শহরটা মেতে উঠেছিল সরস্বতী পূজার উৎসবে। পাশ্চাত্যের পোশাকে অভ্যস্ত অহমিয়া মেয়েদের পরনেও কাল দেখা গেল শাড়ি। হুট করে কোনো বাঙালি দেখলে হয়তো বসন্ত উৎসবের সঙ্গে মিলিয়েও ফেলতে পারত। বাঙালির এমন বসন্তের দিনে মোটেও মাঠ রাঙাতে পারেনি বাংলাদেশ। উৎসব করেছে ভারতই। এসএ গেমসের ফুটবলে ছেলে ও মেয়ে দুটি দলই হেরেছে ভারতের কাছে। গুয়াহাটিতে পুরুষ দল সেমিফাইনালে হেরেছে ৩-০ গোলে। শিলংয়ে মেয়েরা অলিখিত ‘সেমিফাইনালে’ গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরেছে ৫-১ গোলে। দুটি দলই এখন ব্রোঞ্জ জিততে পারলে বর্তে যায়!
সাফ থেকে বঙ্গবন্ধু গোল্ড কাপ—বাংলাদেশের পুরুষ ফুটবলের নিবু নিবু সলতেটা এসএ গেমসে এসে হয়তো নিভেই গেল। ভারতের দ্বিতীয় সারির অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে কাল যেমন খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল তা মাঠে বসে দেখতে খুবই খারাপ লাগল। মাঠের খেলায় হার তো হয়েছেই। সহকারী রেফারির সঙ্গে তর্ক করে লাল কার্ড দেখেছেন কোচ গঞ্জালো মোরেনো। ম্যাচের শেষ ২৬ মিনিট গ্যালারিতে দর্শক হয়ে বসে থাকতে হয় এই স্প্যানিয়ার্ডকে।
ম্যাচ শেষে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিকস স্টেডিয়ামের প্রধান ফটক দিয়ে যখন টিম বাসে উঠছিলেন রেজাউল, হেমন্ত, জুয়েলরা—তাঁদের চেনা যাচ্ছিল না। কেউই যে মাথা উঁচু করেননি!
উত্তেজিত জামাল ভূঁইয়া লিয়াজোঁ কর্মকর্তার সঙ্গে তো তর্কই জুড়ে দেন। মাঠেও রেফারির সিদ্ধান্ত মানতে পারেননি। একাধিকবার নিয়ন্ত্রণ হারিয়েছেন নিজের ওপর। ম্যাচ শেষে প্রধান রেফারি নেপালের লাবা খাতরিকে কিছু একটা বলতে গিয়েছিলেন, রেফারি তাঁকে লাল কার্ড দেখিয়ে দেন। নিজের এই রূপান্তরের ব্যাখ্যাটা জামাল নিজেই দিয়েছেন পরে, ‘এমন হারের পর কোনো অজুহাত খুঁজতে চাই না। খেলতে পারিনি বলেই হেরেছি। রেফারিকেও দোষ দেব না। আসলে আমি পরাজয়কে ঘৃণা করি। মাঠে হারছিলাম বলে মাথা ঠিক রাখতে পারিনি।’
পরিকল্পনাহীন বাংলাদেশ দল প্রথম দুটি গোল খেয়েছে অভিজ্ঞতম ফুটবলার রেজাউল করিমের ভুলে। মাঝমাঠ একেবারে অন্তঃসারশূন্য। ভারতের ফুটবলারদের কাছ থেকে বল কেড়ে নেওয়ার ইচ্ছা বা সামর্থ্য কোনোটাই জামালদের ছিল বলে মনে হয়নি। ছিল শুধু ভুল পাসের ছড়াছড়ি। গত এসএ গেমসের সেমিফাইনালে হারের প্রতিশোধটা সুযোগ পেয়ে নির্মমভাবেই নিল ভারত।
আগের দুই ম্যাচে খেললেও কাল একাদশে ছিলেন না হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। পরশু অনুশীলনে টান লাগে তাঁর পায়ের পেশিতে। সেমিফাইনালে এই মিডফিল্ডারের অভাবটা বোঝা গেছে ভীষণভাবেই। কখনোই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি বাংলাদেশ। ২১ মিনিটে কুমান উদান্ত সিং এগিয়ে নেন ভারতকে। বক্সের সামান্য বাইরে দাঁড়ানো রেজাউল কুমানের কাছ থেকে বল কেড়ে নেওয়ার কোনো চেষ্টাই করেননি! ৪১ মিনিটে গারমানপ্রিত সিংয়ের ক্রস থেকে দূরপাল্লার জোরালো শটে ব্যবধান বাড়ান ফরোয়ার্ড মাহিমিনতাঙ্গা। ৫৮ মিনিটে বক্সের মধ্যে নাবিব নেওয়াজ জীবনকে ফেলে দেন ভারতীয় ডিফেন্ডার। কিন্তু পেনাল্টি দেননি রেফারি! ম্যাচের ৬৭ মিনিটে ভারতের গোলরক্ষক রেহেনেশ টপির হাত ফসকে বেরিয়ে যায় বল, সেই বল থেকেও গোল করতে পারেননি কাছেই থাকা জীবন! ৬৪ মিনিটে ভারতের জয় নিশ্চিত হয় জায়েশ দিলীপের গোলে। ম্যাচ শেষে সহকারী কোচ গোলাম জিলানি সংবাদ সম্মেলনে এসে অসহায় কণ্ঠে বললেন, ‘ছেলেরা মোটেও ভালো খেলেনি। তিন-চারটি ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বলেই হেরেছি।’
মেয়েরাও বিধ্বস্ত: শিলংয়ের জওহরলাল নেহরু স্পোর্টস কমপ্লেক্স মাঠে ভারতের কাছে হেরেছে ৫-১ গোলের ব্যবধানে। ৬৪ মিনিটে বাংলাদেশের একমাত্র গোলটি করেছেন সাবিনা।