এশিয়ার গ্যালাকটিকোস!

ফুটবলের অন্ধিসন্ধির খবর যাঁরা রাখেন তাঁরা হয়তো আলী করিমির নাম শুনেছেন। ইরানের সাবেক এই ফুটবলার তাঁর সময়ে এশিয়ার সেরাদের একজন ছিলেন, নামই হয়ে গিয়েছিল ‘এশিয়ান ম্যারাডোনা’। অস্ট্রেলিয়ায় এখন যে এশিয়ান কাপ চলছে, তাতে ম্যারাডোনা থেকে শুরু করে রোনালদো, রুনি এমনকি বেকহামও আছেন! শুনে চমকে যাওয়ারই কথা। রোনালদো এশিয়ান কাপে! সিআর সেভেন আসলে না থেকেও আছেন। ইরাকের আহমেদ ইয়াসিন বা দক্ষিণ কোরিয়ার সন হিউং মিনকে তো নিজ নিজ দেশে রোনালদোর সঙ্গেই তুলনা করা হয়।
ফুটবলে এমন তুলনা হয়েই থাকে। হাজিকে যেমন কার্পেথিয়ান ম্যারাডোনা বলা হতো, জিকোকে ব্রাজিলের সাদা পেলে, বিখ্যাত ফুটবলারদের নামের সঙ্গে অনেকের নামই সেঁটে গেছে। কেউ খেলার ধরনের জন্য, আবার কাউকে তুলনা করা হয় অন্য কারণে।
ইয়াসিনকে যেমন খেলার ধরনের জন্যই বলা হয় ‘ইরাকের রোনালদো’। রোনালদোর মতো ইয়াসিনও উইঙ্গার, ক্লাব ফুটবল খেলেন সুইডেনে। নামটা নিয়ে নিশ্চয়ই গর্ববোধই করেন ইয়াসিন, চুলের ছাঁটও দিয়েছেন এবারের ব্যালন ডি’অরজয়ীর মতো করে। ইরাক জাতীয় দলটাই অবশ্য ছোটখাটো রিয়াল মাদ্রিদ, আরেক উইঙ্গার আলী আদনানকে ডাকা হয় গ্যারেথ বেল।
পুরো এশিয়ান কাপেই অবশ্য রোনালদোর ছড়াছড়ি। দক্ষিণ কোরিয়ার স্ট্রাইকার সন হিউং মিনের নাম হয়ে গেছে ‘সোনালদো’। বেয়ার লেভারকুসেনের এই স্ট্রাইকার পোশাক-আশাকে যেমন কেতাদুরস্ত, তেমনি দেশের সেরা সুন্দরী নারীদের সঙ্গেও তাঁকে জড়িয়ে মুখরোচক গল্প শোনা যায়। সোনালদো নামটা মোক্ষমই হয়েছে! বাহরাইনের স্ট্রাইকার জেইসে ওকুনয়ানেও আরেক ‘রোনালদো’।
শুধু মাঠে কেন, ডাগ-আউটেও তারার মেলা। উজবেকিস্তান কোচ মির্দজালাল কাসিমভ খেলোয়াড়ি জীবনে দারুণ ফ্রি-কিক নিতেন। সে জন্য তাঁর নাম হয়ে গিয়েছিল ‘উজ-বেকস’। ডেভিড বেকহামের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন? অবশ্য বেকহামের সঙ্গে শুধু ওই ফ্রি-কিকেই খানিকটা মিল, নইলে চেহারায়-জীবনদর্শনে কাসিমভ আর বেকহাম দুজন দুই মেরুর।
বেকহামের দুজন ইংলিশ সতীর্থও আছেন। দক্ষিণ কোরিয়ার কি সাং ইয়ংকে যেমন ডাকা হয় স্টিভেন জেরার্ড, উত্তর কোরিয়ার জং তে সেকে ওয়েইন রুনিই ডাকা হয়। নেই নেই করেও একজন ম্যারাডোনা আছে। খালফান ইব্রাহিমকে কাতারে তো আর্জেন্টাইন কিংবদন্তির নামেই ডাকা হয়। আলি দাইয়ি অবসর নিয়ে নিলেও এশিয়ান কাপে ঠিকই আছেন। ইরানের করিম আনসারিফার্দকে যে ডাকা হয় স্বদেশি পূর্বসূরির নামেই! এএফপি।