এশিয়াড ফুটবলে গড়াপেটা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়াড ফুটবলে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার মধ্যকার খেলার একটি দৃশ্য। ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছে এশিয়াড ফুটবলকে ঘিরে ছবি: এশিয়াড ওয়েবসাইট।
এশিয়াড ফুটবলে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার মধ্যকার খেলার একটি দৃশ্য। ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছে এশিয়াড ফুটবলকে ঘিরে ছবি: এশিয়াড ওয়েবসাইট।

নির্দিষ্ট করে কোনো দলের নাম বলা হয়নি, তবে সুইজারল্যান্ড-ভিত্তিক একটি বাজিকর প্রতিষ্ঠানের অভিযোগ, ইনচন এশিয়ান গেমসের ফুটবল প্রতিযোগিতায় নাকি দেদারসে চলছে ম্যাচ গড়াপেটা।
স্পোর্টসরাডার নামের ওই প্রতিষ্ঠানটির দাবী, এবারের এশিয়াডের ফুটবলে জুয়াড়িদের যথেষ্ট প্রভাব আছে এবং তাঁরা বেশ কিছু ম্যাচের গতি-প্রকৃতি নির্ধারণেও অশুভ ভূমিকা পালন করেছে।
সুইস প্রতিষ্ঠানটি জানিয়েছে, এশিয়াড ফুটবলের গ্রুপ পর্যায়ের বেশ কিছু ম্যাচের নিষ্পত্তি হয়েছে শেষ মুহূর্তের গোলে। এই গোলগুলো আপাতদৃষ্টিতে দর্শকদের উত্তেজনাপূর্ণ খেলার স্বাদ দিলেও পর্দার পেছনে এই গোলগুলো ম্যাচ গড়াপেটার শক্তিধর ইঙ্গিত বহন করে।’
কীসের ভিত্তিতে স্পোর্টসরাডার এই গুরুতর অভিযোগ তুলেছে তারও ব্যাখ্যা দিয়েছেন প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা, ‘কিছু খেলায় দেখা গেছে জুয়াড়িরা শেষ মুহূর্তে গো​ল হওয়ার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী ছিল। যার ভিত্তিতে আমাদের সন্দেহ এশিয়াড ফুটবলে বেশ কয়েকটি ম্যাচেরই ফল নির্ধারিত হয়েছে জুয়াড়িদের গড়াপেটার মাধ্যমে।’
স্পোর্টসরাডারের অভিযোগ গুরুত্বের সঙ্গেই নিয়েছে এশিয়ান গেমসের আয়োজক সংস্থা অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)। ওসিএ জানিয়েছে, খুব দ্রুতই এশিয়ান ফুটবল কনফেডারেশ (এএফসি) ও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা-ফিফার সহায়তা নিয়ে এ ব্যাপারে তদন্ত শুরু করা হবে।
এই গুরুতর অভিয়োগের ব্যাপারে তাৎ​ক্ষণিকভাবে ফিফা ও এএফসির কোনো মন্তব্য পাওয়া যায়নি। এএফপি।