এসেই কাজে নামলেন সাইফের নতুন কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্বিয়ান কোচ নিকোলা কাভাজোভিচকে বরখাস্ত করে দ্রুতই নতুন কোচ নিয়োগ দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। কাভাজোভিচের উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে থাকা ঘানাইয়ান বংশোদ্ভূত ব্রিটিশ কোচ কিম গ্র্যান্টই সেই কোচ। ঢাকায় এসে কাজেও নেমে পড়েছেন ৪৪ বছর বয়সী গ্র্যান্ট। বসুন্ধরা আবাসিক এলাকায় চলছে দলটির ক্যাম্প।
প্রিমিয়ারে এই প্রথম নাম লেখানো সাইফ স্পোর্টিং সবকিছুই খুব দ্রুত করছে। ঢাকার ফুটবলে ব্যতিক্রমী উদাহরণ গড়ে দলটি এক মাসের কন্ডিশনিং ক্যাম্প করে এসেছে কলকাতায়। সেখানেই কাভাজোভিককে বরখাস্ত করে দলটি। দিন দশেকের মধ্যেই নতুন বিদেশি কোচ নিয়ে এল সাইফ।
একজন বিদেশি ফুটবলারও এনেছে দলটি। ডেইনার কর্দবা নামের এই মিডফিল্ডার কলম্বিয়া অনূর্ধ্ব-২০ দলে খেলেছেন বলে জানিয়েছেন সাইফের কর্মকর্তা নাসিরউদ্দিন চৌধুরী। ইন্টারনেট ঘেঁটে অবশ্য এই তথ্য নিশ্চিত হওয়া যায়নি। তবে এটা নিশ্চিত, কোনো কলম্বিয়ান ফুটবলারের এই প্রথম বাংলাদেশের ক্লাবে আসা।