এশিয়ান কাপ প্লে-অফে তাজিকিস্তানের সামনে বাংলাদেশ

প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ফুটবলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই-ই বলতে পারেন এটিকে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ও ২০১৯ সালে আমিরাতে অনুষ্ঠেয় এশিয়ান কাপ ফুটবলের যৌথ বাছাইপর্বে নিজেদের গ্রুপের (গ্রুপ ‘বি’) একেবারে শেষ স্থানটিতে থাকা বাংলাদেশ এশিয়ান কাপ ফুটবলে পা রাখার শেষ একটা সুযোগ পাচ্ছে। আগামী জুন ও সেপ্টেম্বরে দুই পর্বে অনুষ্ঠেয় এই প্লে-অফে বাংলাদেশের সামনে বাছাইপর্বের গ্রুপসঙ্গী তাজিকিস্তান। গত জুনে ঢাকায় বাছাইপর্বের খেলায় এই তাজিকিস্তানের বিপক্ষে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। নভেম্বরে এই তাজিকিস্তানই দুশানবেতে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশকে।
আজ কুয়ালালামপুরে এএফসি হাউসে আয়োজিত প্লে-অফের ড্র অনুষ্ঠিত হয়। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে প্রতিটি গ্রুপের শেষ স্থানে থাকা দলগুলোকে দুটি পটে ভাগ করে নেওয়ার পর হয় ড্র। ড্রয়ে বাংলাদেশ ও তাজিকিস্তান ছাড়াও অন্য দলগুলো ছিল মালয়েশিয়া, তিমুর-লেসতে, ভারত, মালদ্বীপ, লাওস, চায়নিজ তাইপে, ইয়েমেন ও কম্বোডিয়া।
এএফসির নতুন ফরম্যাটে ২০১৯ সালে আমিরাতে অনুষ্ঠেয় এশিয়ান কাপের চূড়ান্তপর্বে খেলবে মোট ২৪টি দেশ। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে প্রতিটি গ্রুপের শীর্ষ আট দল ও সেরা চার রানার্সআপ দল—মোট ১২টি দল স্বয়ংক্রিয়ভাবেই জায়গা পেয়ে গেছে এশিয়ান কাপের চূড়ান্তপর্বে। বাকি ১২টি স্থানের জন্য এখন লড়াই হবে প্লে-অফের ১১টি দল ও বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে ওঠা আরও ১৬টি দলের মধ্যে।
গ্রুপ পর্যায়ের ফলের ভিত্তিতে প্লে-অফের ১১টি দলের একটা র্যাঙ্কিং করেছে এএফসি। এদের মধ্যে ১১ নম্বর স্থানে থাকা ভুটান খেলবে প্লে-অফের দ্বিতীয় রাউন্ডে। বাংলাদেশ আছে ৯ নম্বরে, তাজিকিস্তান ১ নম্বরে। বাংলাদেশের ওপরে ক্রমানুসারে আছে তিমুর-লেসেতে (৮), ইয়েমেন (৭), ভারত (৬), লাওস (৫), মালয়েশিয়া (৪), মালদ্বীপ (৩) ও চায়নিজ তাইপে (২)।
প্লে-অফের প্রথম পর্ব পেরোনো ৫টি দল উঠে যাবে বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে। প্রথম পর্বে পরাজিত বাকি পাঁচটি দল পরেও সুযোগ পাবে এশিয়ান কাপ বাছাইয়ে পা রাখার। বাংলাদেশ তাজিকিস্তানের কাছে হেরে গেলে প্লে-অফের দ্বিতীয় পর্বে ভুটানের সঙ্গে খেলে তৃতীয় রাউন্ডে ওঠার আরেকটি সুযোগ পাবে। বাকি চার দল নিজেদের মধ্যে প্লে-অফ খেলবে। এখানে ব্যর্থ দলগুলোর ২০১৯ সাল পর্যন্ত প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ফুটবল খেলা হবে না।
প্লে অফের কে কার প্রতিপক্ষ:
বাংলাদেশ বনাম তাকিজিস্তান
ভারত বনাম লাওস
চায়নিজ তাইপে বনাম কম্বোডিয়া
মালদ্বীপ বনাম ইয়েমেন
মালয়েশিয়া বনাম তিমুর-লেসেতে