এশিয়ান কাপে খেলবেন মামুনুলরা, যদি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামুনুলরা কী পারবেন এশিয়ান কাপে জায়গা করে নিতে? ছবি: বাফুফের সৌজন্যে
মামুনুলরা কী পারবেন এশিয়ান কাপে জায়গা করে নিতে? ছবি: বাফুফের সৌজন্যে

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বরাবরই স্বপ্নবাজ মানুষ। খেলোয়াড়ি জীবনের ক্যারিশমা ধরে রেখেছেন বাফুফের গদিতে আসীন হয়েও। শুধু নিজেই স্বপ্ন দেখেননি, স্বপ্ন দেখিয়েছেন পুরো দেশকে-২০২২ ফুটবল বিশ্বকাপে খেলবে বাংলাদেশ! শুনতে পরাবাস্তব মনে হলেও এটা ঠিক যে, বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে তো আর জার্মানি-স্পেনের মতো পরাশক্তি হতে হবে না! জাপান-চীন কিংবা ইরানের মতো এশিয়ান মানের হলেই চলবে! কিন্তু এশিয়ান মান অর্জন করাটাই তো বাংলাদেশের মতো ফুটবল-শক্তির জন্য বিরাট এক চ্যালেঞ্জ।
২০২২ বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারুক বা না পারুক, ২০১৯ এশিয়ান কাপে খেলার ভালো সম্ভাবনাই কিন্তু আছে মামুনুলদের সামনে! আসন্ন ২০১৯ এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে ২৪টি দেশ। আর এতেই খুলে গেছে বাংলাদেশের ফুটবলের সামনে এশিয়ার সুবিশাল ও অবিশ্বাস্য বৈচিত্র্যময় ফুটবল জগতের দরজা! যদিও কিরগিজস্তানের বিপক্ষে ৩-১ গোলে হারের পর রং হারিয়েছে এশিয়ান কাপে খেলার স্বপ্ন, বাস্তবতার জমিনে পা পড়েছে প্রত্যাশার। তবুও স্বীকার করতেই হবে-'যদি', 'কিন্তু'-র ঘেরাটোপে হলেও আটকে আছে বাংলাদেশের এশিয়ান কাপে খেলার সম্ভাবনা।
পাঠকদের বুঝিয়ে বলা যাক। এবার বিশ্বকাপের বাছাইপর্ব এবং এশিয়ান কাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হচ্ছে একই সঙ্গে। এশিয়া থেকে বাছাইপর্বে অংশ নিচ্ছে ৪০টি দেশ। ৮টি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে দলগুলো। বাংলাদেশ খেলছে 'বি' গ্রুপে। একই গ্রুপে আছে কিরগিজস্তান, তাজিকিস্তান, জর্ডান এবং অস্ট্রেলিয়া। প্রতিটি গ্রুপ চ্যাম্পিয়ন এবং ৪টি সেরা রানার্সআপ দল অর্থাৎ, মোট ১২টি দল এশিয়ান কাপের মূল পর্বে তো খেলবেই এই ১২টি দলই বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডেও কোয়ালিফাই করবে। বাস্তবতার নিরিখে বলতেই হবে বাংলাদেশের পক্ষে শীর্ষ ১২-তে থাকা সম্ভব নয়।
২০১৯ সালের এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে ২৪টি দেশ নিয়ে। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের মাধ্যমে ২৪ টির মধ্যে ১২টি দল কীভাবে নিশ্চিত হবে, সেটা তো জানা গেল। বাকি আছে অন্য ১২টি দেশ। এই ১২টি স্লটের ১টি দখলের জন্যই লড়াই করবেন মামুনুলরা। বাকি ৪টি গ্রুপ রানার্সআপ দল, প্রতিটি গ্রুপের ৩য় স্থানপ্রাপ্ত দল এবং ৪টি সেরা ৪র্থ স্থানপ্রাপ্ত দল-অর্থাৎ মোট ১৬টি দল এশিয়ান কাপ বাছাইয়ের ৩য় রাউন্ডে সরাসরি কোয়ালিফাই করবে।
৮ বছর পর এএফসির কোনো টুর্নামেন্টের গ্রুপ পর্বে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক ফরম্যাটে খেলছে বাংলাদেশ। ঘরের বৃষ্টিভেজা কাদামাঠে কিরগিজস্তানকে হারাতে পারলেই বাংলাদেশের সামনে এশিয়ান কাপে খেলার সম্ভাবনা বেড়ে যেত বহুদূর। কিন্তু র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ পিছিয়ে থাকা কিরগিজদের কাছে হারে স্বপ্নটা ধূসরই হয়ে গেছে বাংলাদেশের। তবু বাংলাদেশ যদি ঘরের মাঠে তাজিকিস্তানের বিপক্ষে জয় লাভ করে এবং অ্যাওয়ে ম্যাচে কিরগিজ কিংবা তাজিক-যেকোনো একটি দলকে রুখে দিতে পারে, তাহলে 'বি' গ্রুপের ৫টি দলের মাঝে ৪র্থ হওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের! অস্ট্রেলিয়া ও জর্ডানের মতো ফুটবল শক্তির বিপক্ষে চারটি ম্যাচে যে বাংলাদেশ কোনো পয়েন্ট পাচ্ছে না—এটা না হয় ধরে নেওয়াই যেতে পারে।

ধরা যাক, একটি জয় এবং একটি ড্র নিয়ে গোল গড়ের হিসেব পেরিয়ে বাংলাদেশ গ্রুপে ৪র্থ স্থান দখল করেছে। তাহলে বাংলাদেশের সামনে এশিয়ান কাপ বাছাইপর্বের ৩য় রাউন্ডে সরাসরি সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু বাংলাদেশ যদি শেষ পর্যন্ত 'বি' গ্রুপের পাঁচ দলের মধ্যে পঞ্চম স্থানও লাভ করে, তবু কিন্তু কাগজে-কলমে বাংলাদেশের সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে না! ব্যাপারটা খোলাসা করা যাক।

১২টি দল সরাসরি সুযোগ পাচ্ছে এশিয়ান কাপে এবং ১৬টি দল সুযোগ পাচ্ছে এশিয়ান কাপ বাছাইপর্বের ৩য় রাউন্ডে। এশিয়া থেকে বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেওয়া মোট ৪০টি দেশের মাঝে ২৮টি দেশের হিসেব তো পরিষ্কার হলো। বাকি ১২টি দেশ? এই ১২টি দলগুলোর মধ্যে হোম-অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে জয়ী দলগুলো সুযোগ পাবে এশিয়ান কাপের বাছাইপর্বে তৃতীয় রাউন্ডে!

অর্থাৎ, সহজ করেই হোক কিংবা কঠিন করে, বাংলাদেশের ২০১৯ এশিয়ান কাপে খেলার সম্ভাবনা থাকছেই। সেই ১৯৮০ সালের পর এশিয়ান কাপে কোয়ালিফাই করার ভালো একটা সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। বাংলাদেশের ফুটবলের গৌরবময় অতীতকে ফিরিয়ে আনার এমন সুযোগ-মামুনুল-জামালরা দুই হাত ভরে লুফে নিতে পারবেন তো?