এসেই অনুশীলনে জাপানি যুবারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা এসেই অনুশীলনে নেমে গেল জাপান যুব ফুটবল দল। কাল রাজারবাগ পুলিশ লাইন মাঠে l প্রথম আলো
ঢাকা এসেই অনুশীলনে নেমে গেল জাপান যুব ফুটবল দল। কাল রাজারবাগ পুলিশ লাইন মাঠে l প্রথম আলো

সন্ধ্যা নেমেছে। রাজারবাগ পুলিশ লাইন মাঠে তবু উৎসাহী দর্শকের ভিড়। চোখের সামনে জাপান অনূর্ধ্ব-২১ ফুটবল দলের অনুশীলন দেখার সুযোগ! একফাঁকে দেখা গেল জাপানি যুবারা সবাই মিলে খানিকের জন্য ‘ব্যাঙ’ হয়ে লাফালেন। এই পর্বটা সবারই চোখ কাড়ল আলাদা করে।
দেখে মনে হলো না, জাপানের যুব দলটি বাংলাদেশে আসলে প্রীতি ম্যাচ খেলতে এসেছে। বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে এই ম্যাচ শুরু হবে আগামীকাল বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে। জাপান যুব দলের কোচ আকিবা তাদাহিরো কাল দল নিয়ে ঢাকায় নেমে যতই দোভাষীর সাহায্য নিয়ে বলুন, ‘আমরা বাংলাদেশে এসেছি ম্যাচটা উপভোগ করতে’, তাঁরা কিন্তু যথেষ্টই সিরিয়াস। নইলে ঢাকায় নেমে হোটেলে ব্যাগ রেখেই কেন যানজট ঠেলে ছুটবেন অনুশীলনে!
দেড় ঘণ্টার সেই অনুশীলনে থাকল অনেক বৈচিত্র্য আর পেশাদারির ছোঁয়া। নতুন জায়গায় এসে মানুষ তো কৌতূহলী চোখে এদিক-সেদিক একটু তাকায়। কিন্তু তাদাহিরো এবং তাঁর যুবাদের সেদিকে ভ্রুক্ষেপ নেই। মাঠে এসেই অনুশীলনে শতভাগ মনোযোগ। কোচের নির্দেশে টিম ম্যানেজমেন্টের একজন মাঠের বাইরে একটা বড় অংশে দাগ কেটে দিলেন, ওই অঞ্চলে যেন কেউ ঢুকতে না পারে।
রাজারবাগ পুলিশ লাইন মাঠে আসা তাৎক্ষণিক সিদ্ধান্তে। বাংলাদেশে জাপানি দলের প্রথম অনুশীলন সেশনটা বুয়েট মাঠে করার কথা ছিল। কিন্তু কাল বিজয় দিবসে যানজটের কারণে সেখানে যাওয়াই সম্ভব হয়নি। তা-ও রক্ষা যে মাঠ পাওয়া গেল!
সাংবাদিকেরা সেখানে কোচের কথা শুনতে অপেক্ষায় থাকলেন পুরোটা সময়। কিন্তু কোচের মুখে তালা। বিমানবন্দরে বলেছেন, ‘বাংলাদেশ সম্পর্কে কোনো ধারণা নেই। আমরা আগামী রিও অলিম্পিক সামনে রেখে এই দলটাকে তৈরি করছি। তারই অংশ হিসেবে বাংলাদেশে আসা।’
এলেন বিশেষ একটা দিনে। বিশেষ উপহারও পেলেন তাই। এমনিতে ফুলটুল তো থাকেই। এর সঙ্গে বাংলাদেশের পতাকাসংবলিত একটা স্মারক অতিথিদের হাতে তুলে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কোচের কথা যিনি অনুবাদ করে দিচ্ছিলেন, সেই জাপান দলের প্রশাসনিক কর্মকর্তা বলছিলেন, ‘বাংলাদেশে বিজয় দিবস আজ, এটা আমরা জানি।’
দলের সঙ্গী তিন জাপানি সাংবাদিকেরও তা জানা আছে। দলের কেউ যখন কথা বলবেন না, তথ্য পেতে সাংবাদিকেরাই ভরসা। তবে অনুশীলনে খেলোয়াড়দের মতো তাঁরাও নিজেদের কাজে ব্যস্ত। একজন আলো-আঁধারির মধে৵ও ছবি তুলে গেলেন। বাকি দুজনের একজন যেসব তথ্য দিলেন তা এ রকম—জাপানের কন্ডিশনের চেয়ে বাংলাদেশের কন্ডিশন ও মাঠ পুরোপুরি ভিন্ন। কাজেই ভিন্ন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া হবে জাপানের এই যুব দলটির জন্য অন্য রকম একটা অভিজ্ঞতা।
২২ খেলোয়াড়ের ২১ জনই জে-লিগে খেলেন। সেরা স্ট্রাইকার কুবা ইয়ো খেলেন সুইজারল্যান্ডে। দলের সঙ্গে এটিই তাঁর প্রথম সফর। ১৪ ডিসেম্বর ব্যাংককে থাইল্যান্ড যুব দলের সঙ্গে খেলেছেন ৩০ মিনিট। বলতে বলতে তাঁরা ছুটলেন হোটেলে। সবার মধ্যেই তাড়া। জাপান বলে কথা!