গর্জে উঠল মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোসিয়েদাদের বিপক্ষে মেসি-নেইমারকে বসিয়ে রেখেছিলেন এনরিকে, দুজনই জ্বলে উঠলেন এলচের বিপক্ষে। ছবি: রয়টার্স
সোসিয়েদাদের বিপক্ষে মেসি-নেইমারকে বসিয়ে রেখেছিলেন এনরিকে, দুজনই জ্বলে উঠলেন এলচের বিপক্ষে। ছবি: রয়টার্স

নানা ঘটনার ঘনঘটা ন্যু ক্যাম্পে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লুইস এনরিকে-লিওনেল মেসির সম্পর্কে নাকি অবনতি! মাঠের বাইরে যা-ই ঘটুক, মাঠে তার প্রভাব পড়তে দেয়নি বার্সেলোনা। ন্যু ক্যাম্পে কোপা ডেল রের শেষ ষোলোর প্রথম লেগে গর্জে উঠল বার্সা ত্রয়ী—মেসি-নেইমার-সুয়ারেজ! সঙ্গে ছিলেন জর্ডি আলবা। এলচে উড়ে গেল ৫-০ ব্যবধানে।
বার্সার প্রথম গোল পেতে অপেক্ষা করতে হলো ৩৪ মিনিট পর্যন্ত। কিন্তু এর পরের ২৫ মিনিটে ঝড় বইয়ে গেল সফরকারীদের ওপর! গোল-টোল যা হওয়ার এ সময়েই হয়ে গেল। ৩৪ মিনিটে বক্সে লুইস সুয়ারেজের পাসে দারুণ ফিনিশিংয়ে গোলের খাতা খোলেন নেইমার। পাঁচ মিনিট পর আলবার বাড়িয়ে দেওয়া বল দারুণ কৌশলে রিসিভ করে ক্ষিপ্র চিতার গতিতে সুয়ারেজ ঢুকে পড়েন এলচের বক্সে। এরপর দুই ডিফেন্ডার ফাঁকি দিয়ে উরুগুয়ে স্ট্রাইকারের ডান পায়ে জোরালো শট। বিরতির ঠিক আগে বক্সে এলচে ডিফেন্ডার এনজো রোকো ফাউল করেন নেইমারকে। পেনাল্টি পায় বার্সা। মেসির বুলেট গতির শটটি সাধ্য ছিল না এলচে গোলরক্ষক তেতনের ঠেকানো! ৫৬ মিনিটে আলবাকে দুর্দান্ত এক ডিফেন্স-চেরা পাস দিলেন মেসি। প্রতিপক্ষের জালে পাঠাতে ভুল করেননি আলবা। ৫৯ মিনিটে বক্সের বাইরে ২০ গজি শটে স্কোরলাইন ৫-০ করলেন নেইমার। দুদলের ফিরতি লেগ ১৫ জানুয়ারি।
এনরিকে-মেসির সম্পর্ক নিয়ে সম্প্রতি নানা গুঞ্জন বাতাসে। লিগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মেসিকে বসিয়ে রাখার সিদ্ধান্ত হয়তো ভালোভাবে নেননি ভক্ত-সমর্থকেরাও। এ কারণেই কিনা ন্যু ক্যাম্পের গ্যালারি থেকে এদিন বারবার ভেসে এল এনরিকের নাম। বাঁশি বাজিয়ে নানাভাবে খোঁচানো হলো বার্সা কোচকে! এ প্রসঙ্গে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এনরিকে বললেন, ‘আমাকে যে ব্যাপার আগ্রহী করে, সেটি নিয়েই কেবল প্রতিক্রিয়া জানাতে পারি। খেলোয়াড়দের প্রতি সমর্থকদের এ সমর্থনকে আমি সম্মান জানাই। এ খেলার তারাই মূল চরিত্র। তারা আমাদের সমর্থন করছে, এটি খুব ভালো লাগে।’
এ দিকে ম্যাচ শেষে ব্রাজিলীয় বার্সা ফরোয়ার্ড নেইমার এ প্রসঙ্গে বললেন, ‘সাজঘরে কী ঘটেছে, তা বলতে পারব না। ম্যাচটা যে দল জিতেছে তাতেই খুশি। অনেক ভালো লাগছে মেসি-সুয়ারেজের জন্যও। এখন রোববার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষেও আমাদের এভাবেই জ্বলে উঠতে হবে।’ তথ্যসূত্র: এএফপি, রয়টার্স, গোলডটকম।