলি সমর্থকদের রোষটা কি এখন ক্লাব সভাপতির ওপর গিয়ে পড়বে?
কদিন ধরে নেপোলিতানদের ক্ষোভের আগুনে পুড়তে হলো গঞ্জালো হিগুয়েইনকে! নেপলসের রাস্তায় কেউ আর্জেন্টাইন স্ট্রাইকারকে ‘প্রতারক’ লিখে বড় ব্যানার বের করলেন। কেউ পোড়ালেন তাঁর জার্সি। তিনি যে বিশ্বাসঘাতক! নাপোলির ভালোবাসাকে অপমান করে যোগ দিয়েছেন জুভেন্টাসে। বলা যায় না, সেই ক্ষোভের আগুনটা এখন এগিয়ে যেতে পারে নাপোলি সভাপতি অরেলিও ডি লরেন্তিসের দিকে। হিগুয়েইন দাবি করছেন, তাঁর নাপোলি ছাড়ার বড় একটা কারণ ডি লরেন্তিস!
জুভেন্টাসের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ক্লাব সভাপতি সম্পর্কে হিগুয়েইন বলেন, ‘শুধু এতটুকু বলতে পারি, তাঁর (ডি লরেন্তিস) সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাঁর চিন্তাভাবনার ধরন আমার সঙ্গে মেলে না। এই সিদ্ধান্ত নিতে আমাকে বাধ্যই করেছেন তিনি।’ অথচ এই লরেন্তিসই কিছুদিন আগে হিগুয়েইনকে বলেছেন ‘বিশ্বাসঘাতক’। এখন উল্টো তাঁর ওপরই ক্ষোভ উগরে দিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার, ‘নাপোলিতে মধুর স্মৃতিগুলোর জন্য তিফোসি (নাপোলি সমর্থক) ও সতীর্থদের আমি ধন্যবাদ জানাই, তবে তাঁকে নয়। তাঁকে আর এক মিনিটও সহ্য হচ্ছিল না আমার।’
তিনটি মৌসুম হিগুয়েইনকে হৃদয়ের কোণে বেঁধে রেখেছিলেন নাপোলির সমর্থকেরা, বসিয়েছিলেন কিংবদন্তি ম্যারাডোনার কাছাকাছি আসনে। সেই আদরের ‘এল পিপিতা’ যখন জুভেন্টাসে যান, তাতে ক্ষোভ কেন হবে না! তবে ২৮ বছর বয়সী স্ট্রাইকার মনে করছেন, সঠিক সিদ্ধান্তই নিয়েছেন তিনি, ‘নাপোলিতে অসাধারণ তিনটি বছর কেটেছে আমার। বুঝতে পারি, সমর্থকদের কেন আমার ওপর রাগ। অনেক অপমানজনক কথাও শুনেছি এ জন্য। তবে ব্যক্তিগত কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছি। এতে আমি খুশি, আর এখন শুধু জুভকে নিয়েই ভাবছি।’
ভাবনাটা শিরোপা জয়ের। ইতালিয়ান লিগের শিরোপাকে তো বলতে গেলে ‘সম্পত্তি’ই বানিয়ে নিয়েছে জুভেন্টাস। দলবদলের কার্যক্রম বলছে, এবার জুভদের চোখ ইউরোপিয়ান শিরোপায়ও। পিয়ানিচ, দানি আলভেজ, বেনাতিয়ার মতো খেলোয়াড়দের নিয়ে এসেছে, আক্রমণের শক্তি বাড়াতে এলেন হিগুয়েইন। গত মৌসুমে ইতালির রেকর্ড ৩৬ গোল করা স্ট্রাইকারের চোখ এখনই যেন চকচক করছে শিরোপার আশায়, ‘জুভেন্টাসকে বেছে নেওয়ার কারণ, এটা দুর্দান্ত একটা দল। জয়ের জন্য পরিষ্কার ধারণা ও মানসিকতা আছে তাদের, গুরুত্বপূর্ণ প্রকল্পও আছে।’
প্রকল্পের অংশ হিসেবেই গ্যারেথ বেল ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর দলবদল ফির তৃতীয় সর্বোচ্চ রেকর্ড গড়ে (৯০ মিলিয়ন ইউরো) হিগুয়েইনকে আনা, ইতালিতে যেটি সর্বোচ্চ। বেতনও ইতালিয়ান লিগের রেকর্ড। চাপ নয়, এতে বরং নিজেকে প্রমাণের চ্যালেঞ্জই পাচ্ছেন জুভেন্টাসের নতুন স্ট্রাইকার, ‘এখানে পুরোপুরি উপভোগ করতে চাই, আর জিততে চাই অনেক শিরোপা। দেখিয়ে দিতে চাই, কেন আমাকে এত বেশি বেতন দেওয়া হচ্ছে।’
জুভেন্টাস আশান্বিত হতেই পারে। আর্জেন্টিনার জার্সিতে যা-ই হোক না কেন, ক্লাবে যে কয়েক মৌসুম ধরে বেশ উজ্জ্বল ‘এল পিপিতা’। রয়টার্স, মার্কা।