এশিয়ান কাপের হিরো এক বলবয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের গোলরক্ষক ওয়াং
চীনের গোলরক্ষক ওয়াং

অস্ট্রেলিয়াতে চলছে এশিয়ান কাপ ফুটবলের আসর। এশিয়ার শীর্ষ ফুটবল খেলিয়ে দেশগুলো একে অন্যের বিপক্ষে অবতীর্ণ হাড্ডাহাড্ডি লড়াইয়ে। কিন্তু এশিয়ার সেরা ফুটবলারদের ছাপিয়ে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে এক ‘বলবয়’। স্টিফেন হোয়াইট নামের ১২ বছর বয়সী সেই বলবয়ের দেখিয়ে দেওয়া পথেই নাকি সৌদি আরবের বিপক্ষে একটি পেনাল্টি ঠেকিয়েছিলেন চীনের গোলরক্ষক ওয়াং দালে ই।
ব্যাপারটি চাউর হওয়ার সঙ্গে সঙ্গেই হোয়াইট বনে গেছেন তারকা। পত্রিকা-টিভি সবাই হোয়াইটের একটি সাক্ষাৎকার পাওয়ার জন্য মরিয়া। উচ্ছ্বসিত চীনা গণমাধ্যমও। সংস্কারাচ্ছন্ন চীনারা মনে করছে, নিশ্চয়ই হোয়াইট ‘ঐশী’ ক্ষমতাবলে জেনে গিয়েছিল গোলরক্ষক ওয়াং কোন দিকে ঝাঁপালে সৌদি আরবের নাইফ হাজাজির পেনাল্টিটি ঠেকিয়ে দিতে পারবেন।
এদিকে, সৌদি আরবের বিপক্ষে জিতে চীন আগামীকাল বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়ার। ব্রিসবেনে অনুষ্ঠেয় এই ম্যাচটি নিয়েও নাকি ভবিষ্যদ্বাণী করেছে ওই হোয়াইট। সে জানিয়েছে, ‘আমি অস্ট্রেলিয়ার সমর্থক হলেও আমার মন বলছে ম্যাচটা চীনই জিতবে। তবে ওই ম্যাচে আমি দুই দলের গোলরক্ষককেই সমর্থন দিয়ে যাব। ম্যাচটি যে জিতবে, প্রতিযোগিতার বাকিটা সময় আমি তাদেরই সমর্থন করে যাব।’ হোয়াইটের এই মন্তব্যে গোটা চীন আরও বেশি উচ্ছ্বসিত, তারা বিশ্বাস করছে, হোয়াইট যেহেতু ভবিষ্যদ্বাণী করেছে, তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে চীন জয়ী না হয়ে পারেই না!
সৌদি আরবের বিপক্ষে ম্যাচের দিন চীনের গোলপোস্টের ঠিক পেছনেই দাঁড়িয়ে ছিল হোয়াইট। সৌদিরা পেনাল্টি পেলে বল কুড়ানোর ফাঁকেই সে চীনা গোলরক্ষককে বলে দেয় একটি নির্দিষ্ট দিকে ঝাঁপাতে। কী মনে করে পেনাল্টির সময় চীনা গোলরক্ষক ওয়াং হোয়াইটের নির্দেশনা অক্ষরে অক্ষরে মেনে চলারই নীতি গ্রহণ করেন। একপর্যায়ে অবাক বিস্ময়ে লক্ষ করেন হোয়াইটের নির্দেশনা অনুযায়ী তিনি ঠেকিয়ে দিয়েছেন হাজাজির পেনাল্টি শটটি। পেনাল্টির পর হোয়াইটকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি ওয়াং। আর এই একটি ঘটনাই ১২ বছর বয়সী স্কুলছাত্রকে নিয়ে গেছে খ্যাতির তুঙ্গে।
ভাগ্য মাঝেমধ্যে কাউকে না কাউকে বেছে নেয়, নিজেকে প্রমাণের উদ্দেশে। তাই নয় কি! সূত্র: এএফপি।