এশিয়ার সেরা অস্ট্রেলিয়া

সিডনির অলিম্পিক স্টেডিয়ামের ৭৬ হাজার দর্শকের কোরাসে কান পাতা দায়। এই তো, আর কয়েকটা মিনিট। তার পরই ৯ বছরের মধ্যে প্রথম কোনো বড় শিরোপা জিতবে অস্ট্রেলিয়া। কিন্তু নির্ধারিত সময়ের যোগ করা সময়ে সন হিউং মিনের গোলে স্তম্ভিত হয়ে পড়ল পুরো স্টেডিয়াম। নিজেদের মাঠেই তরি ডুববে তীরে? দক্ষিণ কোরিয়া তখন দেখছিল ৫৫ বছর পর এশিয়ান কাপ জয়ের আশা।
শেষ পর্যন্ত উদ্ধার করলেন বদলি হিসেবে নামা জেমস ট্রইসি। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের অন্তিম মুহূর্তে গোল করে আবার স্বাগতিকদের ভাসালেন উচ্ছ্বাসে। শেষ পর্যন্ত এই গোলটাই গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য, ২-১ গোলে জিতে প্রথমবারের মতো এশিয়ান কাপজয়ী অস্ট্রেলিয়া।
মাসিমো লুঙ্গোর দুর্দান্ত এক ভলিতে প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট ম্যাচে দুই দলই এর আগে-পরে সুযোগ পেয়েছে গোল করার। দুই দলের গোলে শট, বল দখল—সবকিছুই ছিল কাছাকাছি, কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যে শিকে ছিঁড়েছে অস্ট্রেলিয়ারই।
২০০৬ সালে সর্বশেষ বড় জয় ওশেনিয়া কাপ, ওই বছরই ওশেনিয়া ছেড়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনে যোগ দেয় অস্ট্রেলিয়া। এশিয়াতে এসে তৃতীয় প্রচেষ্টায় তারা মাথায় পরল এশীয় ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট। সকারুদের কোচ অ্যাঞ্জে পোস্তেকগ্লু এখন পাখির চোখ করছেন আরও বড় কিছুকে, ‘এটা আমাদের কাছে অনেক বড় কিছু। আমার তো মনে হয় আজ রাতে কেউই ঘুমাতে পারবে না। হয়তো আমি একটু পক্ষপাতদুষ্ট হয়ে পড়তে পারি, তবে এটাই সব খেলার সেরা। আশা করি, বিশ্বের সবাইকেও নিজেদের ক্ষমতা দেখাতে পারব, কারণ এই ছেলেদের ওপর আমার অনেক আস্থা আছে।’
অতিরিক্ত সময়ের গোল খানিকটা হকচকিয়েই দিয়েছিল পোস্তেকগ্লু, ‘গোলটা এতই দেরিতে খেয়েছিলাম, আমি ভয় পাচ্ছিলাম যে ছেলেরা ভেঙে পড়ে কি না। তবে জানতাম, আমরা ঠিকই সামলে নেব।’ এএফপি।