এলেন, দেখলেন...থেকে গেলেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০ বছর আগে আর্সেনালে পা রেখেছিলেন ওয়েঙ্গার। ফাইল ছবি।
২০ বছর আগে আর্সেনালে পা রেখেছিলেন ওয়েঙ্গার। ফাইল ছবি।

আর্সেন ওয়েঙ্গারকে শুভেচ্ছা জানিয়ে শুরু করা যাক—‘শুভ ২০তম বার্ষিকী, মিস্টার ওয়েঙ্গার!’
ফুটবলে কোচদের নাকি সব সময় বাক্সপেটরা গুছিয়ে রাখাই নিয়ম। বলা তো যায় না, যেকোনো মুহূর্তেই ক্লাব থেকে বলে দিতে পারে, ‘ধন্যবাদ, এবার অন্য ক্লাব দেখুন!’ বিচিত্র সব কারণে একজন কোচের চাকরি চলে যাওয়ার গল্পও নতুন কিছু নয়। কিন্তু সব নিয়মের ব্যতিক্রমের মতো, এখানেও থেকে যান ওয়েঙ্গারদের মতো কেউ। সেই যে ১৯৯৬ সালে আর্সেনালের ডাগআউটে বসেছিলেন, তারপর কত বছর চলে গেল, প্রিমিয়ার লিগেও অন্য ক্লাবগুলোতে শত শত কোচ এলেন-গেলেন...কিন্তু ওয়েঙ্গার? ‘এক এক করিয়া ২০টি বসন্ত পার করিয়ে ফেলিলেন, তবুও নড়িবার নামটিও যদি থাকিত!’
এসেছিলেন সমর্থকদের ভ্রু কুঁচকানো চোখের সামনে দিয়ে। ব্রুশ রিওচ সরে যাওয়ার পর কোচ হিসেবে বার্সেলোনার সাবেক কিংবদন্তি কোচ ইয়োহান ক্রুইফকেই মনে মনে আশা করেছিলেন আর্সেনাল সমর্থকেরা। সেখানে এলেন কিনা চশমা চোখের, বাতাসেই দুলে পড়ার শঙ্কা থাকে এমন হালকা-পাতলা গড়নের এক ফ্রেঞ্চ ভদ্রলোক। খেলোয়াড় হিসেবে যাঁর নাম কেউ শুনে থাকলে নিজেকে ফুটবলের সর্বকালের সেরা ‘শমশের’ দাবি করতে পারতেন, কোচ হিসেবেও এর আগে শুধু মোনাকোর হয়ে একবার ফ্রেঞ্চ লিগ আর একটি ফ্রেঞ্চ কাপই ছিল সিভিতে একমাত্র আলোকিত দিক। এমন একজনকে আর্সেনাল কোচ করে আনল!
কিন্তু এলেন ওয়েঙ্গার, দেখলেন, আর ছড়ালেন মুগ্ধতা। স্যার অ্যালেক্স ফার্গুসনের মতো ইংলিশ লিগ শিরোপাকে ‘মুড়ি-মুড়কি’ বানিয়ে রাখেননি; কার্লো আনচেলত্তি বা হালের গার্দিওলা-মরিনহোদের মতো ইউরোপেও এমন দাপট দেখাতে পারেননি। কিন্তু তবুও ওয়েঙ্গার কিংবদন্তি। এমনও বলা হয়, কোচিং জীবনে আর কোনো ম্যাচ না জিতলেও ওয়েঙ্গার কিংবদন্তিই থাকবেন।
কেন? কারণ, সাফল্য আপেক্ষিক। ২০ বছরে মাত্র ১৩টি শিরোপা জিতেছেন, লিগ ৩টি, যার সর্বশেষটির স্মৃতিতেও জমে গেছে ১২ বছরের ধুলো। কিন্তু সাফল্য-ব্যর্থতার খতিয়ান এক পাশে রাখুন, ‘মঁশিয়ে’ ওয়েঙ্গার তো ইংলিশ ফুটবলে বিপ্লবই এনেছেন। ওয়েঙ্গারকে ‘সম্মাননা’ জানিয়ে লেখা ডেইলি মেইলের কলামের কিছু অংশই বাংলায় তুলে দেওয়া যাক, ‘টেকনিক্যাল, পাসিং, বলের দখল ধরে রাখার ফুটবল এখন বিশ্বজয়ী দলগুলোর সাধারণ বৈশিষ্ট্য। কিন্তু আর্সেন আসার সময়ে এমনটা ছিল না, বরং তাঁর তৈরি করে দেওয়া মডেলই ইংলিশ ফুটবলে এমন বদল এনেছে। ডায়েট ও ফিটনেসও তখন অনেক কম গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হতো। বিশেষ করে দলীয় সংহতির চেয়ে তো কম বটেই, যা কিনা আবার তৈরি হতো বড় মদের আসরে। ওয়েঙ্গার এলেন, ওসব নিষিদ্ধ করে দিয়ে খেলোয়াড়দের শক্তিবর্ধক সাপ্লিমেন্টের ব্যবস্থা করলেন, আর একের পর এক জয় আর ট্রফি ঘরে তুলে নিলেন।’
ইংলিশ ফুটবলের শক্তির সঙ্গে শিল্প মিশিয়ে দেওয়ার কৃতিত্বটা তাঁরই বেশি। আর খেলার ধরনের বাইরে আর্সেনালের জন্য আরেকটি বড় দিক, ক্লাবের নতুন এমিরেটস স্টেডিয়াম হয়েছে তাঁর সময়ে, তবু অর্থকষ্টে কখনো পড়তে দেননি ক্লাবকে। বরং প্রিমিয়ার লিগ ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলোর একটি করে গড়ে তুলেছেন ধীরে ধীরে। আর এ সময়ে একটি মৌসুমের জন্যও চ্যাম্পিয়নস লিগের স্বাদ বঞ্চিত রাখেননি আর্সেনালকে।
তবু সমালোচকদের তির তাঁর দিকে নিয়মিতই ছোটে। আর্সেনালের জন্য শুধু সেরা চারে থাকাই যে আর ‘সাফল্য’ নয়। আর্সেনালেরই অনেক সমর্থক এই বিশ বছরেই বিষিয়ে গেছেন ৬৬ বছর বয়সী ফ্রেঞ্চ কোচের ওপর, চাইছেন এটিই হোক ক্লাবে তাঁর শেষ মৌসুম।
তাঁরা সেটি চাইলে চান। ওয়েঙ্গারের সমালোচনা করার সময় এটা নয়। গতকালই আর্সেনালে দুই দশক পূরণ করা ওয়েঙ্গারকে বরং প্রাণঢালা অভিনন্দনই জানানো যাক। আর এ সুযোগে দৃষ্টিটা আর্সেনাল থেকে ছড়িয়ে একটু দেখে নেওয়া যাক, ওয়েঙ্গারের ‘ক্লাসমেট’ কারা আছেন। একই ক্লাবে আর কোনো কোচ এত দিন রাজত্ব করে গেছেন।

ফ্রেঞ্চ ক্লাব অজেরকে নিজের হাতে গড়ে দিয়েছিলেন গাই রু। ফাইল ছবি।
ফ্রেঞ্চ ক্লাব অজেরকে নিজের হাতে গড়ে দিয়েছিলেন গাই রু। ফাইল ছবি।

গাই রু (অজের, ১৯৬১-২০০৫): যদিও ফ্রেঞ্চ ক্লাব অজেরে তাঁর মেয়াদটা চার ভাগে বিভক্ত, তবে সেটি ১৯৬২, ২০০০ ও ২০০১ সালে তিনি ছোট বিরতি নেওয়ায়। ১৯৫২ সাল থেকেই অজেরে খেলেছেন। খেলোয়াড় থাকার সময়ই হয়েছেন কোচ। ডাগআউটে যখন এসেছিলেন রু, অজের তখন ফ্রান্সের তৃতীয় বিভাগে খেলে। সেখান থেকে ধীরে ধীরে উঠিয়ে এনেছিলেন, ১৯৮০ সালে লিগ ওয়ানেও ওঠে। চ্যাম্পিয়নও হয় ১৯৯৬ সালে। এর মধ্যে ১৯৯২-৯৩ সালে উয়েফা কাপের সেমিফাইনালেও খেলেছে অজের। অর্জনটা কম মনে হচ্ছে? তাহলে গাই রুকে এভাবে মনে রাখতে পারেন—এরিক ক্যান্টোনা, লঁরা ব্লা, বাসিলে বোলির মতো ফুটবলার তাঁর হাতেই গড়া।

বইয়ের মলাটটাই বলে দিচ্ছে, সেল্টিকের জন্য কতটা কী করেছেন উইলি মেলি। ফাইল ছবি।
বইয়ের মলাটটাই বলে দিচ্ছে, সেল্টিকের জন্য কতটা কী করেছেন উইলি মেলি। ফাইল ছবি।

উইলি মেলি (সেল্টিক, ১৮৯৭-১৯৪০): ১৬টি লিগ শিরোপা, ১৪টি স্কটিশ কাপ। ১৮৮৭ সালে প্রতিষ্ঠিত সেল্টিককে ফুটবলে মানচিত্রে ‘স্বীকৃতি’ এনে দিয়েছিলেন মেলিই। ২৯ বছরেই এসেছিলেন কোচ হয়ে, এরপর ১ হাজার ৬১৪ ম্যাচে ছিলেন ডাগআউটে। জয়? ১ হাজার ৪৫ ম্যাচে। এর চেয়েও একটা বড় অর্জন আছে মেলির, ১৩ নভেম্বর ১৯১৫ থেকে ২১ এপ্রিল ১৯১৭ সাল পর্যন্ত টানা ৬২ ম্যাচে অপরাজিত ছিল সেল্টিক, যা এখনো ব্রিটেনে পেশাদার ফুটবলে রেকর্ড।
বিল স্ট্রুথ (রেঞ্জার্স, ১৯২০-১৯৫৪): মেলির মতো অত দিন ছিলেন না ডাগআউটে, তবে শিরোপায় তাঁকে ছাড়িয়ে গেছেন স্ট্রুথ। রেঞ্জার্সের হয়ে জিতেছেন ১৮টি লিগ শিরোপা। সব মিলিয়ে শিরোপা ৭৩টি, যার মধ্যে ১৯৪৭ সালে স্কটিশ লিগ, কাপ ও লিগ কাপের ‘ট্রেবল’ও ছিল।

গত মার্চেই অবসরে গেছেন পোর্টাডাউন কিংবদন্তি। ফাইল ছবি।
গত মার্চেই অবসরে গেছেন পোর্টাডাউন কিংবদন্তি। ফাইল ছবি।

রনি ম্যাকফল (পোর্টাডাউন, ১৯৮৬-২০১৬): স্যার অ্যালেক্স ফার্গুসন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার এক মাস পরে নিয়োগ পেয়েছেন উত্তর আয়ারল্যান্ডের ক্লাব পোর্টাডাউনে। স্কটিশ কিংবদন্তি কোচের স্থায়ীত্বও ছাড়িয়ে গেছেন ম্যাকফল। পোর্টাডাউনেই খেলেছেন। এরপর কোচ হয়ে এসে ১৯৯০ সালে পোর্টাডাউনকে প্রথম লিগ শিরোপা জিতিয়েছেন। দায়িত্ব ছেড়েছেন এই বছরের মার্চে।

ইউনাইটেড এখনো খুঁজছে তাঁর বিকল্প। ফাইল ছবি।
ইউনাইটেড এখনো খুঁজছে তাঁর বিকল্প। ফাইল ছবি।

স্যার অ্যালেক্স ফার্গুসন (ম্যানচেস্টার ইউনাইটেড, ১৯৮৬-২০১৩): ইউনাইটেড ভক্তরা নামটা পড়েই স্মৃতিকাতর হয়ে পড়তে পারেন। তিন বছর হয়ে গেল ফার্গুসনের অবসরের, অথচ এখনো তাঁর অভাব ভুলতে পারছে না ইউনাইটেড! স্কটিশ কোচের ২৭ বছরের দায়িত্ব নিয়ে অনেক কাব্যগাথা লেখার চেষ্টা করা যেতে পারে, কিন্তু এই সংখ্যা গুলোই হয়তো সব ছাপিয়ে যাবে—ফার্গুসনের সময়ে ৪২টি মূল শিরোপার ২৮টিই জিতেছে ইউনাইটেড। কী জেতেননি! ১৩টি লিগ শিরোপা, ৫টি এফএ কাপ, ৪টি লিগ কাপ ইংল্যান্ডে রাজত্ব বোঝাবে। আর ইউরোপে? দুটি চ্যাম্পিয়নস লিগ, ১টি কাপ উইনার্স কাপ, ১টি সুপার কাপ। আছে একটি ফিফা ক্লাব বিশ্বকাপ ও একটি ইউরোপিয়ান/দক্ষিণ আমেরিকান কাপও। সূত্র: উয়েফাডটকম, ডেইলি মেইল, ফক্সস্পোর্টস।