এসি মিলান এখন এতই খারাপ

>আটালান্টার কাছে পাঁচ গোল খেয়ে বছর শেষ করেছে এসি মিলান। এই দশকে মিলানের দুর্দশার প্রতিচ্ছবিই যেন ছিল ম্যাচটা।
দশকের শুরুর দিকে সেই ২০১১ সালে সবশেষ লিগ জিতেছিল এসি মিলান। জ্লাতান ইব্রাহিমোভিচ, থিয়াগো সিলভা, ক্লারেন্স সিডর্ফ, আলেসান্দ্রো নেস্তা, আন্দ্রেয়া পিরলো, রবিনহোদের নিয়ে দলটা তখন নতুন দশকে আবারও ইতালিতে নিজেদের রাজত্ব করার স্বপ্ন দেখছিল যেন। কিন্তু ঘুণাক্ষরেও কি তারা ভেবেছিল, এই দশকে শুধু বেদনাই সঙ্গী হবে তাদের?
লিগ জিতিয়ে ইব্রাহিমোভিচ, সিলভারা পাড়ি জমান পিএসজিতে। সিডর্ফ, নেস্তাদের যুগ হয়ে যায় শেষ। বাজেভাবে ফর্ম হারান রবিনহো, পাতোরা। পিরলোর গুরুত্ব না বুঝতে পেরে তাঁকে ছেড়ে দেয় মিলান। মিলানের মুকুট থেকে অবহেলায় পড়ে যাওয়া সে রত্নটাই সবচেয়ে বড় শত্রু জুভেন্টাসে গিয়ে তাদের আবারও ইতালির রাজা বানিয়ে দেন। ওদিকে মিলান ক্রমশ নামতে থাকে নিচের দিকে। মিলানের পতন যে কত প্রকট হয়েছে এই দশকে, সেটারই যেন একটা হাইলাইটস দেখা গেল গতকাল। লিগে আটালান্টা ৫-০ গোলে হারিয়েছে তাদের।
গত ২১ বছরে এত বড় ব্যবধানে কখনো হারেনি মিলান। সবশেষ সেই ১৯৯৮ সালে ফ্রান্সেসকো টট্টির এএস রোমার বিপক্ষে পাঁচ গোলের ব্যবধানে হেরেছিল তারা।
গতকাল দশ মিনিটেই পিছিয়ে যায় মিলান। দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো পাপু গোমেজ। প্রথমার্ধে এই একটি গোলই হয়েছে। আটালান্টার আসল গোল উৎসব শুরু হয় দ্বিতীয়ার্ধে। মিলানের দুর্বল রক্ষণের সঙ্গে রীতিমতো ছেলেখেলা করে দলটা। ৬১ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মারিও পাসালিচ। কয়েক বছর আগে এই পাসালিচ মিলানেই খেলতেন। পরের দশ মিনিটে জোড়া গোল করে ম্যাচটাকে মিলানের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান স্লোভেনিয়ার উইঙ্গার ইয়োসিপ ইলিচিচ। ৮৩ মিনিটে আটালান্টার হয়ে সর্বশেষ গোল করেন কলম্বিয়ার স্ট্রাইকার লুইস মুরিয়েল। মিলান মাঠ ছাড়ে ৫-০ গোলের হতাশা নিয়ে।
যেটি গত এক দশকে মিলানের সামগ্রিক হতাশারই প্রতিচ্ছবি!