এলচের জালে বার্সার হাফ ডজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলচের বিপক্ষে বিশেষ মুহূর্তে মেসি ছবি: এএফপি
এলচের বিপক্ষে বিশেষ মুহূর্তে মেসি ছবি: এএফপি

নিজের জন্মদিনের দিন বার্সার একাদশে থাকতে পারেননি উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। কিন্তু তাতে কী! এলচের বিপক্ষে আলোর ঝলকানি দেখালেন লিওনেল মেসি। তাঁর অসাধারণ বল প্লে আর জোড়া গোলের সঙ্গে বার্সা সমর্থকদের আনন্দের উৎস হয়ে থাকা নেইমারের জোড়া গোল, সঙ্গে পেদ্রো, পিকে’র একটি করে গোলে এলচের বিপক্ষে ৬-০ গোলের বিশাল জয় পেয়েছে বার্সেলোনা।
এলচে’কে যেন রীতিমতো পেয়ে বসেছে কাতালান-বাহিনী। এই ম্যাচের আগে কেবল জানুয়ারি মাসেই বার্সার বিপক্ষে নয় গোল হজমের রেকর্ড তৈরি করেছে এই এলচে। লিগ ও কোপা ডেল রে মিলে এই নয় গোলের লজ্জা মাথায় নিয়েই কাল মাঠে নেমেছিল তারা। আরও ছয়টি গোল খাওয়ার পর এলচে এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে। এই মৌসুমে যে বার্সেলোনার সঙ্গে আর খেলতে হবে না তাদের।
সুয়ারেজকে কেন কাল প্রথম থেকে খেলাননি এনরিকে? ধারণা করা হচ্ছে কোপা ডেল রে’র ম্যাচে আগের দিন তিনটি সহজ গোলের সুযোগ নষ্ট করার শাস্তিটা হাতে হাতে দিতেই এনরিকের এই সিদ্ধান্ত। এলচের বিপক্ষে কাল প্রথম থেকে মাঠে থাকলে সুয়ারেজ কত কী করতে পারতেন, সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু এই মুহূর্তে সুয়ারেজের স্ট্রাইকিং-ফর্মের যে অবস্থা, তাতে এলচের মতো প্রতিপক্ষের বিপক্ষে যে তাঁর খেলার দরকার বেশি করেই। ১১টি লিগ ম্যাচে মাত্র দুটি, সব মিলিয়ে ৫ গোলের রেকর্ডটি যে কোনোমতেই তাঁর মতো স্ট্রাইকারের নামের সঙ্গে যাচ্ছে না!
কাল ২১ মিনিটেই এগিয়ে যেতে পারত বার্সেলোনা। মেসির ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৩৩ মিনিটে মেসির বাড়িয়ে দেওয়া বলে গোলের আরও একটি সহজ সুযোগ নষ্ট করেন নেইমার। এর ঠিক দুই মিনিট বাদেই বার্সেলোনাকে এগিয়ে দেন জেরার্ড পিকে। এলচের ডি বক্সে উড়ে আসা একটি বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের জোরালো শটে গোল করেন পিকে।
বিরতির পর আরও একটি গোলের সুযোগ নষ্ট করেন নেইমার। মেসি-আলবার পা ঘুরে ব্রাজিলীয় তারকার পায়ে বল এলে তা বাইরে মেরে নষ্ট করেন তিনি। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ২-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। গোলদাতা ছিলেন মেসি। নেইমারকে এলচের রক্ষণের খেলোয়াড় বক্সের মধ্যে ফেলে দিলে প্রাপ্ত পেনাল্টি কাজে লাগান আর্জেন্টাইন স্ট্রাইকার।
৬৯ মিনিটে বার্সাকে ৩-০ গোলে এগিয়ে দেন নেইমার। গোলটি অবশ্য তিনি করেছেন মেসির পাস থেকেই। আর্জেন্টাইন মহাতারকার অসাধারণ পাস থেকে নেইমারের সামনে গোল করা ছাড়া আর বিকল্প কিছু ছিল না। ৭১ মিনিটে আবারও মেসির পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার। ৮৭ মিনিটে বারত্রার পাস থেকে বাঁ পায়ের জোরালো শটে দলকে ৫-০ গোলে এগিয়ে নেন মেসি। খেলার একেবারে অন্তিম মুহূর্তে স্কোরলাইনকে ৬-০ করে দেন পেদ্রো। সূত্র: এএফপি।