এশিয়ান কাপ শিরোপা অস্ট্রেলিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান কাপ হাতে উল্লসিত অস্ট্রেলীয় খেলোয়াড়েরা ছবি: এএফপি
এশিয়ান কাপ হাতে উল্লসিত অস্ট্রেলীয় খেলোয়াড়েরা ছবি: এএফপি

এশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের মালিক এখন অস্ট্রেলিয়া। আজ থেকে নয় বছর আগে ওশেনীয় দেশ হয়েও এশীয় ফুটবলে নাম লেখানো দেশটি আজ জিতে নিয়েছে এশিয়ান কাপ ফুটবলের শিরোপা। আজ শনিবার সিডনিতে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ কোরিয়াকে তারা হারিয়েছে ২-১ গোলে।
দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচটি কোরীয়দের জন্য দুঃখগাথা হয়েই থাকবে। এক গোলে পিছিয়ে পড়ে ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে খেলায় ফিরে এসেও শেষ রক্ষা হয়নি তাদের। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে কোরীয়দের স্তব্ধ করে দেন বদলি খেলোয়াড় জেমস ট্রইসি।
এশীয় ফুটবলের অন্যতম পরাশক্তি দক্ষিণ কোরিয়া ১৯৬০ সালের পর কখনোই জিততে পারেনি এশিয়ান কাপের শিরোপা।
ফাইনালের লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডিই। আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমজমাট এই ম্যাচে হালকা প্রাধান্য ছিল অস্ট্রেলিয়ারই। খেলার ৪৫ মিনিটে দারুণ এক গোলে কোরিয়াকে হকচকিয়ে দেন মাসিমো লোঙ্গো। খেলার যোগ করা সময়ে হিউং মিন সন গোল করে খেলায় সমতা ফিরিয়ে নিয়ে এলেও অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটে বাজিমাত করেন জেমস ট্রইসি।