এশিয়া কাপের প্রাথমিক দলে ছয় নতুন মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের বেশির ভাগ গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়াই আজ এশিয়ান কাপের বাছাই পর্বের জন্য ৩৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শৃঙ্খলাভঙ্গের কারণে নিষেধাজ্ঞায় থাকা মামুনুল ইসলাম, জাহিদ হোসেন, সোহেল রানা ও ইয়াসিন খান এই দলে নেই। গত ২৪ মার্চ জর্ডানের সঙ্গে ম্যাচেও ছিলেন না এই ফুটবলাররা।

জর্ডানের বিপক্ষে ওই ম্যাচের দল থেকে বাদ পড়েছেন দুজন—আতিকুর রহমান ফাহাদ ও ফজলে রাব্বি। প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন উত্তর বারিধারার ডিফেন্ডার খালেকুজ্জামান সবুজ, চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার কৌশিক বড়ুয়া, ব্রাদার্সের ফরোয়ার্ড মান্নাফ রাব্বি, বিজেএমসির সৈকত মাহমুদ, রহমতগঞ্জের সৈয়দ রাশেদ তূর্য ও নুরুল আবসার।
ডাক পাওয়া খেলোয়াড়দের আগামীকাল বেলা ১২টায় ম্যানেজার সত্যজিৎ দাশ রুপুর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। ক্যাম্প শুরু হবে আগামীকাল। কোচ লোডভিক ডি ক্রুইফের ঢাকায় আসার কথা রয়েছে দুয়েক দিনের মধ্যেই। ঢাকায় এসে প্রাথমিক দল থেকে ২০ বা ২৩ জনের চূড়ান্ত দল নির্বাচন করবেন এই ডাচ কোচ।
বাংলাদেশ এশিয়ান কাপের বাছাই পর্বের প্রথম ম্যাচটি খেলবে তাজিকিস্তানের সঙ্গে। ২ জুন অ্যাওয়ে ম্যাচটি হবে দুশানবেতে। ৭ জুন ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে হোম ম্যাচ।

বাংলাদেশ প্রাথমিক দল : রাসেল মাহমুদ লিটন, শহীদুল আলম সোহেল, মাজহারুল ইসলাম হিমেল, আশরাফুল ইসলাম রানা, রায়হান হাসান, নাসির উদ্দিন চৌধুরী, তপু বর্মন, নাসিরুল ইসলাম, আতিকুর রহমান মিশু, ইয়ামিন মুন্না, মামুন মিয়া, শাকিল আহমেদ, মোহাম্মদ লিঙ্কন, আরিফুল ইসলাম, কেষ্ট কুমার বোস, রেজাউল করিম, খালেকুজ্জামান সবুজ, ফয়সাল মাহমুদ, ওয়ালী ফয়সাল, জামাল ভূঁইয়া, মোনায়েম খান রাজু, শাহেদুল আলম সিনিয়র, শাহেদুল আলম জুনিয়র, মাসুক মিয়া জনি, কৌশিক বড়ুয়া, ইমন মাহমুদ, জুয়েল রানা, আমিনুর রহমান সজীব, রুবেল মিয়া, মান্নাফ রাব্বি, নাবিব নেওয়াজ জীবন, নুরুল আবসার, সৈকত মাহমুদ, সৈয়দ রাসেল তূর্য।