চট্টগ্রাম আবাহনীকে এই মাঠেই শেখ কামাল টুর্নামেন্টের শিরোপা জিতিয়েছেন। ১২ মাস আগের সেই উজ্জ্বল রাত এলিটা কিংসলেকে দুহাত ভরে দিয়েছিল। দুই গোল করে হয়েছিলেন ফাইনাল-সেরা।
এলিটা কাল নামের পাশে লিখেছেন একটি গোল। গোলটি তাঁর দলকে দেখাল ১ পয়েন্ট পাওয়ার রাস্তা। ২-০ গোলে পিছিয়ে পড়া ম্যাচে এই গোলেই বিজেএমসি করল ২-১। যোগ করা সময়ে স্যামসনের গোলে (২-২) হতভম্ব মোহামেডান। এটা কী ঘটল!
বিস্ময় আর হতাশা সাদা-কালোদের টেন্টে মিলেমিশে একাকার। ২-০ গোলে এগিয়ে থেকে জয়ের সুবাস পাওয়া ম্যাচটা শেষ আট মিনিটেই ফসকে গেছে মোহামেডানের মুঠো থেকে।
নাটকীয়তা ফুটবল ম্যাচের নিত্যসঙ্গী। কিন্তু এমন নাটকীয়তা মোহামেডান সহজে মানতে পারেনি। নিয়ম অমান্য করে ম্যাচের পর দলটির কোনো প্রতিনিধি কথা বলতে আসেননি সংবাদ সম্মেলনে। কে আসবেন? খেলোয়াড় তালিকায় মোহামেডান কোচের নাম মিজানুর রহমান ডন। কিন্তু ডাগআউটে সদা তৎপর ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। প্রথম পর্বের সাত ম্যাচ পর কোচ জোসিমউদ্দিন জোসি সরে যাওয়ার পর দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী দলটির কোচ অলিখিতভাবে বাবুই!
ডন বসে থাকেন বেঞ্চে, খুব একটা নড়াচড়াও নেই তাঁর। কালও একই দৃশ্য চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে। ডন নেই দৃশ্যপটে। এটা কেন? ডনের উত্তর, ‘আসলে আমার তো তেমন বড় অভিজ্ঞতা নেই।’ দলটা কে গড়েন, কার নির্দেশনায় চলে? ডন এখানে অকপট, ‘আমি আর বাবু ভাই মিলেই করি।’
এবার লিগে মোহামেডানের কাছে জয় শব্দটা অনেকটাই অচেনা, জয় মাত্র দুটি। তৃতীয় জয়ের খোঁজে কাল ৬৯ মিনিটে সবুজ করেন ১-০। ৭৫ মিনিটে বাঙ্গুরার কল্যাণে ২-০। কিন্তু দুই গোলে এগিয়েও রক্ষণ জমাট রাখেনি মোহামেডান, নিজেরা আরও আক্রমণে গিয়ে উল্টো গোল খেয়েছে। ৮৪ মিনিটে এলিটা কিংসলে করলেন ১-১, যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে স্যামসন ইলিয়াসুর গোলে নাটকীয় ড্র।
মোহামেডানের যে অবস্থা, ড্রটাও কম নয়। এখনো তারা অবনমন অঞ্চলেই। ১৫ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার দশে। ১৫ পয়েন্ট পাওয়া বিজেএমসিও এখনো নিরাপদ নয়।