এশিয়াড ফুটবল: এক কঠিন পরীক্ষা

এশিয়ান গেমসের ফুটবলে বাংলাদেশের প্রতিপক্ষ কারা হবে, এ নিয়ে ফুটবলপ্রেমীদের কৌতূহলের শেষ নেই। দক্ষিণ এশীয় বলয়ে আটকে থাকা এ দেশের ফুটবল এশিয়ার সেরা দলগুলোকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে কেমন ফল করবে, তা নিয়েও রয়েছে যথেষ্ট শঙ্কা। বছরে দু-একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাওয়া বাংলাদেশ দল এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়া, জাপান, ইরানের মতো শক্তিধর দলগুলোর সামনে পড়ে ভরাডুবির শিকার হয় কি না, শঙ্কাটা মূলত এ নিয়েই। তবে ফুটবলপ্রেমীরা নিশ্চিত থাকতে পারেন, এবারের এশিয়ান গেমসে মহা শক্তিধর প্রতিপক্ষের সামনেই পড়তে হচ্ছে লোডভিক ডি ক্রুইফের শিষ্যদের।
এশিয়ান গেমসে পুরুষ ফুটবলে অংশগ্রহণকারী ৩০টি দেশের মধ্য থেকে আটটি দলকে শীর্ষ বাছাই হিসেবে বেছে নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, উত্তর কোরিয়া, আরব আমিরাত, উজবেকিস্তান, ওমান ও থাইল্যান্ড—এশিয়ান গেমস ফুটবলের শীর্ষ বাছাই এই আটটি দলের পাঁচটিই কোনো না কোনোবার বিশ্বকাপ খেলা। দক্ষিণ কোরিয়া তো ১৯৮৬ সালের পর প্রতিবারই বিশ্বকাপ খেলেছে। জাপান, ইরানও বিশ্বকাপের স্বাদ পেয়েছে একাধিকবার। উত্তর কোরিয়া দুইবার ও আরব আমিরাত একবার করে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নিজেদের জায়গা করে নিয়েছে।
শীর্ষ বাছাইয়ের বাইরেও সৌদি আরবের একাধিকবার এবং ইরাক, চীন ও কুয়েতের একবার করে বিশ্বকাপ খেলার সুযোগ হয়েছে। সেদিক দিয়ে এশিয়ান গেমসে নিজেদের গ্রুপে একাধিক বিশ্বকাপ খেলা প্রতিপক্ষও পেয়ে যেতে পারে বাংলাদেশ। এখন বৃহস্পতিবারের ড্রয়ের আগে বাংলাদেশের একান্ত প্রার্থনা থাকবে গ্রুপে শীর্ষ বাছাই হিসেবে থাইল্যান্ডকে পাওয়া। শীর্ষ বাছাই দেশগুলোর মধ্যে এই থাইল্যান্ডই তুলনামূলক কম শক্তিশালী। সুদূর অতীতে হলেও এই থাইল্যান্ডের বিপক্ষেই জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। তার পরও বর্তমান সময়ের বিচারে থাইল্যান্ড বাংলাদেশের চেয়ে অনেক অনেক শক্তিশালী দল। গত বছর ব্যাংককে ফিফা প্রীতি ম্যাচে থাইল্যান্ডের কাছেই বাংলাদেশ হেরেছিল ৫-০ গোলে।
এশিয়ান গেমসে পুরোপুরি জাতীয় দল অংশ নেয় না সেই ২০০২ সাল থেকে। অলিম্পিকের মতো এখানেও অনূর্ধ্ব-২৩ বছর বয়সী খেলোয়াড়দের পাশাপাশি অন্যূন তিনজন বেশি বয়সী খেলোয়াড়ের সমন্বয়ে দল গঠন করতে পারে দলগুলো। কিন্তু তার পরও এশিয়ার দেশগুলোর অনূর্ধ্ব-২৩ দল জাতীয় দলের চেয়ে যে কম শক্তিশালী হবে—এ কথা ভাবার কোনোই কারণ নেই। দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান দলে হয়তো এবারের ব্রাজিল বিশ্বকাপ খেলা একাধিক খেলোয়াড়ের সন্নিবেশ ঘটতে পারে।
ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ ও তাঁর সহযোগী রেনে কোস্টারের অধীনে সপ্তাহ দুয়েক ধরে চলছে এশিয়ান গেমসের বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের প্রশিক্ষণ। বিকেএসপির নিবিড় পরিবেশে চলা এই অনুশীলনের মাঝেই আগামী দিন কয়েকের মধ্যেই নেপাল অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে ঢাকা ও সিলেটে দুটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।
নেপালের সঙ্গে প্রীতি ম্যাচ খেলে এশিয়ান গেমসে এশিয়ার বড় শক্তিগুলোর সঙ্গে বাংলাদেশ কী ধরনের প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে, এখন দেখার বিষয় এটিই।