এসে গেছে শ্রীলঙ্কা দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে ২০১৬ বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল। বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে উদ্বোধনী ম্যাচটি খেলতে গতকাল সন্ধ্যায় শ্রীলঙ্কা দল যশোরে পৌঁছেছে। ২০১৪ সালের সেপ্টেম্বরে এই শ্রীলঙ্কাই যশোরে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে গেছে।
গতকাল টুর্নামেন্ট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাফুফের সহসভাপতি বাদল রায় বলেন, ‘ফুটবল-বিশ্বের নজর এখন বঙ্গবন্ধু গোল্ড কাপের দিকে। যশোরের প্রস্তুতিতে আমরা সন্তুষ্ট। যশোর অনেক নামী ফুটবলারের জন্ম দিয়েছে। যশোরে ফুটবলের ঐতিহ্য রয়েছে। সেই বিবেচনায় যশোরে আন্তর্জাতিক ফুটবলের ভেন্যু হতেই পারে।’
যশোরে বঙ্গবন্ধু গোল্ড কাপের চারটি ম্যাচ হবে। প্রতি ম্যাচের জন্য ১৮টি পয়েন্ট থেকে ১২ হাজার টিকিট ছাড়া হবে। দুপুর ১২টায় শামস-উল হুদা স্টেডিয়ামের সাতটি ফটক খুলে দেওয়া হবে। জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত সম্মেলনকক্ষে জেলা প্রশাসক হুমায়ুন কবীর নিজেই আয়োজনগত এসব তথ্য জানিয়েছেন। জেলা পুলিশ সুপার আনিছুর রহমান জানিয়েছেন, বিমানবন্দর থেকে শুরু করে, খেলার মাঠ, আবাসিক হোটেল—সব জায়গায় প্রতিটি দল ও দলের প্রতিটি খেলোয়াড়কে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে।
ফুটবল উৎসব ঘিরে যশোর সেজেছে নতুন রূপে। চেনা স্টেডিয়ামকে অচেনা মনে হচ্ছে। সাফ ফুটবলে বাংলাদেশ দলের ব্যর্থতার পর এই টুর্নামেন্টে ভালো কিছু হবে, এমন প্রত্যাশায় তাকিয়ে আছে যশোরের মানুষ।